ইসকো-কাভানি রিয়ালে!
এখনো কিছুই পাকা হয়নি। তবে কার্লো আনচেলত্তির নতুন ঠিকানাটা একরকম ঠিকই হয়ে গেছে মনে হচ্ছে। সবকিছু পরিকল্পনামতো এগোলে শিগগিরই হয়তো রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি করবেন এই ইতালিয়ান কোচ। ফ্রান্স দৈনিক লেকিপ দাবি করেছে, এই সপ্তাহেই সবকিছু চূড়ান্ত হয়ে যাবে। এর মধ্যে পিএসজিও লরাঁ ব্লাঁকে আনচেলত্তির উত্তরসূরি হিসেবে ঠিক করে ফেলেছে বলে খবর। এখন একটাই প্রশ্ন, রিয়াল মাদ্রিদে আনচেলত্তি প্রথম কাকে সই করাচ্ছেন, ইসকো না কাভানিকে? স্প্যানিশ দৈনিক মার্কা অবশ্য দাবি করেছে, মালাগা প্লে-মেকার ইসকোর সঙ্গে কথাবার্তা পাকা করে ফেলেছে রিয়াল। ইসকোর জন্য মালাগাকে ২ কোটি ৪০ লাখ ইউরো দেবে রিয়াল, বোনাসসহ আনুষঙ্গিক খরচ মিলিয়ে দিতে হবে অতিরিক্ত ৩০ লাখ ইউরো। ইসকো অবশ্য আগেই জানিয়েছিলেন ক্লাব ছাড়তে চান তিনি। তাঁকে পেতে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদই নেমেছিল লড়াইয়ে। সিটির নতুন কোচ ম্যানুয়েল পেলেগ্রিনির অধীনেই ইসকো খেলেছেন মালাগায়। কিন্তু ইসকোকে দলে আনার ইচ্ছাটা বোধ হয় বিসর্জন দিতে হচ্ছে পেলেগ্রিনিকে। আরেকটা জায়গায়ও রিয়াল হয়তো সিটিকে টেক্কা দিচ্ছে। এডিনসন কাভানিকে পেতে তক্কে তক্কে ছিল এই দুই ক্লাব। সিটির নামটাই শোনা যাচ্ছিল বেশি। কিন্তু নাপোলি সভাপতি অরেলিও ডি লরিয়েন্তিস বলেছেন, ম্যানচেস্টার সিটির সঙ্গে তাদের আলোচনা ভেস্তে গেছে। কাভানিকে কিনতে নাপোলিকে ৫ কোটি ৪০ লাখ ইউরো দিতে হতো সিটির। কিন্তু সিটি জানিয়ে দিয়েছে এত টাকা তারা খরচ করতে পারবে না। আর এখন রিয়াল মাদ্রিদকেই কাভানির সম্ভাব্য ঠিকানা হিসেবে এগিয়ে রাখছেন লরিয়েন্তিস, ‘এ মুহূর্তে রিয়াল মাদ্রিদই একমাত্র ক্লাব যারা কাভানির জন্য ভালো একটা প্রস্তাব দিয়েছে।’ ওয়েবসাইট।