ইশান্তের কৃতজ্ঞতা ‘বীরু’ আর উইকেটকে
বীরেন্দর শেবাগ এখন বাংলাদেশে মোটামুটি ‘ভিলেন’। কিন্তু কাল তাঁর কাছেই কৃতজ্ঞতা জানালেন ইশান্ত শর্মা, ‘বীরু ভাইকে অনেক ধন্যবাদ, আমার জন্য কিছু একটা করেছেন। প্রথম টেস্টের একাদশে রেখে আমাকে প্রমাণের সুযোগ দিয়েছেন।’তিন ইনিংসে ৯ উইকেট নিয়ে এখনো পর্যন্ত সিরিজের সবচেয়ে সফল বোলার, অথচ তাঁরই প্রথম টেস্টে খেলা ছিল অনিশ্চিত! হ্যাঁ, অনিশ্চিতই ছিল। কারণটা তিনি নিজেই। দুই বছর আগের অস্ট্রেলিয়া সফরে রিকি পন্টিংদের নাচিয়ে প্রাদপ্রদীপের আলোয় আসা। ভাবা হয়েছিল লম্বা দৌড়ের এক ঘোড়া পেয়ে গেছে ভারতের পেস বোলিং। কিন্তু সদ্য টিনএজ ছাড়ানো বয়সেই অতিরিক্ত প্রত্যাশার চাপে আস্তে আস্তে যেন হারিয়ে ফেলছিলেন নিজেকে। গত বছর চার টেস্টে পেয়েছেন মাত্র ১০ উইকেট, এই সিরিজের আগে সর্বশেষ খেলা টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে আহমেদাবাদে ৩৩ ওভার বোলিং করে মেডেন পাননি একটিও, রান দিয়েছিলেন ১৩৫। ওয়ানডেতেও অবস্থা করুণ, ২১ ম্যাচে ২৯ উইকেট পেয়েছেন, কিন্তু ওভারপ্রতি রান দিয়েছেন ৬.২৯। বাদ পড়লেন বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজের দল থেকে। ক্যারিয়ার সংশয়ে পড়েনি, তবে সামর্থ্য নিয়ে একটা প্রশ্ন তো উঠেছিলই।এই বাংলাদেশেই টেস্ট আঙিনায় পা রেখেছিলেন, আড়াই বছর পর এই দেশেই আবার পড়তে হলো নিজেকে নতুন করে প্রমাণের পরীক্ষায়। সেই পরীক্ষায় জিতেছেন, স্বস্তির সঙ্গে সঙ্গে সদ্য পেছনে ফেলা দুঃসময়ের স্মৃতিচারণাও করতে পারছেন, ‘জীবনে এত কঠিন সময় আর আসেনি। পারফর্ম করার জন্য আমি উঠেপড়ে লেগেছিলাম, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না।’ ২১ বছর বয়সেই জীবনের অনেকগুলো দিক দেখে ফেলা ইশান্ত এসব অভিজ্ঞতাকে দেখছেন ভবিষ্যতের পাথেয় হিসেবে, ‘আমি বুঝতে শিখেছি, ক্রিকেটে খারাপ সময় আসেই। ধৈর্য ধরে ওই সময়গুলো পেছনে ফেলতে হয়। পুরো সময়টাতেই আমি অনেক কিছু শিখেছি। আমার ধারণা, এই শিক্ষাটা প্রয়োজন ছিল।’শুধু নিজের নয়, ইশান্ত সন্তুষ্ট দলের পরিকল্পনা ঠিকভাবে কাজে লাগাতে পেরেও, ‘পরিকল্পনা ছিল শুরু থেকেই চাপ সৃষ্টি করা। ভালো জায়গায় বল রাখা। জানতাম, ঠিক জায়গায় বল করলে ব্যাটসম্যানরা ভুল করবেই।’ নিজেদের ভালো বোলিংয়ের পাশাপাশি বাংলাদেশের ব্যাটসম্যানরাও যে পরিকল্পনা সফল করতে ভূমিকা রেখেছেন, জানাতে ভোলেননি সেটাও।চট্টগ্রাম টেস্টে সুযোগ পাওয়ার জন্য শেবাগের কাছে কৃতজ্ঞ, আর ঢাকায় কালকের ৪ উইকেটের জন্য কিছুটা কৃতজ্ঞতা আছে উইকেটের কাছেও, ‘‘উইকেট থেকে পেসাররা অনেক সাহায্য পেয়েছে। উইকেটে আর্দ্রতা ছিল। টস হেরে তাই ভালোই হয়েছে, ‘ইট ওয়াজ আ গুড টস টু লুজ।’’ এই উইকেটে বোলিংয়ের অভিজ্ঞতা থেকেই বাংলাদেশের পেসারদের জন্য কিছু পরামর্শও দিলেন, ‘পেসারদের ধৈর্য ধরে লাইন-লেন্থে বোলিং করে যেতে হবে।’শফিউল-রুবেল-শাহাদাতরা কি শুনছেন...?