ইশান্তকে বোঝানোই ছিল কঠিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইশান্ত শর্মা
ইশান্ত শর্মা

তাঁর সহজাত লেংথই শর্ট। শর্ট বল বা শর্ট অব লেংথ অতিরিক্ত করার জন্য ক্যারিয়ারে সমালোচনা কম শুনতে হয়নি। সেটা অযৌক্তিকও ছিল না অনেক সময়। এখন সেই শর্ট বলের দুর্দান্ত প্রদর্শনীতেই প্রশংসিত ইশান্ত শর্মা। শর্ট বলের স্রোতে লর্ডসে ধসিয়ে দিয়েছেন ইংল্যান্ডকে। অথচ পরশু নাকি ইশান্তকে শর্ট বল করতে রাজি করানোই ছিল কঠিন! অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি একরকম জোর করেই বাধ্য করেছেন ইশান্তকে শর্ট বল করতে।
৪ উইকেটে ১০৫ রান নিয়ে শেষ দিন শুরু করা ইংল্যান্ড প্রথম সেশনটা কাটিয়ে দিচ্ছিল নির্বিঘ্নেই। ভারতের কোনো চেষ্টাই যখন কাজে লাগছিল না, নতুন এক পরিকল্পনা আঁটেন ধোনি। কিন্তু পরিকল্পনার বাস্তবায়ন করবেন যিনি, তাঁকে বোঝানোই যাচ্ছিল না। ম্যাচ শেষে ধোনি শোনালেন সেই গল্প, ‘শুরুতে ইশান্তকে রাজি করানো খুব কঠিন ছিল। বোলিংয়ে আনার পরই আমি ওকে বলেছিলাম শর্ট বল করতে। কিন্তু ও তা না করে সামনেই বল করে যাচ্ছিল। পরে আমি এমনভাবে ফিল্ডিং সাজালাম, যাতে সামনে বোলিং করার চিন্তাও করতে না পারে। এমনভাবে ফিল্ডিং সাজিয়েছিলাম, যেন ও আমার চাওয়ামতো বোলিং করতে বাধ্য হয়।’
মধ্যাহ্ন বিরতির ঠিক আগে শর্ট বলেই মঈন আলীকে ফিরিয়ে ভারতকে ব্রেক থ্রু এনে দেন ইশান্ত। লাঞ্চের পর আধা ঘণ্টায় শর্ট বলেই আরও চার উইকেট! ইশান্তকে রাজি করাতে ঘাম ঝরলেও প্রশংসায় কমতি রাখলেন না ধোনি, ‘মঈনের উইকেট নেওয়ার পরই ইশান্ত বুঝতে পারল যে এটা কাজে দিতে পারে এবং ও শর্ট বল চালিয়ে যেতে রাজি হলো। নিজের বোলিং ও ফিটনেস নিয়ে অনেক কষ্ট করে ইশান্ত, লম্বা স্পেলে বোলিং করা নিয়ে কখনোই কোনো অভিযোগ করে না। পরিস্থিতি যা-ই হোক, যেকোনো সময় ওকে ডাকলেই বোলিংয়ে আসবে এবং শতভাগ ঢেলে দেবে।’
কিছুদিন আগ পর্যন্ত ইশান্ত শর্মা ছিলেন হতাশার প্রতিশব্দ। ভারত তাঁকে ম্যাচের পর ম্যাচ খেলিয়ে গেছে, কিন্তু আস্থার প্রতিদান দিতে পেরেছেন সামান্যই। ৫০ টেস্ট খেলার পরও সম্ভাবনাময় বোলার হয়েই ছিলেন! অবশেষে গত কিছুদিনের পারফরম্যান্সে ইঙ্গিত মিলছে ম্যাচ উইনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠার। এ বছর ৪ টেস্টে নিয়েছেন ২৫ উইকেট।
প্রশংসার পুষ্পবৃষ্টিতে ভিজলেও সমালোচনার কাঁটার ক্ষত কিন্তু ভোলেননি ইশান্ত। অভিমানভরেই বলছেন, ‘এখানে এত উইকেট পেয়েছি বলেই লোকে এত প্রশংসা করছে। কিন্তু যদি আমাদের পরিকল্পনা সফল না হতো, শর্ট বলে যদি অনেক রান গুনতে হতো, চেষ্টার কথা তখন কারও মনে থাকত না। কেউ মনে রাখত না ৮০ ওভার পুরোনো বল দিয়ে আমি ক্রমাগত শর্ট বল করে গেছি। কখনো কখনো আমার মনে হয়, সতীর্থরা ছাড়া আর কেউ আমার প্রচেষ্টাকে মূল্যায়ন করেনি।’
ধোনির শর্ট বল প্রস্তাবে কেন রাজি হতে চাননি, সেটাও জানালেন, ‘প্রথম স্পেলের ৫ ওভারে বল বেশ সুইং করছিল, ব্যাটসম্যানরা পরাস্তও হয়েছে বেশ কবার। এ জন্যই ভাবছিলাম, বল রিভার্স সুইং করতে পারে। কিন্তু তা হচ্ছিল না। তখন এম এস ভাই (ধোনি) এসে বলল, বল নরম হয়ে গেছে, নতুন কিছুর চেষ্টা করতে হবে।’
সেই নতুন কিছুর চেষ্টাতেই ভারতের দারুণ জয়। তবে ইশান্তকে শর্ট বল করাতে রাজি করানো যাচ্ছিল না। এর চেয়েও চমকপ্রদ ব্যাপার হলো, ধোনি নতুন কিছুর চেষ্টা করেছেন। অধিনায়ক ধোনির সবচেয়ে বড় সমালোচনা তো এটাই যে নিজের ছকের বাইরে যান না, নতুন কিছুর চেষ্টা করেন না! এবার করলেন এবং ফলও পেলেন হাতে হাতে! এএফপি, রয়টার্স, ক্রিকইনফো।