
শারীরিক গড়ন বা খেলার ধরনে দিলীপ ভেংসরকারের সঙ্গে অজিঙ্কা রাহানের মিল খুঁজে পাওয়া মুশকিল। তবু রাহানের মাঝে যেন ফিরে এলেন ভেংসরকার! চেতন শর্মার রূপ ধরে ইশান্ত শর্মা! এবারের শর্মা বরং আরও ভয়ংকর।রবীন্দ্র জাদেজাও যেন মনিন্দর সিং। আর অন্তত এই সিরিজে ভুবনেশ্বর কুমারকে তো কপিল দেব বলাই যায়!
প্রথম ইনিংসে ভেংসরকারের অসাধারণ এক সেঞ্চুরি আর চেতন শর্মা, মনিন্দর, কপিলদের বোলিংয়ে ১৯৮৬ সালে লর্ডসে জিতেছিল ভারত। ২৮ বছর ১ মাস ১১ দিন পর রাহানের সেঞ্চুরি, ইশান্ত-ভুবনেশ্বরদের বোলিংয়ে ক্রিকেট-তীর্থে আবার উড়ল ভারতের বিজয়কেতন। কপিল দেবের সেই ভারতীয় দলে ছিলেন রজার বিনি। এবার মাঠে থেকেই আরেকটি লর্ডস জয়ের সাক্ষী বিনি জুনিয়র, স্টুয়ার্ট বিনি।
২৮ বছরের অপেক্ষা, আরও নির্দিষ্ট করে বললে ১০ হাজার ২৬৮ দিন। তবে তার মানে এই নয় যে ২৮ বছর আগে লর্ডসে নিয়মিতই জিতত ভারত। ক্রিকেট-তীর্থে ভারতের পদচারণের বয়স এ বছর ৮২ হলো, সাকল্যে লর্ডস জয় এ দুটিই। ভারতের জয়ের মাহাত্ম্য শেষ নয় এখানেই। বিস্ময়কর সব সংখ্যার ওড়াউড়ি এই জয়ে।১১২৪ দিন, মানে সাড়ে তিন বছরেরও পরে দেশের বাইরে একটি টেস্ট জিতল ভারত। সর্বশেষ যখন তারা দেশের বাইরে টেস্ট জিতেছিল (২০১১ সালের জুনে, কিংস্টনে), ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ কাল ছিলেন ধারাভাষ্যকক্ষে।রাহুল দ্রাবিড়! এরপর বিদেশের মাটিতে ১৫ টেস্টের ১০টিতেই হেরেছিল ভারত, ৫টি ড্র।
বহুপ্রতীক্ষিত এই জয় এল এমন একজনের হাত ধরে, যাঁর কাছ থেকে এমন পারফরম্যান্সের প্রতীক্ষা ভারতের ছিল যেন আরও বেশি সময় ধরে। সেই যে ২০০৮ সালে রিকি পন্টিংকে কাঁপিয়ে বিশ্বমঞ্চে নিজেকে জানান দিলেন ইশান্ত, এরপর সেই চেহারায় তাঁকে খুঁজে পাওয়া গেছে কমই। মাঝেমধ্যে দু-একটি ঝলক, ব্যস! একসময় টেস্ট খেলার ফিফটিও হয়ে গেল। পরিসংখ্যান জানাল, ৫০ টেস্ট খেলাদের মধ্যে সবচেয়ে বাজে বোলিং গড় ইশান্তের! গত কিছুদিনে খানিকটা গা-ঝাড়া দিয়েছিলেন বটে। এ বছরই নিউজিল্যান্ডে টানা দুই টেস্টে ৬ উইকেট পেয়েছেন। তবে পন্টিংকে কাঁপানো সেই খুনে ইশান্ত ফিরে এলেন কাল। যুগ যুগ ধরে বিদেশের মাটিতে ভারতকে কাবু করার অস্ত্র ছিল যেটি, সেই শর্ট বলেই ইংলিশদের গুঁড়িয়ে দিলেন ভারতের এই পেসার। শেষ দিনে ইংল্যান্ডের ৬ উইকেটের ৫টিই তাঁর, সবগুলোই শর্ট বলে! ৭৪ রানে ৭ উইকেট—ইশান্তের ক্যারিয়ার-সেরা তো বটেই, লর্ডসে উপমহাদেশের বোলারের সেরা বোলিংও।
শুধু দারুণ সব ব্যক্তিগত পারফরম্যান্সই নয়, তরুণ ও অনভিজ্ঞ এক দল নিয়ে লর্ডস জয় আরও বড় করে তুলছে ধোনির দলের জয়কে। আর ইংল্যান্ড? টানা ১০ টেস্ট জয়বিহীন। দীর্ঘ দুঃসময়ের ছাপ শরীরী ভাষায়। জাদেজার থ্রোতে মাটিতে গড়াগড়ি খাচ্ছেন অ্যান্ডারসন, রানআউটে শেষ ইংল্যান্ডের ইনিংস। ওই শেষটাই যেন সময়ের প্রতীকী—বিতর্ক আর চাপকে হারিয়ে জাদেজা ও ভারতের জয়। অ্যান্ডারসনের মতোই ধুলায় লুটোপুটি খাচ্ছে ইংল্যান্ড! স্টার স্পোর্টস, ক্রিকইনফো।