ঈদের পর কাজে নামবেন হারুন

অলিভার কার্টজকে বরখাস্ত করে মাহবুব হারুনকে দায়িত্ব দিয়েছে হকি ফেডারেশন। পরশু হারুনকে নিয়োগপত্রও দেওয়া হয়েছে ১২-২২ অক্টোবর ঢাকায় অনুষ্ঠেয় এশিয়া কাপ পর্যন্ত। মাহবুব কাজ শুরু করবেন পবিত্র ঈদুল ফিতরের পর ৫ জুলাই থেকে। এর আগেও একাধিকবার হারুন জাতীয় দলের কোচ ছিলেন। সর্বশেষ কাজ করেছেন গত বছরের শুরুতে গুয়াহাটিতে অনুষ্ঠিত এসএ গেমসে।
ওদিকে ফ্লাইট মিস করায় এক দিন দেরিতে আজ ঢাকায় আসছেন বরখাস্ত হওয়া জার্মান কোচ কার্টজ। আসার পরই বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতির সঙ্গে তাঁর দেখা করার কথা রয়েছে। ভিসার মেয়াদ বাড়াতে দেশে গিয়েই সোমবার বরখাস্ত হওয়ার কথা জেনেছেন কার্টজ। কিন্তু হকি ফেডারেশনের এই সিদ্ধান্ত মানতে পারছেন না বলে কার্টজ ঢাকায় আসছেন ব্যাখ্যা চাইতে। ব্যাখ্যা মনঃপূত না হলে আন্তর্জাতিক হকি ফেডারেশনের কাছে অভিযোগ জানাতে পারেন এই কোচ।
তবে বাংলাদেশ হকি ফেডারেশন বলেছে, ফেডারেশনকে না জানিয়ে অলিভার ঢাকা ছেড়ে চুক্তির শর্ত ভঙ্গ করায় তাঁকে বরখাস্ত করা হয়েছে।