ইয়োভানভস্কিরও পাকিস্তান-ভীতি
ভালোই সমস্যায় পড়েছে বাফুফে। রবার্ট রুবচিচ পাকিস্তানে যেতে চাননি। তাঁর নীরবে বাংলাদেশ ছেড়ে যাওয়ার নেপথ্য কারণ তো এটাও হতে পারে! জাতীয় দলের বিদায়ী ক্রোয়েশিয়ান কোচের জায়গায় যাঁর আজ আসার কথা ছিল, সেই নতুন মেসিডোনিয়ান কোচ জর্জি ইয়োভানভস্কিও আপাতত আসছেন না। পাকিস্তান-ভীতি তাড়া করছে তাঁকেও।পরশু রাতে ইয়োভানভস্কির এজেন্ট বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায়কে ফোন করে বলেছেন, ইয়োভানভস্কির পরিবার চাইছে না, তিনি বাংলাদেশ দল নিয়ে পাকিস্তানে যান। কাজেই তাঁর সিদ্ধান্ত, পাকিস্তান ম্যাচ শেষ হলেই বাংলাদেশে আসবেন।বিশ্বকাপ প্রাক-বাছাইয়ে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৯ জুন, ঢাকায়। ফিরতি ম্যাচ লাহোরে ৩ জুলাই। বাফুফে এর আগে ফিরতি ম্যাচটাও ঢাকায় খেলে যেতে অনুরোধ করেছিল পাকিস্তানকে। কিন্তু পাকিস্তান নিরাপত্তার আশ্বাস দেওয়ায় বাফুফে লাহোরে দল পাঠাতে রাজি হয়। অথচ বাফুফে প্রচার করেছিল, তারা ফিফাকে জানালেও ফিফা ম্যাচটা সরিয়ে নিতে রাজি হয়নি।কিন্তু পরে ফিফা জানিয়েছে, বাফুফে ম্যাচটা স্থানান্তরের অনুরোধই করেনি। ফিফা হাটে হাঁড়ি ভাঙার পর বাফুফের বোধোদয় হয়েছে এবং গত পরশু ফিফাকে আনুষ্ঠানিক চিঠি লিখে ফিরতি ম্যাচটা ঢাকায় অথবা অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের আবেদন জানিয়েছে। বিষয়টা এশিয়ান ফুটবল কনফেডারেশনকেও জানানো হয়েছে বলে কাল দাবি করেছে বাফুফে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দুটি ম্যাচের সময়সূচি ঠিক হয়েছিল অনেক আগেই। তখন সন্ত্রাসকবলিত দেশ পাকিস্তানে না যাওয়ার ব্যাপারে ফিফাকে জানালে ঘটনা এত দূর গড়াত না বলেই ধারণা। বাদল রায়ও এটা মানছেন, ‘আগেই উদ্যোগটা নিলে হয়তো এই পরিস্থিতি এড়ানো যেত। যা-ই হোক, এখন দেখি ফিফা কী উত্তর দেয়।’ম্যাচটা স্থানান্তরিত হলেও হাতে সময় কম। বাংলাদেশ দলকে নেমে পড়তে হচ্ছে প্রস্তুতিতে। ইয়োভানভস্কি আপাতত না আসায় পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচেই কোচবিহীন থাকছে বাংলাদেশ দল। স্থানীয় কোচ গোলাম জিলানী থাকছেন দলের সঙ্গে। উপদেষ্টা কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন বাফুফে টেকনিক্যাল ডাইরেক্টর আবু জোবায়ের নিপু।কিন্তু ইয়োভানভস্কি আদৌ আসবেন তো? বাফুফে নিশ্চিত নয়। ‘নতুন কোচ যদি আমাদের অনুরোধ ভেবে না দেখে তাহলে আমাদেরও ভেবে দেখার আছে’—কাল বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের বলা এই বক্তব্য কিসের ইঙ্গিতবাহী?না এসেই কি বিদায় নেবেন ইয়োভানভস্কি?