ইসমাইলের হ্যাটট্রিকে আরামবাগের জয়
বাংলাদেশ লিগে টানা দুই দিনে দুটি হ্যাটট্রিক। দুটিই করেছেন বিদেশিরা। পরশু চট্টগ্রাম মোহামেডানের বিপক্ষে কক্সবাজারে হ্যাটট্রিক করেছেন ফেনী সকারের নাইজেরিয়ান স্ট্রাইকার রোলান্ড। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল রহমতগঞ্জের বিপক্ষে হ্যাটট্রিকম্যান আরামবাগের বাঙ্গুরা ইসমাইল। সেই সুবাদে আরামবাগ ম্যাচটা হেসেখেলে জিতল ৪-০ গোলে।এবারের বাংলাদেশ লিগে ৭১ ম্যাচে এটি চতুর্থ হ্যাটট্রিক। আগের দুটি হ্যাটট্রিক মুক্তিযোদ্ধার দুই স্ট্রাইকার সুদানি জেমস মগা ও বাংলাদেশের তরুণ মিঠুন চৌধুরীর। ঘরোয়া ফুটবলে বিদেশি স্ট্রাইকারদের দাপট বোঝাতে এই একটি তথ্যই যথেষ্ট।রহমতগঞ্জের বিপক্ষে কাল আরামবাগের গোলের খাতা খুলেছিলেন নাইজেরিয়ান ফরোয়ার্ড সুবায়ের। ২৭ মিনিটে এই গোলের পর প্রতিপক্ষের রক্ষণ দুর্বলতার সুযোগ নিয়ে ইসমাইল মাত্র ১৬ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে ফেলেন। ৫৩, ৬৩ ও ৬৯ মিনিটে তাঁর টানা তিন গোলে আরামবাগকে জয় নিয়ে আর চিন্তা করতে হয়নি। ইসমাইলের তৃতীয় গোলটি ছিল পেনাল্টি থেকে।এই জয় পয়েন্ট তালিকায় রহমতগঞ্জের ওপরে তুলে এনেছে আরামবাগকে। ১২ ম্যাচে চার জয়ে দলটির পয়েন্ট ১৬। মুক্তিযোদ্ধা, শেখ জামাল, আবাহনী ও শেখ রাসেলের পর এখন আরামবাগের অবস্থান। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে আরামবাগের পর ঢাকা মোহামেডান ও রহমতগঞ্জ।