ইসনারের আরেক রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে যে কার পিছু নিয়েছে বলা মুশকিল। জন ইসনার রেকর্ডের, নাকি রেকর্ডই তাঁর! ২০১০ সালের উইম্বলডনে নিকোলাস মাহুতের সঙ্গে খেলেছিলেন টেনিস ইতিহাসের দীর্ঘতম ম্যাচটি। এ বছর পল-অঁরি ম্যাথুর সঙ্গে খেললেন ফ্রেঞ্চ ওপেন ইতিহাসের দ্বিতীয় দীর্ঘতম ম্যাচ। আর পরশু ইউএস ওপেনেও ছুঁলেন একটি রেকর্ড। এবার আর দীর্ঘ ম্যাচের নয়। তবে এতেও জড়িয়ে আছে ঘড়ির কাঁটা। জার্মানির ফিলিপ কোলশ্রেইবারের বিপক্ষে তৃতীয় রাউন্ডের ম্যাচটা যখন শেষ হলো নিউইয়র্কে তখন রাত ২টা ২৬ মিনিট। ইউএস ওপেনে সবচেয়ে দেরিতে শেষ হওয়া ম্যাচ। ১৯৯৩ সালে ম্যাটস উইল্যান্ডার ও মিকায়েল পার্নফরসের ম্যাচটাও শেষ হয়েছিল ঠিক একই সময়ে। পরশু ৩ ঘণ্টা ২০ মিনিটের ম্যাচটিতে ৬-৪, ৩-৬, ৪-৬, ৬-৩, ৬-৪ গেমে হেরেছেন যুক্তরাষ্ট্রের ইসনার। রাতদুপুরে শেষ হওয়া ওই ম্যাচ দেখতেও আর্থার অ্যাশ স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত ছিল হাতেগোনা কিছু পাঁড় সমর্থক। চতুর্থ রাউন্ডে উঠেছেন নোভাক জোকোভিচও। ফ্রান্সের জুলিয়েন বেনেতোকে ৬-৩, ৬-২, ৬-২ গেমে হারিয়ে টানা ষষ্ঠবারের মতো ইউএস ওপেনের শেষ ষোলোতে উঠলেন বর্তমান চ্যাম্পিয়ন। প্রথম রাউন্ডের প্রথম গেমে প্রতিপক্ষের হাতে একটি সার্ভিস খুইয়েছিলেন সার্বিয়ান তারকা। এরপর আর কেউ তাঁর সার্ভিস ভাঙতে পারেননি। এবারের ইউএস ওপেন দিয়েই ক্যারিয়ার শেষ করতে যাওয়া অ্যান্ডি রডিক টিকে আছেন এখনো। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাঁর সামনে হুয়ান মার্টিন দেল পোত্রো। তৃতীয় রাউন্ডে রডিক ৭-৫, ৭-৬ (৭/১), ৪-৬, ৬-৪ গেমে হারিয়েছেন ইতালির ফ্যাবিও ফগনিনিকে।রডিক বেঁচে গেলেও বিদায় নিয়েছেন ২০০১ সালের চ্যাম্পিয়ন লেটন হিউয়িট। ৭২টি ‘আনফোর্সড এরর’ করা অস্ট্রেলিয়ান হেরেছেন চতুর্থ বাছাই ডেভিড ফেরারের কাছে। ২০০৬ সালের পর থেকে আর চতুর্থ রাউন্ডে উঠতে পারেননি এবার ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে আসা হিউয়িট। মেয়েদের বিভাগে ছয় বছর পর কোয়ার্টার ফাইনালে উঠেছেন মারিয়া শারাপোভা। স্বদেশি নাদিয়া পেত্রোভাকে হারিয়েছেন তৃতীয় বাছাই রুশ। পরের রাউন্ডে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসুর। থামিয়ে দিয়েছেন তিনি ব্রিটেনের লরা রবসনের স্বপ্নযাত্রা। ওয়েবসাইট।