ইলিয়েভস্কির দল নিয়ে নাটক!
জাতীয় দল নিয়ে ভালোই নাটক করছে বাফুফে। কাল রাতে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, পাকিস্তানের বিপক্ষে ম্যাচের ২৭ জনের প্রাথমিক দলের সঙ্গে আরও ৮ জন যোগ হবেন নতুন তালিকায়! এর মানে, লেবাননের বিপক্ষে বিশ্বকাপের প্রাক-বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের জন্য ৩৫ জনকে ডাকল বাফুফে!অথচ কাল বিকেলে কোচ নিকোলা ইলিয়েভস্কি এ প্রতিবেদককে বলেছিলেন, ‘১৯ জন খেলোয়াড় চূড়ান্ত করেছি। এর মধ্যে নতুন চারজন। আর একজনকে নেব।’ নতুন চারজনের নামও বলে দিয়েছিলেন—অবসরে যাওয়া গোলরক্ষক আমিনুল এবং ওয়ালী ফয়সাল, সুজন ও মোহামেডানের শরিফুল।কিন্তু রাতে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সঙ্গে সভার পর সব বদলে যায়। যোগ হয় আরও চারটি নাম—মোহামেডানের তৌহিদুল আলম ও আবদুল হামিদ ভাসানী, ব্রাদার্সের ফয়সাল মাহমুদ ও আবাহনীর গোলরক্ষক জিয়াউর রহমান। আগের ২৭ জন তো আছেনই।২৩ জুলাই বৈরুতে প্রথম ম্যাচ। ৩৫ জন খেলোয়াড়কে ডেকে কখন তাঁদের দেখবেন কোচ, সেটা এক বড় প্রশ্ন। আমিনুল, রজনী, মতিউর মুন্নারা বাফুফেতে চিঠি দিয়ে অবসরের কথা জানিয়ে দিয়েছেন। এই খেলোয়াড়েরা ফিরবেন না, এটাও বাফুফের জানা। তার পরও হঠাৎ করে রজনী, মতিউর মুন্নাদের ডাকাকে অনেকে বলছেন স্রেফ রসিকতা!মেসিডোনিয়ান কোচ আমিনুলকে অনুরোধ করলেও সাবেক অধিনায়ক ফেরার আগ্রহ দেখাননি। তবে কোনো যুক্তিই গ্রহণ করছেন না কোচ, ‘জাতীয় দলের প্রয়োজনে কেন সে খেলবে না? অবশ্যই খেলা উচিত।’