ঈদের আগে সুখবর নেই সাকিবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনুষ্ঠানিকভাবে আইসিসি প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর দেশে ফিরে সংবর্ধনা পেয়েছেন আ হ ম মুস্তফা কামাল। তবে কাল পেলেন সেই প্রতিষ্ঠান থেকে, যেটা ছিল তাঁর আইসিসিতে যাওয়ার সিঁড়ি। বিসিবির সাবেক প্রধান ও আইসিসির বর্তমান প্রধানকে কাল সংবর্ধনা দিল বিসিবি। যেহেতু রমজান মাস, সংবর্ধনা হলো তাই ইফতার মাহফিলে। বিসিবির বর্তমান আর সাবেক প্রধানের সংক্ষিপ্ত বক্তৃতাপর্বে পরস্পর ধন্যবাদ প্রদান, কৃতজ্ঞতা প্রকাশ হলো। দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার কথা শোনা গেল।তবে এসব ছাপিয়ে একটা সময় সবকিছুই এসে ঠেকল ওই এক ইস্যুতেই। বিসিবির প্রধান নাজমুল হাসান যখন মুখোমুখি হলেন সংবাদ মাধ্যমের—প্রসঙ্গ একটিই। সাকিব আল হাসান!

নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করেছেন সাকিব, সেই চিঠি আবার বেশ মনে ধরেছে বোর্ড প্রধানের—এসবই পুরোনো খবর।কাল নতুন যা জানালেন নাজমুল হাসান, ঈদের আগে সাকিবের ব্যাপারে নতুন কোনো সিদ্ধান্ত হচ্ছে না। ঈদের পর বোর্ড সভা করেই বিবেচনা করা হবে সাকিবের আবেদন।

তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে যে সাকিবের যাওয়া হচ্ছে না, সেটা কাল আবারও জানিয়ে দিয়েছেন বিসিবির প্রধান, ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে আমি কোনো সম্ভাবনা দেখছি না। তবে একটা কথা বলতে পারি, সাকিবের চিঠিটি অত্যন্ত ভালো ও সুন্দর হয়েছে। আমাদের, অন্তত আমার খুব মনে লেগেছে। যেদিন থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেদিন থেকে তাঁর কোনো ব্যবহারই আমাদের কাছে নেতিবাচক মনে হয়নি। এই প্রথম কিন্তু তাঁর মাঝে আমরা ইতিবাচক কিছু দেখতে পাচ্ছি।’ সাকিবের পরিবর্তনটা বোর্ড সভাপতির পছন্দ হলেও ঈদের আগে তাঁকে কোনো সুখবর দিতে পারছেন না তিনি, ‘যেহেতু সাত-আট দিন পরই ঈদ, দুদিন পর বন্ধই হয়ে যাচ্ছে সবকিছু, এর মাঝে আমরা বোর্ড সভায় বসতে পারব না। ঈদের পর পর যত তাড়াতাড়ি সম্ভব আমরা সভা করব।’

বিসিবির কাছে শাস্তি পুনর্বিবেচনার আবেদনের পাশাপাশি পরশু সবার উদ্দেশে একটি লিখিত বক্তব্যও পাঠ করেছেন সাকিব। সাকিবের সে আবেগময় বক্তব্য ছুঁয়ে গেছে আসলে অনেকের হৃদয়ই। বোর্ড প্রধানেরও যখন ভালো লেগেছে, সিদ্ধান্ত তিনি নিজেও নিতে পারতেন। তবে আগের ধারাবাহিকতা রক্ষার্থেই একক সিদ্ধান্ত নিতে চাইছেন না নাজমুল হাসান, ‘আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম, সিদ্ধান্তটি ছিল বোর্ডের। এখন আপিলের পরে বোর্ডেই আবার সিদ্ধান্ত হবে। ইচ্ছে করলে সিদ্ধান্তটা আমি নিতে পারি, গঠনতন্ত্রে সেই ক্ষমতা আমাকে দেওয়া আছে। কিন্তু এত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত আমি একা নিতে চাই না।’

একের পর এক শৃঙ্খলা ভঙ্গের কারণে সাকিবের শাস্তি প্রাপ্যই ছিল। তবে অনেকেই মনে করেন, বোর্ডের দেওয়া শাস্তিটা একটু বেশিই হয়ে গেছে। যদিও নাজমুল হাসানের দাবি, ‘আমরা যখন সিদ্ধান্ত নিয়েছিলাম, ৯০ ভাগ বোর্ড পরিচালকের মত ছিল আরও বড় শাস্তির পক্ষে। আমরা সেটা কমিয়ে এনেছি। আমরা ক্রিকেটারদের বিপক্ষে না। আর সাকিবের মতো তারকা ক্রিকেটার সব সময় খেলুক, এটাই আমরা চাই। ও আমাদের গৌরব। আমরা চাচ্ছি, খেলার সঙ্গে সঙ্গে তার মানবিক গুণাবলিরও উন্নতি হোক।’

তবে নিষেধাজ্ঞাই যে চূড়ান্ত সমাধান নয়, সেটি শেষ পর্যন্ত স্বীকার করেছেন বোর্ডপ্রধান, ‘সাকিবসহ সবার মানসিকতায় পরিবর্তন আনার দায়িত্ব আমাদের। খেলোয়াড় কথা না শুনলে তাকে বাদ দেওয়াই সমাধান নয়। এসব নিয়ে আমরা আলোচনা করছি। প্রয়োজনে বাইরে থেকে বিষেশজ্ঞ এনে কাজ করা হবে।’