ইস্তাম্বুলকে বিজয়ী ঘোষণা করেছিল চীনা গণমাধ্যম!
এটা কি ইচ্ছাকৃত ভুল, নাকি হঠাত্ করেই হয়ে যাওয়া ভুল। চীনের সরকারি সংবাদ সংস্থা এই ভুলটা টোকিওর বিজয়ের দিনই বা কেন করল! কাল ২০২০ সালের অলিম্পিক গেমসের আয়োজক হিসেবে চীনের গণমাধ্যম ইস্তাম্বুলের নাম ঘোষণা করে। ব্যাপারটি ইতিমধ্যেই বিশ্বব্যাপী মুখরোচক সমালোচনার জন্ম দিয়েছে। নিন্দুকদের মতে, টোকিওর সাফল্যে ঈর্ষান্বিত চীনের সরকারি গণমাধ্যম ইচ্ছা করেই ২০২০ সালের অলিম্পিক গেমসের আয়োজক হিসেবে টোকিওর জায়গায় ইস্তাম্বুলের নাম ঘোষণা করেছে।
চীনের সরকারি সংবাদ সংস্থা কাল সংবাদ দেয়, ‘২০২০ সালের অলিম্পিক আয়োজক ইস্তাম্বুল, টোকিও বাদ।’ একই ধরনের খবর স্ক্রল হিসেবে দেখানো হয় রাষ্ট্রীয় টিভিতে। অথচ আসল খবরটি সম্পূর্ণ বিপরীত। পরে অবশ্য সঠিক সংবাদটি পরিবেশন করে আগের সংবাদগুলো প্রত্যাহার করে নেওয়া হয়। এই ভুলের জন্য কোনো দুঃখপ্রকাশও করা হয়নি চীনা গণমাধ্যমে।
ব্যাপারটি নিয়ে এখন তোলপাড় চলছে সামাজিক গণমাধ্যমগুলোতে। চীনের অনলাইন কর্মী ও ব্লগাররা পুরো বিষয়টিকে ‘ইচ্ছাকৃত ভুল’ হিসেবে আখ্যা দিয়ে এর সঙ্গে জড়িতদের বিচার চেয়েছেন। বিভিন্ন ব্লগে লেখা হচ্ছে, চীনের সরকারি সংবাদ সংস্থা আসলে এই ভুল খবর পরিবেশন করে নিজেদের সঙ্গেই প্রতারণা করেছে।
এত বড় একটা ভুল কীভাবে করল চীনের সংবাদ সংস্থা? অনেকেই বলছেন, আন্তর্জাতিক অলিম্পিক কাউন্সিলের সদস্যদের ভোটাভুটিতে ২০২০ সালে অলিম্পিক আয়োজক নির্বাচিত হওয়ার এই অনুষ্ঠানের একটা পর্যায়ে যখন প্রথম রাউন্ডের ভোটাভুটি হচ্ছে, ঠিক তখনই ভুলটা করেছে চীনা সংবাদ সংস্থা। প্রথম রাউন্ডে যখন ইস্তাম্বুল ও মাদ্রিদের মধ্যে ভোটে মাদ্রিদ বাদ পড়ে যায়, তখন না বুঝেই সিনহুয়ার সাংবাদিক ইস্তাম্বুলকে ২০২০ সালের আয়োজক হিসেবে উল্লেখ করে সংবাদ লিখে ফেলেন। সংবাদ জগতে এমন ভুল স্বাভাবিক হলেও চীনের ক্ষেত্রে এটিকে একটু অন্য চোখে দেখার কারণ জাপানের সঙ্গে তাদের বৈরী রাজনৈতিক সম্পর্ক। ওয়েবসাইট।