ইলিয়েভস্কির সাফ দলে চার নতুন
বাংলাদেশে আসার পর থেকেই তারুণ্যের পতাকা উড়িয়ে চলেছেন। তবে তরুণেরা যে সব সময়ই তাঁকে খুশি করতে পেরেছে, তা নয়। ‘এই তরুণদের আরও অভিজ্ঞতা দরকার। জাতীয় দলে খেলার সামর্থ্য এখনো তাদের হয়নি’—নিকোলা ইলিয়েভস্কি খোলাখুলিই বলতেন। এর পরও সাফ ফুটবলের ২৪ জনের দলে ৭ জন নতুন খেলোয়াড়কে রেখে ইঙ্গিত দিয়েছিলেন, শেষ পর্যন্ত তরুণেরাই তাঁর ভরসা। ওই তরুণদের মধ্যে একেবারেই নতুন চারজনকে সুযোগ করে দিয়ে কাল ২০ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছেন বাংলাদেশের কোচ। মালয়েশিয়ায় অনুশীলন ম্যাচ খেলে এসে কাল দুপুরে ইলিয়েভস্কি জানান, আজ শেখ জামালের সঙ্গে অনুশীলন ম্যাচ খেলে দল চূড়ান্ত করবেন। তবে কাল রাতেই দল জানিয়ে দেওয়া হয়েছে। শৃঙ্খলাভঙ্গের জন্য শাস্তি পাওয়া দুই স্ট্রাইকার জাহিদ হাসান (এমিলি) ও মিঠুন চৌধুরী দলে আছেন। সাফ খেলার অভিজ্ঞতা নিয়ে দলে আছেন বিপ্লব, সুজন, এমিলি, মামুনুল, প্রাণতোষ, আতিকুর (মিশু)।একেবারেই নতুন মুখ চাঁপাইনবাবগঞ্জের স্ট্রাইকার আবদুল মালেক, নারায়ণগঞ্জের শাহ আলমগীর, চট্টগ্রামের মিডফিল্ডার শাহেদুল আলম ও গোলরক্ষক শহিদুল আলম। প্রথম তিনজন অনূর্ধ্ব-১৯ দল খেকে সরাসরি এলেন জাতীয় দলে। আলমগীর টেলিফোনে বললেন, ‘দলে টিকে থাকার চেষ্টা করতে হবে। তাই এটা আমাদের তরুণদের জন্য একটা চ্যালেঞ্জ।’ তৌহিদুল আলমও এক অর্থে নতুন। বিশ্বকাপ বাছাইপর্বে দলে থাকলেও জ্বরের কারণে লেবানন যেতে পারেননি। ঢাকায় ফিরতি ম্যাচে দলে থেকেও খেলতে পারেননি।২৪ জনের দল থেকে বাদ পড়েছেন আলমগীর রানা, তপু বর্মণ, ওয়াহেদ। কিছুটা সিনিয়র হয়ে যাওয়া মিডফিল্ডার শাকিলও বাদ পড়েছেন। এর মধ্যে রানা ও শাকিল ছিলেন মালয়েশিয়া যাওয়া দলে। রানা মালয়েশিয়ার ম্যাচে ৯০ মিনিট খেলেছেন। ঢাকায় অনুশীলন ম্যাচগুলোয় তাঁকে খেলানো হয়েছে। বাদ পড়লেন একেবারে শেষ মুহূর্তে।জানা গেছে, শাকিলকে কোচ বলেছেন, ‘তুমি আমার পছন্দের খেলোয়াড়। তবে এ মুহূর্তে আমি যা চাই, সেটি তোমার কাছ থেকে পাচ্ছি না। তাই তোমাকে বিবেচনায় নিতে পারলাম না।’ দুপুরে তিনি বলছিলেন, সুজনসহ কয়েকজন সিনিয়রের পারফরম্যান্সে খুশি নন। তরুণদের দিকেই তাকিয়ে আছেন।২-১১ ডিসেম্বর দিল্লিতে সাফ ফুটবল। ‘বাংলাদেশের জন্য এই টুর্নামেন্ট বিশ্বকাপ’—বলছেন গোলরক্ষক বিপ্লব। তাঁর কথা, ‘কোচ যাদের ভালো মনে করেছেন, দলে রেখেছেন। সবাই স্বাভাবিক খেলাটা খেলতে পারলে ফল ভালো হবে। নতুনদের বুঝতে হবে, কোচ কী চান। তাদের ওপর অনেক দায়িত্ব।’মুক্তিযোদ্ধা কোচ শফিকুল ইসলাম (মানিক) দল দেখে খানিকটা অবাক, ‘সাফ দলে আরও অভিজ্ঞতার দরকার ছিল। এটা পরিপূর্ণ দল নয়। কোচ একটা চমক দিয়েছেন।’২০ জনের দলবিপ্লব, মামুন খান, শহিদুল আলম (সোহেল), নাসির, সুজন, মামুন মিয়া, আরিফ, রেজাউল, আবদুল বাতেন (কোমল), প্রাণতোষ, মানিক, ইমন বাবু, শাহেদ, মামুনুল, আতিকুর (মিশু), তৌহিদ, আলমগীর, জাহিদ হাসান (এমিলি), মালেক, মিঠুন।