ইলিয়েভস্কির ফুটবলময় দিন
৭৫ জন খেলোয়াড় নিয়ে জাতীয় দলের কোচ তিনটি অনুশীলন ম্যাচ আয়োজন করছেন—বাংলাদেশের ফুটবলে এমন দিন আগে দেখা যায়নি। নিকোলা ইলিয়েভস্কির কল্যাণে কাল খেলোয়াড়, সংগঠক সবাই এই ব্যতিক্রমী ঘটনাটার সাক্ষী হলেন। বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রতিটি ম্যাচ ছিল ৪৫ মিনিটের। ২২ মিনিট পর মিনিট দুয়েকের পানি-বিরতি। প্রথমে জাতীয় দল-এ খেলল অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলের সঙ্গে। তারপর জাতীয় দল-বি খেলেছে অনূর্ধ্ব-২২ দলের সঙ্গে। সবশেষে অনূর্ধ্ব-২১ বনাম অনূর্ধ্ব-১৯ ‘বি’।হোক অনুশীলন ম্যাচ, তবু ম্যাচের ফলাফল গৌণ নয়। আর এতে দেখা যাচ্ছে, জাতীয় দলের অবস্থা বেশ খারাপ। অনেক দিন অনুশীলনে না থাকায় খেলোয়াড়দের ফিটনেসে ব্যাপক ঘাটতি। এরই ফল অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলের কাছে জাতীয় দলের ২-১ গোলে হার। অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলের দুটি গোলই সজীবের। ২-০ হওয়ার পর শেষ মুহূর্তে জাতীয় দলের হয়ে ব্যবধান কমান শাখাওয়াত রনি। জাতীয় দল-‘বি’ গোলশূন্য ড্র করেছে অনূর্ধ্ব-২২-এর সঙ্গে। সোহেল রানা, সোহেল, মোখলেসের গোলে অনূর্ধ্ব-১৯ ‘বি’-এর বিপক্ষে অনূর্ধ্ব-২১ জিতেছে ৩-১ গোলে।বঙ্গবন্ধু স্টেডিয়ামে এত বিপুলসংখ্যক খেলোয়াড় মাঠের মধ্যে জার্সি-শর্টস পরেছেন, দেখতে বেখাপ্পা লেগেছে। এটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইলিয়েভস্কি। তবে পুরোনো দুটি ড্রেসিংরুম নাকি খোলাই ছিল, সেটা জানতেন না বাফুফের কেউ। ঘটনা যা-ই হোক, আগামী পরশু একইভাবে এই দলগুলোকে নিয়ে আরও তিনটি ম্যাচ আয়োজন করবেন কোচ। বলে দিয়েছেন, সেদিন পুরোনো দুটি ড্রেসিংরুম তাঁর চাই-ই চাই।বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির একজন মাত্র সদস্য মাঠে ছিলেন (হাসানুজ্জামান খান)। ব্যবস্থাপনা কমিটির অন্য সদস্যরা এই আয়োজন দেখার প্রয়োজন বোধ করেননি!ইলিয়েভস্কি আগেই বলেছিলেন, আগামী মাসে ঢাকায় এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলের প্রস্তুতি, ডিসেম্বরে সাফ ফুটবলের জন্য জাতীয় দল গঠনই তাঁর মূল কাজ। সেই লক্ষ্যে খেলোয়াড়দের জন্য এই পরীক্ষার ‘ব্যবস্থা’। তৃতীয় ম্যাচটা যখন চলছিল, বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর আবু জোবায়ের ম্যাচ দেখতে দেখতে বলছিলেন, ‘অনেক আগেই জাতীয় দলের একটা ব্যাকআপ টিম গঠনের ওপর জোর দিয়েছিলাম। ফেডারেশনকে আমি সেটা বলেওছিলাম। যা-ই হোক, এখন ইলিয়েভস্কি যেটা করছেন, মূলত জাতীয় দলের একটা ব্যাকআপ টিমই দাঁড় করাচ্ছেন তিনি।’ এই ব্যতিক্রমী বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এসেছেন আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস। জাতীয় দল-‘এ’র ২-১ গোলে হার দেখে বললেন, ‘জাতীয় দলের খেলোয়াড়দের ফিটনেসের অভাব। ঘরোয়া ফুটবল শেষ হওয়ার পর গত কিছুদিন ওরা যে প্র্যাকটিস করেনি, সেটা ভালোই বোঝা গেছে।’জাতীয় দল-‘এ’র হয়ে খেলা মিডফিল্ডার প্রাণতোষ প্রকারান্তরে সেটি মেনেও নিলেন। তবে আবাহনীর গত মৌসুমের অধিনায়ক হাসতে হাসতে যোগ করলেন, ‘অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলের খেলোয়াড়েরা মেরে খেলেছে। খেলাটাই কঠিন হয়ে দাঁড়িয়েছিল আমাদের জন্য।’ইলিয়েভস্কির পর্যবেক্ষণ কী? বললেন, ‘কয়েকজন খেলোয়াড়কে আমার ভালো লেগেছে—অনূর্ধ্ব-২২ দলের নাম্বার টোয়েন্টি (ইমন বাবু), জাতীয় দল-‘বি’র নাম্বার ফিফটিন (লিংকন), অনূর্ধ্ব-২১ দলের গোলরক্ষক (সোহেল), অনূর্ধ্ব-২২ দলের গোলরক্ষক (মোস্তাক)। তবে জাতীয় দলের পারফরম্যান্স দেখে খুশি নই। ওরা অনুশীলনের মধ্যে নেই। ফিটনেসে সমস্যা।’জাতীয় দলের খেলোয়াড়েরা সতর্কবার্তাই পেলেন।