ইশান্ত শর্মাকে ফকনারের সান্ত্বনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুঃস্বপ্নের মতো ওভারটি শেষ করার পর স্পষ্টই বোঝা যাচ্ছে ইশান্ত শর্মার হতাশা।
দুঃস্বপ্নের মতো ওভারটি শেষ করার পর স্পষ্টই বোঝা যাচ্ছে ইশান্ত শর্মার হতাশা।

ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেটি প্রায় হারতেই বসেছিল অস্ট্রেলিয়া। শেষ মুহূর্তে ৪ উইকেটের জয়টা সফরকারীরা পেয়েছে জেমস ফকনারের দুর্দান্ত ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে। ভারতীয় বোলারদের ওপর নির্দয়ভাবেই চড়াও হয়েছিলেন ফকনার। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে বেশ লজ্জাজনক অবস্থার মুখেই পড়তে হয়েছে ইশান্ত শর্মাকে। ভারতীয় এই পেসারের এক ওভারেই যে ফকনার নিয়েছিলেন ৩০ রান। তবে মাঠের লড়াইয়ে কোনো সহানুভূতি না দেখালেও ম্যাচ শেষে সেই ইশান্তকেই সান্ত্বনা দিয়েছেন ফকনার।

গতকাল মোহালিতে জয়ের জন্য শেষ ১৮ বলে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ৪৪ রান। সন্দেহ নেই যে লক্ষ্যটা বেশ কঠিনই ছিল। কিন্তু ৪৮তম ওভারেই ভারতের প্রায় নিশ্চিত জয়ের স্বপ্নটা তছনছ করে দেন ফকনার। ইশান্তের করা সেই ওভারের শুরুটা তিনি করেছিলেন চার মেরে। পরের দুই বলে টানা দুটি ছয়। চতুর্থ বলটায় নিয়েছিলেন দুই রান। শেষ দুই বলে আবারও দুই ছয়। এ রকম একটা ওভার যেকোনো বোলারের জন্যই দুঃস্বপ্ন। শেষ মুহূর্তে ভারতকে ম্যাচটা হারতেও হয়েছে এই ওভারটার জন্যই। তবে এখন এটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে না নেওয়ার জন্যই ইশান্তের প্রতি আহ্বান জানিয়েছেন ফকনার। কে জানে, নিজেও পেস বোলার বলেই হয়তো ইশান্তের মানসিক অবস্থাটা তিনি ভালোমতোই অনুমান করতে পারছেন। ম্যাচ শেষে ফকনার বলেছেন, ‘এই রকম পর্যায়ে বল করতে গেলে সব সময়ই অনেক চাপ থাকে। আমি এটা জানি। কারণ এ রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাকেও যেতে হয়েছে। এ রকম কিছু দিন আসে যখন মাঠে নিজেকে খুবই তুচ্ছ মনে হয়। আমারও এ রকম বেশ কয়েকবারই হয়েছে। কাজেই এটা নিয়ে এত চিন্তার কিছু নেই। কখনো হয়তো তোমার একটা ভালো ওভারেই দল পাবে জয়ের স্বাদ। এটাই ক্রিকেট।’

ব্যাট-বলের লড়াইয়ে নিষ্ঠুর ভূমিকায় দেখা গেলেও ফকনার তা হলে নরম মনেরই মানুষ!— পিটিআই