ইলিয়েভস্কির তরুণেরা হারিয়ে গেলেন!
বড় আশা করে গত সাফ দলে বেশ কয়েকজন তরুণকে সুযোগ দিয়েছিলেন কোচ নিকোলা ইলিয়েভস্কি। কিন্তু সেই তরুণদের অনেকেই ঝরে গেলেন একটা টুর্নামেন্ট শেষেই। গোলরক্ষক সোহেল, স্ট্রাইকার অনিক, মালেক, তৌহিদরা সুযোগ পাননি নেপালগামী ২৮ জনের প্রাথমিক দলে। ইলিয়েভস্কির পছন্দের গোলরক্ষক মামুন খানও নেই এই তালিকায়। ফুটবলারদের ধারাবাহিকতার কত অভাব—এটাই আবার তা জানিয়ে দিচ্ছে।তবে এঁদের সরিয়ে এই দলে জায়গা পেয়েছেন আনোয়ার, সোহেল রানা, রায়হান, মোস্তাকের মতো তরুণেরা। জাতীয় দলের খেলার স্বপ্ন আঁকছেন তাঁরা বুকে। সেই সুযোগ মিলে যেতে পারে ১৮ ও ২০ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রদর্শনী ম্যাচে।ওই সুযোগ নিতে মরিয়া হয়ে আছেন গত বছর চোটের কারণে ঘরোয়া ফুটবলে অনুপস্থিত এনামুল। প্রায় দুই বছর জাতীয় দলের বাইরে থাকা এই স্ট্রাইকারকে গতকাল ঘোষিত ২৮ জনের দলে রেখেছেন অন্তর্বর্তী কোচ সাইফুল বারী। তবে চোটের কারণে ক্যাম্পে যোগ দিতে না পারা ডিফেন্ডার আরিফুল ও নাসিরও নেই কাঠমান্ডুগামী দলে। সাফ দলের অধিনায়ক বিপ্লব এবার ৮১ জনের তালিকাতেই আসতে পারেননি।এই ২৮ জনকে নিয়ে চার-পাঁচ দিনের অনুশীলনের পর চূড়ান্ত হবে ২৩ জনের দল। ৭৭ জন খেলোয়াড় নিয়ে ১২ দিনের ব্যতিক্রমী ক্যাম্পটা শেষ হয়েছে গতকালই। দলে ঢোকার জন্য অনুশীলন ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতাই হয়েছে খেলোয়াড়দের মধ্যে।নেপালের ম্যাচ দুটির আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের চেষ্টা চলছে। নেপাল ফুটবল ফেডারেশনের প্রধান গণেশ থাপা এ ব্যাপারে উদ্যোগ নেবেন বলে জানিয়েছে বাফুফে। স্বীকৃতি মিললে এটিই হবে বাংলাদেশের প্রথম ফিফা-স্বীকৃত প্রীতি ম্যাচ।এভাবে আগে কখনো জাতীয় দলের ক্যাম্প হয়নি। সেদিক থেকে এটা ব্যতিক্রমী উদ্যোগ। লিগ শেষ হওয়ার পর খেলোয়াড়দের ফিটনেস শূন্যে নেমে যায়। এই ক্যাম্পে আসা বেশিরভাগ খেলোয়াড়েরই ফিটনেস ছিল না। এদিক দিয়েও ক্যাম্পটা অনেক উপকারের মনে করছেন কোচ সাইফুল, ‘খেলোয়াড়দের ফিটনেসের উন্নতি হয়েছে। এটাই এই ক্যাম্পের বড় প্রাপ্তি।’নির্বাচিত ২৮ খেলোয়াড়মোস্তাক, হিমেল, জিয়া, টিটু, মিশু, ওয়ালী, সুজন, লিংকন, মামুন মিয়া, রেজাউল, রায়হান, জিতু, আলমগীর রানা, প্রাণতোষ, মামুনুল, মেজবাহ মানিক, শাহেদ, শওকত রনি, জাহিদ, সোহেল রানা, শাকিল, নাসিরউদ্দিন, এমিলি, মিঠুন, কোমল, আনোয়ার, এনামুল, সবুজ।