মহিলা ক্রীড়া সংস্থার নির্বাচিত কমিটি ভেঙে কমপ্লেক্সে তালা লাগানো হয়েছে। নজিরবিহীন এ ঘটনা ভালোভাবে নিতে পারছে না ক্রীড়াঙ্গন। কাল দিনভর এটা নিয়েই আলোচনা ছিল সবখানে।হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর বলেছেন, ‘মহিলা ক্রীড়া সংস্থার কমিটি ভাঙার প্রক্রিয়াটা গ্র্রহণযোগ্য নয়। অভিযোগ থাকলে শোকজ করা যেত। বক্তব্য মনঃপূত না হলে ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল। সে ক্ষেত্রে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর কাম্য। কিন্তু এখানে তা হয়নি। এটা দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত।’নির্বাচিত কমিটি বলছে, তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে গোটা পরিস্থিতি তুলে ধরবে। ঈদের পর আদালতে মামলা করা হবে। নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মাহফুজা আক্তারের দাবি, ‘সারা দেশ থেকে অনেকেই যোগাযোগ করে আমাদের সমর্থন দিয়েছে। আমরা এই অন্যায় কোনোভাবেই মেনে নেব না। এ জন্য করণীয় সবই আমরা করব। কারণ আমাদের সময়ে মহিলা ক্রীড়া সংস্থায় অনেক কাজ হয়েছে।’হঠাৎ দায়িত্ব পাওয়া আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক কামরুন নাহার ডানার কথা, ‘সরকার দায়িত্ব দিয়েছে, আমরা নিয়েছি। আমাদের বিরুদ্ধে আনা সব অভিযোগই ভিত্তিহীন। আগের কমিটি মাসে ৩-৪টা খেলা আয়োজন করেছে, টাকাপয়সা লুট করেছে—এসব অভিযোগ একেবারেই অসত্য। আমরা ভালোভাবেই আগেরবার মহিলা ক্রীড়া সংস্থা চালিয়েছি।’ওদিকে জাতীয় ক্রীড়া পরিষদের আনা সব অভিযোগ উড়িয়ে দিয়ে মাহফুজা বলেছেন, ‘ক্রীড়া পরিষদ বলেছে, আমরা নাকি গত তিন বছরে পরিষদের দেওয়া অনুদান খরচের অডিট রিপোর্ট দিইনি। নিয়ম হলো, প্রতিবছর অডিট রিপোর্ট জমা না দিলে পরের বছরের অনুদান পরিষদ দেয় না। তাহলে অডিট রিপোর্ট ছাড়া আমাদের তিন বছরের অনুদান কীভাবে দিল? আসলে এসব মিথ্যা অপবাদ। প্রতিটি খরচের অডিট রিপোর্ট দেওয়া আছে পরিষদকে। এমন মিথ্যা কথা বলা উচিত নয়।’