ইশান্ত-সামিতে বিধ্বস্ত নিউজিল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভালোবাসা দিবসের’ টেস্ট। কিন্তু গোলাপের বদলে সবুজ ঘাসের উইকেট নিয়ে ভারতের জন্য অপেক্ষা করছিল নিউজিল্যান্ড। নিজেদের তৈরি করা ফাঁদেই যে পা দিতে হবে তখন কি আর জানতেন ব্রেন্ডন ম্যাককালাম!
কিউরেটর তাঁর পছন্দমতোই পিচ দিয়েছেন। কিন্তু সেই পিচের সুবিধা নিতে হলে যে টসটাও জিততে হতো কিউই অধিনায়ককে। পুরো সিরিজে এর আগে একবারও ভাগ্যদেবী মুখ তুলে তাকাননি তাঁর দিকে, এবারও মুখটা ফেরানোই রইল। আরও একবার টস হেরে নিজের ব্যাটসম্যানদের তোপের মুখে ঠেলে দিলেন ম্যাককালাম। যে সুযোগটা টিম সাউদি আর ট্রেন্ট বোল্টদের দেবেন বলে ভাবছিলেন, সেটা পেলেন ইশান্ত শর্মা ও মোহাম্মদ সামি। ইশান্তের ক্যারিয়ার-সেরা বোলিং (৬/৫১) আর সামির ৭০ রানে ৪ উইকেটের সুবাদে ৫৩ ওভারের মধ্যেই নিউজিল্যান্ড অলআউট মাত্র ১৯২ রানে! দিন শেষে ২ উইকেট হারিয়ে ভারত ১০০। ৭১ রান নিয়ে ক্রিজে শিখর ধাওয়ান, ‘নৈশপ্রহরী’ ইশান্ত শর্মা অপরাজিত ৩ রানে। টেস্ট সিরিজে সমতা ফেরানোর সুযোগটা নিশ্চয়ই হাতছাড়া করতে চাইবেন না বাকি ভারতীয় ব্যাটসম্যানরা।
প্রথম টেস্টের নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে যেখানে শেষ করেছিলেন, ওয়েলিংটনে যেন সেখান থেকেই শুরু করেন ইশান্ত ও সামি। নিয়মিত বিরতিতে উইকেট পতনের ধারায় কিছুটা প্রতিরোধ গড়েছিলেন কেবল কেন উইলিয়ামসন। যদিও ৪৭ রানে সামির বলে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে দুবার আউট হয়েও নো বলে বেঁচে যান। সিরিজে দ্বিতীয়বারের মতো ইনিংসে ৬ উইকেট নিয়ে ইশান্ত মুগ্ধ নিজেকে নিয়েই, ‘এটা দলীয় খেলা। তবে যখনই দলের দরকার হয়েছে, আমি আমার কাজটা করেছি।’ অবশ্য অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির টস জেতাটাও যে পক্ষে গেছে সেটা অস্বীকার করেননি, ‘টস জেতাটা খুব ভালো হয়েছে। সকালের দিকে পেসারদের জন্য এটা খুবই ভালো উইকেট।
শুধু একটা ব্যাপার মাথায় রাখতে পারেন ইশান্তরা। এই সিরিজে এখন পর্যন্ত সবগুলো টস জিতলেও ভারতের ম্যাচ জেতা হয়নি একটাও! তথ্যসূত্র: সনি সিক্স, এএফপি।