ইয়াংয়ের মতামতের অপেক্ষায় মাশরাফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেভিড ইয়াং কী বলেন, সেটি জানা যাবে আগামীকাল। তবে বিসিবির চিকিৎসকদের মেডিকেল রিপোর্ট অনুযায়ী একটা ধারণা পাওয়া যাচ্ছে। সেটি হলো, ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাশরাফি বিন মুর্তজার শ্রীলঙ্কায় যাওয়ার সম্ভাবনা খুবই কম। আরেক পেসার শফিউল ইসলামও যেতে পারবেন না। এ অবস্থায় টেস্ট সিরিজ শেষে দলের সঙ্গে কারা যোগ দেবেন, তা ঠিক করাটা চ্যালেঞ্জই হয়ে দাঁড়িয়েছে নির্বাচকদের জন্য।একটি সূত্র জানাচ্ছে, বিসিবির চিকিৎসকদের কাছে সাত-আটজন ক্রিকেটারের ফিটনেস সম্পর্কে জানতে চেয়েছে নির্বাচক কমিটি। চিকিৎসকেরা জবাবে জানিয়েছেন, পুরোপুরি সুস্থ হতে মাশরাফির লেগে যাবে আরও সাত থেকে ১০ দিন। শফিউলের প্রয়োজন অন্তত তিন সপ্তাহ। অবশ্য মাশরাফির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অনেকটাই নির্ভর করছে ডেভিড ইয়াংয়ের মতামতের ওপর। ইয়াংকে দেখাতে আবদুর রাজ্জাকের মাধ্যমে শ্রীলঙ্কায় পাঠানো হয়েছে মাশরাফির গোড়ালির স্ক্যান রিপোর্ট। কিন্তু এই মুহূর্তে গলেতে না থাকায় এখনো ইয়াংয়ের হাতে পৌঁছায়নি সেসব। আশা করা হচ্ছে, মাশরাফির হাঁটুতে অস্ত্রোপচার করা অস্ট্রেলিয়ান এই চিকিৎসককে আগামীকাল রিপোর্ট দেখানো যাবে।মাশরাফি-শফিউলকে নিয়ে অনিশ্চয়তায় বিকল্প পেসার হিসেবে নির্বাচকদের চিন্তায় ভালোভাবেই ঠাঁই পাচ্ছেন নাজমুল হোসেন। নাজমুলের হাঁটুতে সমস্যা আছে এবং পুরোপুরি চোটমুক্ত হতে অস্ত্রোপচারই একমাত্র উপায়। তবে আপাতত বড় কোনো সমস্যা না থাকায় এই চোট নিয়েও খেলা চালিয়ে যেতে পারবেন তিনি। নির্বাচকেরা জানতে চেয়েছেন তাসকিন আহমেদের ফিটনেস সম্পর্কেও। কিন্তু অল্প বয়সেই অনেক চাপ নিয়ে ফেলেছে তরুণ এই পেসারের হাঁটু। তাই তাসকিনের ওপর এখনই বাড়তি চাপ না দেওয়ার নাকি পরামর্শ গেছে বিসিবির মেডিকেল রুম থেকে। বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন অবশ্য পুরোপুরি ফিট। সুস্থ হয়ে গেছেন হ্যামস্ট্রিং চোটের কারণে টেস্ট দল থেকে ছিটকে পড়া এনামুল হক জুনিয়রও।ওদিকে অস্ট্রেলিয়া থেকে অস্ত্রোপচার করে আসা সাকিব আল হাসানের সেলাই কাটার কথা আজ। তবে দেশে ফেরার পর থেকে চলছে তাঁর পুনর্বাসন প্রক্রিয়া।