ইয়া তোরে এবারও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গডফ্রে চিতালুর কল্যাণে হঠাৎ করেই বিশ্ব ফুটবলে আলোচিত জাম্বিয়ার ফুটবল। তবে চিতালুর স্বীকৃতিটা না পেলেও আরেকটি সম্মান পেল দেশটি। গত পরশু আফ্রিকার বর্ষসেরা জাতীয় দল হয়েছে জাম্বিয়া। আইভরি কোস্ট ও ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ইয়া তোরে হয়েছেন আফ্রিকার বর্ষসেরা ফুটবলার।এ বছরই আইভরি কোস্টকে আফ্রিকান নেশনস কাপের ফাইনালে হারিয়ে সাড়া ফেলে দিয়েছিল জাম্বিয়া। ঘানার আক্রায় হওয়া অনুষ্ঠানে সেটারই স্বীকৃতি পেল আফ্রিকার চ্যাম্পিয়নরা।ম্যানচেস্টার সিটিকে দীর্ঘ ৪৪ বছর পর এনে দিয়েছেন কাঙ্ক্ষিত শিরোপা। তাঁর গোলেই গত বছর এফএ কাপ ফাইনালে স্টোককে হারায় সিটি। বার্সেলোনায় নিয়মিত ছিলেন না। তবে ইংলিশ চ্যাম্পিয়নদের অপরিহার্য খেলোয়াড় এই মিডফিল্ডার। গত বছরও পুরস্কারটি জিতেছিলেন। দুর্দান্ত ধারাবাহিকতার পুরস্কার পেলেন এ বছরও। পুরস্কারটা নিতে ওঠার পর আবেগটা যেন বাঁধ মানছিল না তাঁর, ‘আমি অনেক বেশি আবেগাপ্লুত। এ রাতটা আসলেই আমার জন্য বিশেষ একটা রাত।’ আরেকজন বড় দাবিদার ছিলেন তোরেরই স্বদেশি দিদিয়ের দ্রগবা। চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার পর তাঁর পক্ষে বাজি ধরার লোকেরও অভাব ছিল না। আফ্রিকান নেশনস কাপের ফাইনালে পেনাল্টি মিসের খেসারতই হয়তো দিতে হলো এই স্ট্রাইকারকে। মিসরের আল আহলি হয়েছে বর্ষসেরা ক্লাব, আর জাম্বিয়ার ফরাসি কোচ হার্ভে রেনার্ড হয়েছেন বর্ষসেরা কোচ। বর্ষসেরা মহিলা ফুটবল দল ইকুয়েটরিয়াল গিনি। এএফপি, রয়টার্স।