ইসলামে সন্ত্রাসীদের জায়গা নেই, বললেন মোহাম্মদ আলীও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ আলী
মোহাম্মদ আলী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যটি সমালোচনার ঝড় তুলেছে বিশ্বজুড়েই। সন্ত্রাস প্রতিরোধের স্বার্থে যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে ট্রাম্পের এমন আহ্বানের প্রেক্ষিতে বিবৃতি দিয়েছেন মোহাম্মদ আলী। বক্সিংয়ের জীবন্ত কিংবদন্তি আলী বলেছেন, ‘যারা ইসলাম ধর্মকে নিজেদের ব্যক্তিগত অভিলাষ পূরণের জন্য ব্যবহার করে, মুসলিম হিসেবে আমাদের উচিত তাদের সবার বিরুদ্ধে দাঁড়ানো।’
ট্রাম্পের নাম উল্লেখ না করলেও আলীর এই মন্তব্যটি এনবিসি টেলিভিশনে প্রচার করা হয় ট্রাম্পের বক্তব্যের জবাবেই। অবশ্য পরে আলীর মুখপাত্রের পক্ষ থেকে বলা হয়, শুধু ট্রাম্প বা সুনির্দিষ্ট কারও উদ্দেশে এই বিবৃতি নয়। বিবৃতিতে আলী ইসলামের নামে যারা সন্ত্রাসবাদের বিষবাষ্প ছড়াচ্ছে, হত্যা করছে নিরীহ মানুষদের, তাদেরও কঠোর সমালোচনা করেছেন আলী, ‘আমি একজন মুসলিম। কিন্তু প্যারিস বা পৃথিবীর অন্য যেকোনো জায়গায় নিরীহ মানুষকে হত্যার মধ্যে কোনো “ইসলামিক” ব্যাপার নেই বলেই মনে করি। সত্যিকারের মুসলমান যারা, সকলেই জানে, এসব তথাকথিত জিহাদিরা নৃশংস সংঘাতের মধ্য দিয়ে ইসলামের মূল জায়গাটাতেই আঘাত করে যাচ্ছে।’
জঙ্গিদের ‘বিভ্রান্ত নরহত্যাকারী’ হিসেবে অভিহিত করে আলী রাজনীতিকদের ইসলামের সত্যিকারের আদর্শ মানুষকে জানানোর দায়িত্ব নেওয়ার আহ্বানও জানিয়েছেন, ‘আমি বিশ্বাস করি রাজনীতিকেরা নিজের অবস্থানে থেকে ইসলামের সত্যিকারের বক্তব্য মানুষকে জানানোর দায়িত্বটা নিতে পারে। একই সঙ্গে মানুষকে এটাও জানানো উচিত যে এসব “বিভ্রান্ত হত্যাকারী’রা ইসলামের মূল ব্যাপারটি থেকে মানুষের দৃষ্টি সরিয়ে নিচ্ছে।’

এক সময়ের ক্যাসিয়াস ক্লে ১৯৬৪ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলামে দীক্ষিত হওয়ার পর তিনি তাঁর নাম পরিবর্তন করে রাখেন মোহাম্মদ আলী ক্লে। সূত্র: ডিএনএ নিউজ।