ইসমারির ক্লাসে শারমিনরা

এখনো খেলছেন। একই সঙ্গে আন্তর্জাতিক শ্যুটিং ফেডারেশনের কোচ হয়ে ঘুরছেন বিভিন্ন দেশে। নাইজেরিয়া ঘুরে এলেন বাংলাদেশে। গত সাত দিন বাংলাদেশের শ্যুটিং কোচ ও শ্যুটারদের নিয়ে নিবিড় কাজ করেছেন ইসমারি ভ্যান রিনেন। গতকাল সকালে ঢাকা ছাড়ার আগে পরশু সন্ধ্যায় গুলশান শ্যুটিং রেঞ্জে দক্ষিণ আফ্রিকান এই শ্যুটার ও কোচের কণ্ঠে ঝরল বাংলাদেশের শ্যুটিং নিয়ে আশাবাদই।
মূলত কোচদের প্রশিক্ষণ দিতেই এসেছিলেন বাংলাদেশে। সাবেক শ্যুটার সাইফুল আলম রিংকি, বর্তমানে খেলোয়াড় ও কোচ আসিফ হোসেন খানসহ ২৫ জন ছিলেন এই কোর্সে। তাঁদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা কেমন? ৩১ বছর বয়সীর মুখে স্মিত হাসি, ‘আপনাদের কয়েকজন কোচের মান দেখে আমি সত্যিই অবাক।’ অবাক বলতে কী বোঝালেন, দিলেন সেই ব্যাখ্যাও, ‘তাদের কোচিং জ্ঞান খুব ভালো। শেখার আগ্রহ আছে।’
প্রাসঙ্গিকভাবে এসে গেল শ্যুটারদের কথা। দুই শারমিন আক্তার এবং আবদুল্লাহ হেল বাকিসহ শীর্ষ সব শ্যুটারই ইসমারির কাছে নিজেদের ভুলত্রুটি নিয়ে কথা বলার সুযোগ পেয়েছেন তিন দিন। ২০০৬ মেলবোর্ন কমনওয়েলথ গেমসে মহিলাদের প্রোন ইভেন্টে রুপাজয়ী ইসমারিও শারমিনদের নিয়ে কাজ করতে পেরে তৃপ্ত। সেটি বোঝা গেল তাঁর প্রতিটি কথাতেই, ‘বাংলাদেশের শ্যুটাররা বেশ ভালো। কয়েকজন তো আন্তর্জাতিক মানের। আমি মূলত রাইফেল শ্যুটারদের নিয়েই কাজ করেছি। ওদের মধ্যে অনেক সম্ভাবনা দেখেছি। এই শ্যুটারদের ভালোভাবে গড়ে তুলতে পারলে আমার বিশ্বাস, আন্তর্জাতিক প্রতিযোগিতায় ওরা ভালো করবে।’
সেটি পারলে তো ভালোই। কিন্তু ইসমারি তো আর জানেন না, তাঁর বিশ্বাসের ভিত্তিটা নড়বড়েই। ঘরের রেঞ্জে ভালো করে বাইরে গেলেই বাংলাদেশের শ্যুটাররা আর নিজেদের সেরা স্কোরটা করতে পারেন না। বহু দিনের এই চক্রব্যুহ ভাঙতে শারমিনরা ছটফট করছিলেন বিদেশি কোনো কোচের শরণাপন্ন হতে। শ্যুটিং ফেডারেশন নিজস্ব উদ্যোগে বিদেশি কোচ এনে এই সমস্যা থেকে শ্যুটারদের বের করে আনতে পারছিল না।
অলিম্পিক সলিডারিটি কোর্স সেই সুযোগটাই করে দিল। কমনওয়েলথ শ্যুটিং ও এসএ গেমসে সোনাজয়ী শারমিন আক্তার রত্না তাই উৎফুল্ল। তুলে আনলেন এই কোর্সের অনেক ইতিবাচক প্রাপ্তি, ‘ব্যক্তিগতভাবে তিনি আমাকে বলেছেন, আমার সবই ঠিক আছে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় শুধু মানসিকভাবে আরও শক্ত থাকার পরামর্শ দিয়েছেন। অন্যরাও তাঁদের সমস্যাগুলো নিয়ে টিপস পেয়েছেন। শারমিন আপুকে যেমন উনি তাঁর পজিশনটা ঠিক করতে বলেছেন। ওটা ঠিক করার পর শারমিন আপু পরদিনই ভালো স্কোর করেছেন। কাজেই শ্যুটাররা উপকৃতই হয়েছে ইসমারি ম্যাডামের কাছ থেকে।’
বাংলাদেশের শ্যুটারদের সমস্যাটা বুঝতে পেরে সেটি সমাধানের পথও বাতলে দিয়েছেন ইসমারি, ‘বাংলাদেশের শ্যুটাররা আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো করার চ্যালেঞ্জটা নিতে পারছে না। ওরা ঘরের রেঞ্জে স্বচ্ছন্দ হলেও অপরিচিত রেঞ্জে পারফর্ম করতে তৈরি নয়। ওদের মানসিক কোচিং প্রয়োজন। মনটাকে শক্ত করে বাইরের রেঞ্জে দাঁড়াতে হবে বাংলাদেশের শ্যুটারদের।’
ঠিকই বলেছেন ইসমারি। শ্যুটিং যে ৯০ ভাগই মানসিক খেলা। তাই ঘুরেফিরে মানসিকভাবে আরও শক্ত থাকার ওপরই জোর দিয়ে গেলেন এই কোচ। শ্যুটাররা সে পথে হাঁটতে পারলেই হয়!