ইসিনবায়েভার অবসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সতীর্থদের ডোপ পাপে রিওতে প্রতিযোগী হিসেবে আসা হয়নি ইয়েলেনা ইসিনবায়েভার। ডোপিং কেলেঙ্কারিতে পুরো রাশিয়ান অ্যাথলেটিকস দল নিষিদ্ধ হওয়ায় পোল ভল্টের রানিকে দর্শক হয়ে থাকতে হয় অলিম্পিকে। তবে অলিম্পিক শেষ হওয়ার আগেই নৈতিক জয় পেলেন ইসিনবায়েভা। পরশু আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে (আইওসি) অ্যাথলেট প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। আর গতকালই পোল ভল্ট থেকে অবসরের ঘোষণা দিলেন। কাল রিওতে এক সংবাদ সম্মেলনে ৩৪ বছর বয়সী রুশ পোল ভল্টার ঘোষণা করলেন, ‘ইয়েলেনা ইসিনবায়েভা আজ (গতকাল) ক্যারিয়ারের ইতি টানছে। ভেবেছিলাম খুব দুঃখ পাব। কিন্তু নির্বাচিত হওয়াটা আমাকে উজ্জীবিত করছে। নিজের খেলা ছাড়লেও খেলাধুলা থেকে বিদায় নিচ্ছি না।’ মেয়েদের পোল ভল্টে বিশ্ব রেকর্ডধারী ইসিনবায়েভা দুটি অলিম্পিক সোনা ছাড়াও তিনবার জিতেছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে। এএফপি।