ইস্তাম্বুল হয়ে যেতে চায় না সাঁতার দল

রিও অলিম্পিকগামী খেলোয়াড়–কর্মকর্তাদের সঙ্গে সেনাবাহিনীর প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক সৌজন্য সাক্ষাৎ করেন গত সপ্তাহে। কুর্মিটোলা গলফ ক্লাবের ওই অনুষ্ঠানেই সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিজ উদ্দিন তাঁর উদ্বেগের কথাটা জানিয়ে দেন, ‘আমার তো ব্রাজিল যেতে ভয় করছে।’
না, জিকা ভাইরাসের আতঙ্ক নয়। তিনি ভয় পাচ্ছেন ট্রানজিট বিমানবন্দর নিয়ে। তিন সদস্যের সাঁতার দলকে যেতে হবে তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দর হয়ে। আর এটি নিয়েই যত ভয়। আগামী ১ আগস্ট ব্রাজিলগামী বিমানে ওঠার কথা সাঁতার দলের।
বাংলাদেশের অন্য খেলোয়াড়েরা ব্রাজিল যাবেন এমিরেটসের বিমানে, কিন্তু টার্কিশ এয়ারওয়েজে যেতে হচ্ছে সাঁতারু মাহফিজুর রহমান (সাগর), সোনিয়া আক্তার (টুম্পা) ও দলনেতা রফিজ উদ্দিনকে। ইস্তাম্বুলে প্রায় ১৮ ঘণ্টার ট্রানজিট সাঁতার দলের। গত ২৯ জুন ইস্তাম্বুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার পর তুরস্কে গত পরশু সেনা অভ্যুত্থান ঘটায় আতঙ্কে ভুগছে সাঁতার দল। কাল রফিজউদ্দিন বলছিলেন, ‘আমি বিওএর মহাপরিচালক সাহেবকে অনুরোধ করেছি যেন আমাদের এই টিকিট বাতিল করেন। আমরা ইস্তাম্বুল হয়ে ব্রাজিল যেতে চাই না।’ তবে টিকিট বাতিলের সম্ভাবনা বাতিল করে দিয়েছেন বিওএর মহাপরিচালক ফখরুদ্দিন হায়দার, ‘অনেক চেষ্টা করেও আমরা সাঁতার দলের জন্য অন্য কোনো বিমানের টিকিট করতে পারিনি। এখন বিকল্প কিছু করারও নেই।’ সাঁতারু মাহফিজুর রহমান মেনে নিচ্ছেন বাস্তবতাটা, ‘তুরস্কের রাজনৈতিক পরিস্থিতির কারণে ইস্তাম্বুল হয়ে যেতে একটু ভয় তো লাগেই। তবে আমি এসব নিয়ে কিছু ভাবছি না, আমার সব মনোযোগ সাঁতার পুলে।’
মেজবাহ-শিরীন নেই: শেষ মুহূর্ত পর্যন্ত ওয়াইল্ড কার্ডের অপেক্ষায় ছিলেন দেশের দ্রুততম মানব মেজবাহ্ আহমেদ ও দ্রুততম মানবী শিরীন আক্তার। কিন্তু তাঁদের কোনো সুসংবাদ দিতে পারেনি বিওএ। স্বাধীনতার পর এই প্রথম বাংলাদেশ দল অ্যাথলেটিকস ছাড়াই যাচ্ছে অলিম্পিকে। কাল বিষয়টা নিশ্চিত করেছেন বিওএর মহাপরিচালক ফখরুদ্দিন হায়দার, ‘আমরা আইএএএফকে ১৩ জুলাই মেইল করেছিলাম ওয়াইল্ড কার্ড বিবেচনা করতে। কিন্তু কোনো উত্তর পাইনি। ধরেই নিচ্ছি ওরা যেতে পারছে না।’