ঈদে সাকিবের উইকেট-উৎসব
ঈদের দিনটা মাঠে থাকতে হতে পারে, এমন অনুমান আগেই করেছিলেন সাকিব আল হাসান। তা-ই হলো। তবে ঈদের দিনটা লর্ডসে ক্রিকেট খেলে কাটানোই বা খারাপ কি! কাউন্টি চ্যাম্পিয়নসশিপে মিডলসেক্সের বিপক্ষে উস্টারশায়ারের ম্যাচ। বাংলাদেশের একদিন আগে, শুক্রবার ছিল ইংল্যান্ডে ঈদ। দিনটা বোলিং-ফিল্ডিং করেই কাটল সাকিবের। তাতে কি সাকিবের উৎসবটা মাটি হলো?মোটেই না। ক্যারিয়ার-সেরা বোলিং করে ঈদের দিনটাকে স্মরণীয় করে রাখলেন বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডার। ৩২ রানে নিয়েছেন ৭ উইকেট, প্রথম শ্রেণীর ক্রিকেটে যা সাকিবের সেরা বোলিং। তাঁর বাঁহাতি স্পিনের জাদুতে মাত্র ৬৬ রানেই অলআউট হয়ে গেছে স্বাগতিক মিডলসেক্স। প্রথম ইনিংসে ৭৯ রানে পিছিয়ে থাকার পরও উস্টারশায়ারের ১১১ রানের জয় বলতে গেলে সাকিবের একক নৈপুণ্যের ফসল।প্রথম ইনিংসে ৩১৩ রানে অলআউট হয়েছিল উস্টারশায়ার, সাকিব করেছিলেন ৩৪। জবাবে মিডলসেক্সের ৩৯২ রানের ইনিংসে সাকিবের শিকার মাত্র ১ উইকেট। দ্বিতীয় ইনিংসে সাকিব ১০, উস্টারশায়ার ২৫৬। মিডলসেক্সের সামনে জয়ের লক্ষ্য ছিল তাই মাত্র ১৭৮ রান।এই রানটাকেই পাহাড় বানিয়ে দিলেন সাকিব। উস্টারশায়ারের নতুন বলের বোলার রিচার্ডসন ২২ রানের মধ্যে দুই ওপেনারকে ফিরিয়ে দেওয়ার পর শুরু সাকিবের ধ্বংসযজ্ঞ। পরপর দুই ওভারে ২ উইকেট নিয়ে স্কোর বানিয়ে দিলেন ৪ উইকেটে ৩৭। সেখান থেকে ৫৪ রানে যাওয়ার পরই মরণশেলটা হানেন সাকিব। এক ওভারে তিন উইকেট নিয়ে মিডলসেক্সকে পরিণত করেন ৭ উইকেটে ৫৪ রানে। ইনিংসের ২০তম এই ওভারের প্রথম, তৃতীয় ও ষষ্ঠ বলে তিন উইকেট; যার প্রথমটি টেস্ট খেলোয়াড় ওয়াইজ শাহর। পরে আরও ২ উইকেট নিয়েছেন সাকিব, নিজের দ্বাদশ ওভারের প্রথম বলে শেষ উইকেটটি নিয়ে ম্যাচের সমাপ্তিও টানলেন তিনিই।এর আগে প্রথম শ্রেণীর ম্যাচে সাকিবের সেরা বোলিং ছিল ২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে (৭/৩৬)। তথ্যসূত্র: ওয়েবসাইট।