ইসিনবায়েভার সামনে ‘দুই বছর’
সময় মাত্র দুই বছর। এর মধ্যে রেকর্ড ভাঙতে হবে আরও ছয়বার। তাহলেই পূরণ হবে লক্ষ্য। ইয়েলেনা ইসিনবায়েভা পারবেন?দুই বছরের সময়সীমা এই রুশ পোল ভল্টার নিজেই বেঁধে দিয়েছেন। লরিয়াসের ওয়েবসাইটকে বলেছেন, দুই বছরের মধ্যেই অবসর নেবেন। ফলে পোল ভল্টের কিংবদন্তি সের্গেই বুবকার রেকর্ড ভেঙে দেওয়ার যে লক্ষ্যের কথা ইসিনবায়েভা একাধিকবার বলেছেন, সেটি করে দেখাতে হবে এই সময়ের মধ্যেই। ইনডোর-আউটডোর মিলে ৩৫ বার রেকর্ড ভেঙেছিলেন বুবকা। আউটডোরে ১৭ বার আর ইনডোরে ১৩ বার বিশ্ব রেকর্ড গড়েছেন ইসিনবায়েভা।২৯ বছর বয়সী ইসিনবায়েভা বলেছেন, ‘যখন ট্র্যাকে থাকি, সব সময়ই মনে হয় কাজটা কত সহজ। মনে হয়, কেন সব সময়ই এমন সহজ হয় না! কিন্তু পুরস্কার মঞ্চের বাইরে মনে হয়, “ওহ্, অনুশীলন করতে করতে আমি ক্লান্ত।” আরও দুই বছর খেলে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। অনুশীলন এখন অনেক কঠিন হয়ে গেছে... প্রতিবছর শরীর যত বুড়ো হচ্ছে, ততই তা কঠিন হয়ে যাচ্ছে, কোনো প্রতিযোগিতার প্রস্তুতি নেওয়া এখন অনেক কষ্টসাধ্য। অনুশীলনের চেয়ে প্রতিযোগিতাই বেশি উপভোগ করি।’কিন্তু মেয়েদের পোল ভল্টও এখন আর আগের মতো নেই। এখন আর ইসিনবায়েভা নামলেই জয় পান না। পারফরম্যান্সের অবনতি এতটাই হয়েছিল, মাঝখানে দীর্ঘ এক বছরের সাময়িক অবসরও নিয়েছিলেন। কোচ হিসেবে নিয়োগ দিয়েছেন নিজের প্রথম গুরু ইয়েভজেনি ত্রোফিমভকে। নতুন কোচের অধীনে আস্তে আস্তে নিজেকে ফিরে পেয়েছেন। গত ফেব্রুয়ারিতে স্টোকহোমের ইনডোরে ৫.০১ মিটারের নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। গত মাসে ইস্তাম্বুলের ইনডোরে জিতেছেন নিজের চতুর্থ সোনা, ২০০৮ বেইজিং অলিম্পিকের পর যেটি ছিল তাঁর প্রথম বড় জয়। এই জয় অলিম্পিকের আগে অতি জরুরি আত্মবিশ্বাসের জ্বালানিও এনে দিয়েছে ইসিনবায়েভাকে।তিন মাস পরই অলিম্পিক, যেটি তাঁর শেষ অলিম্পিকও। টানা তৃতীয় অলিম্পিক সোনা জয়ের জন্য নিজেকে তৈরি করছেন। প্রথম নারী হিসেবে ৫ মিটারের উচ্চতা পেরিয়ে যাওয়া প্রত্যয়ী ইসিনবায়েভা জানাচ্ছেন, ‘লন্ডনে আমার প্রধান প্রতিপক্ষ আমি নিজেই। আমি জানি, কত উচ্চতায় আমি লাফাতে পারি, জানি সেই উচ্চতা আমার প্রতিপক্ষের কাছে প্রায় অসম্ভব একটি লক্ষ্য।’৫.০৬ মিটারের বিশ্ব রেকর্ডধারী এই ফাঁকে বলে দিলেন তাঁর লক্ষ্যও, ‘আমার কোচ বলেন, আমার পক্ষে ৫.১০ মিটার কিংবা এর চেয়েও বেশি উঁচুতে লাফানো সম্ভব। এখন আমার যে প্রস্তুতি, তাতে আমি ৫.১০ মিটার উচ্চতা পেরিয়ে যেতেই পারি। অলিম্পিক নিয়ে উদ্বিগ্ন নই। আমি আত্মবিশ্বাসী। কারণ জানি, এখন আমার জীবনে সবকিছুই ঠিকঠাক চলছে।’এত কিছুর ভিড়ে বুবকার রেকর্ড ভাঙার কথাও ভোলেননি, ‘সের্গেই ছিলেন আমার আদর্শ। যখন শুরু করি, সে সময় তিনি ছিলেন মহা তারকা। শুরু থেকেই আমার লক্ষ্য ছিল ৩৬টি বিশ্ব রেকর্ড গড়া। এটা এখনো আমার মাথায় আছে। এখনো অনুভব করি, আমার পক্ষে তা অর্জন করা সম্ভব।’এই আত্মবিশ্বাসী ইসিনবায়েভাকেই দেখতে চায় সবাই। আর নিজেকে ফিরে পাওয়ার পেছনে ইসিনবায়েভা পুরো কৃতিত্ব দিলেন কোচ ত্রোফিমভকে, ‘ইয়েভজেনির সঙ্গে কাজ করা আমার জীবনের সেরা সিদ্ধান্ত। কারণ, তাঁকে বিশ্বাস করি। পোল্ট ভল্টার হিসেবে এই কোচের সঙ্গে থেকেই বেড়ে উঠেছি। আমাকে তিনি মেয়ের মতো আদর করেন। শুধুই একজন কোচ নয়, আমি তাঁকে দেখি আমার বন্ধু, আমার দ্বিতীয় পিতা হিসেবেও।’ রয়টার্স।