ইসমাইলের ম্যাচে অনেক অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল বিজেএমসির জয়ের নায়ক ইসমাইল বাঙ্গুরা। হ্যাটট্রিক করেছেন গিনির এই স্ট্রাইকার। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে আট হ্যাটট্রিকের সব কটিই আফ্রিকানদের। কাল ম্যাচের মিনিট কুড়ি পেরোতেই ফরাশগঞ্জের কর্মকর্তা বাবুরামসহ আরও কয়েকজন গজরাতে গজরাতে এলেন প্রেসবক্সে। ম্যাচ কমিশনারের কাছে তাঁদের অভিযোগ, ডাগ-আউটে বিজেএমসির ম্যানেজার আরিফ খান জয় (বাফুফের সহসভাপতি) রেফারিদের হুমকি দিয়েছেন। তাঁর দলের পক্ষে বাঁশি না বাজালে সবার চাকরি যাবে! ম্যাচের পর ফরাশগঞ্জের কোচ কামাল বাবুরও অভিযোগ, ‘জয় সাইড লাইনের ধারে দাঁড়িয়ে রেফারিদের শাসিয়ে বলেছে, ঠিকমতো বাঁশি বাজাও। নইলে একটারও চাকরি থাকবে না।’ অভিযোগ অস্বীকার করলেন জয়, ‘এ ধরনের কথা আমি বলিনি। আমি আমার খেলোয়াড়দের বলেছি, মাঠে দাঁড়িয়ে থাকলে তুলে নেব। ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছিল।’ বিজেএমসির কোচ জাকারিয়া বাবুর উল্টো অভিযোগ, ‘ফরাশগঞ্জ টাঙ্গাইল গিয়েও নখরামি করেছে। মিথ্যা অভিযোগে দেরি করে মাঠে নেমেছে।’ এদিন ঘটনার প্রতিবাদে বিরতির পর মাঠে পাঁচ মিনিট দাঁড়িয়ে ছিল ফরাশগঞ্জ। তবে রেফারিং নিয়ে প্রশ্ন তোলার সুযোগ তেমন ছিল না। ৪২ মিনিটে বিজেএমসি পেনাল্টি পেয়েছে এবং তা থেকে প্রথম গোল করেন বাঙ্গুরা। ৫১ ও ৭৬ মিনিটে আরও ২ গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক। জুনাপিউ ২-১ করে ফরাশগঞ্জের ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও তারা হার এড়াতে পারেনি।কালকের এ ঘটনায় প্রশ্ন উঠছে, বাফুফের নির্বাহী কমিটির কর্মকর্তাদের ডাগ-আউটে থাকা উচিত কি না। জয় বললেন, ‘আমিও চাই না বাফুফের কেউ ডাগ-আউটে থাকুক।’১৩ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে বিজেএমসি এখন তৃতীয় স্থানে। সমান ম্যাচে ১৪ পয়েন্ট পাওয়া ফরাশগঞ্জ অষ্টম। আজকের খেলা: শেখ জামাল-আরামবাগ (কমলাপুর স্টেডিয়াম, ৪-১৫ মি.)