কানাঘুষা, ফিসফিসানি। শেষ পর্যন্ত আর গুঞ্জন থাকেনি, সমালোচনা হয়েছে প্রকাশ্যেই। ইয়ে শিউয়েনের দুর্দান্ত পারফরম্যান্সের ‘আসল কারণ’ নিয়ে নিন্দুকেরা যখন সরব, সেই সময় ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে সোনা জিতে পাল্টা জবাবই দিলেন চীনের এই ষোড়শী, সেটিও অলিম্পিক রেকর্ড গড়ে। ২ মিনিট ৭.৫৭ সেকেন্ড সময় নিয়েছেন তিনি। তাঁর চেয়ে দশমিক ৫৮ সেকেন্ড সময় বেশি নিয়ে রুপা জিতেছেন অস্ট্রেলিয়ার অ্যালিসিয়া কুটস। যুক্তরাষ্ট্রের কেটলিন লেভারেঞ্জ জিতেছেন ব্রোঞ্জ।চার দিন আগে ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে বিশ্ব রেকর্ড গড়ে সোনা জেতার পরই সন্দেহের তির ধেয়ে আসে তাঁর দিকে। শেষ ল্যাপটা এত দ্রুত সাঁতরেছেন ইয়ে যে পুরুষদের একই ইভেন্টে সোনাজয়ী রায়ান লোকিটর চেয়েও যেটি ছিল দ্রুত। সংশয়বাদীদের যুক্তি—এখান থেকেই বোঝা যায়, ইয়ের পারফরম্যান্সের পেছনে আছে নিষিদ্ধ ড্রাগ। তবে তাঁর পক্ষেও বলছেন অনেকে। ইয়ের সমালোচকদের ‘বর্ণবাদী’ও বলা হয়েছে। বলা হয়েছে, এঁরা তিলকে তাল করছেন। এমনও নয় ইয়ে আকাশ ফুঁড়ে নেমেছেন। ২০১০ শর্ট কোর্স বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুটো রুপা আছে তাঁর। ওই বছর এশিয়ান গেমসে দুটো সোনা জিতেছেন। সোনা জিতেছেন গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপের ২০০ মিটার মিডলেতেও। একের পর এক সিঁড়ি ভেঙেই তবে আজ এই পর্যন্ত এসেছেন।এ নিয়ে গত কয়েক দিনে আলোচনা-সমালোচনা কম হয়নি। মাত্র ১৬ বছর বয়সী একজন কিশোরী কীভাবে এই প্রচণ্ড মানসিক চাপ সামলে ওঠে, সেটাই ছিল দেখার। তবে বয়স কম হলেও মানসিকভাবে তিনি যে অন্য ধাতুতে গড়া, সেটাই বুঝিয়ে দিলেন পরশু। পুলে তো বটেই, এরপর সংবাদ সম্মেলনেও। এদিন এক সাংবাদিক কোনো রাখঢাক না করে সরাসরি প্রশ্ন করেন, তিনি আদৌ কখনো পারফরম্যান্স-বর্ধক ড্রাগ ব্যবহার করেছেন কি না। অনুবাদকের সাহায্য নিয়ে ইয়ে দৃঢ়ভাবে জবাব দেন, ‘একদমই না। আমার সঙ্গে অন্যায় করা হচ্ছে। তবে এসব আমাকে মোটেও প্রভাবিত করতে পারছে না। আমি আমার সতীর্থ আর কোচ, বাবা-মাকে এর জন্য ধন্যবাদ দিতে চাই। তাঁরা আমাকে মানসিকভাবে শক্ত থাকতে সাহায্য করেছেন। এ জন্যই বাইরের শোরগোল আমাকে আক্রান্ত করতে পারছে না।’একাধিক পদকজয়ীদের ব্যাপারেও কেন কেউ প্রশ্ন তোলে না—এই জিজ্ঞাসাও তাঁর। ইয়ে বলেছেন, তাঁর সাফল্যের পেছনে যদি কিছু থাকে সেটা শুধুই কঠোর পরিশ্রম, ‘প্রতিদিন সকালে আড়াই ঘণ্টা অনুশীলন করি, বিকেলে আড়াই ঘণ্টা। নয় বছর ধরে অনুশীলন করছি। প্রত্যেকের পক্ষেই তার নিজের লক্ষ্য অর্জন করা সম্ভব। আমার চোখে প্রত্যেকেই হয়ে উঠতে পারে বিস্ময়কর এক প্রতিভা। অন্য দেশের অনেকেই তো একাধিক পদক জেতে। তখন কিন্তু কেউ তাদের ব্যাপারে প্রশ্ন তুলছে না। তাহলে কেন তারা শুধু আমার ব্যাপারেই এসব বলছে?’ এএফপি, রয়টার্স।