ঈদের পরই আকরামের পদত্যাগ
বিসিবির পরবর্তী প্রধান নির্বাচক কে—প্রশ্নটা এখন করাই যায়। কারণ, আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জাতীয় দল নির্বাচনে থাকছেন না আকরাম খান। পবিত্র ঈদুল ফিতরের পরপরই প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ানোর চিন্তাভাবনা করছেন তিনি। ‘এ’ দলের সফরসঙ্গী হিসেবে ইংল্যান্ডে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তাই যাচ্ছেন না। বিসিবির নির্বাচনে অংশ নিতেই আকরামের এই পদত্যাগের সিদ্ধান্ত।সিদ্ধান্তটা নিশ্চিত করে কাল আকরাম নিজেই বললেন, ‘আমি হয়তো ঈদের পরপরই বোর্ডকে পদত্যাগের চিঠি দেব। সে জন্য ইংল্যান্ডেও যাচ্ছি না। বিসিবির নির্বাচনে অংশ নেওয়ার চিন্তাভাবনা করছি। নির্বাচনের প্রক্রিয়া শুরু করার জন্যই আমার সরে দাঁড়ানো দরকার।’ কাউন্সিলরদের নাম পাঠানোর জন্য ১২ আগস্ট সব জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং ক্লাবগুলোকে চিঠি দেওয়ার কথা বিসিবির। আকরামের পদত্যাগ করার কথা তার আগেই।তবে আকরাম গঠনতন্ত্রের কোন শ্রেণীতে বোর্ড পরিচালক পদে নির্বাচন করেন, সেটা নিয়ে গুঞ্জন আছে। অনেকের ধারণা জাতীয় ক্রীড়া পরিষদের কোটাতেই হয়তো বোর্ডে আসবেন তিনি। যদিও আকরামের কথায় খুঁজে পাওয়া যায় নির্বাচনী সুর, ‘আমি চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবেই নির্বাচনে অংশ নিতে চেষ্টা করব।’ বিসিবির নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে আকরাম নিজে যেমন আগ্রহী, তেমনি বর্তমান সভাপতি নাজমুল হাসানও তাঁর পরিষদে দেখতে চান জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে। ‘চট্টগ্রামের ক্রিকেট একসময় খুব জমজমাট ছিল। অনেক ক্রিকেটার উঠে এসেছে সেখান থেকে। বিসিবির বর্তমান সভাপতি মনে করেন, চট্টগ্রামের ক্রিকেটের সেই দিন আবার ফিরিয়ে আনা সম্ভব। আমিও সে লক্ষ্যেই ক্রিকেট বোর্ডে আসতে চাই’—বলেছেন আকরাম। নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে সম্প্রতি নাজমুল হাসানের সঙ্গে তাঁর একান্ত আলোচনা হয়েছে বলেও জানা গেছে।আকরাম খান নির্বাচক কমিটিতে প্রথম আসেন ২০০৭ সালের মে মাসে। ফারুক আহমেদের নির্বাচক কমিটি থেকে গোলাম নওশের প্রিন্স পদত্যাগ করে যুক্তরাষ্ট্র পাড়ি জমালে নির্বাচক হিসেবে অভিষেক হয় আকরামের। এরপর ছিলেন রফিকুল আলমের নির্বাচক কমিটিতেও। ২০১১-এর জুনে তো হয়ে গেলেন প্রধান নির্বাচকই। ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত মোট তিনটি নির্বাচক কমিটিতে থাকা আকরাম মনে করেন, বোর্ড পরিচালক হলে ক্রিকেট নিয়ে আরও বেশি কাজ করতে পারবেন, ‘নির্বাচক থাকাকালে সবার সাহায্য-সহযোগিতা পেয়েছি। সেটা না হলে এত দিন কাজ করতে পারতাম না। আমি আমার কাজে ব্যক্তিগতভাবে সন্তুষ্টও। তবে কিছু সীমাবদ্ধতা তো থাকেই। আমার মনে হয় সরাসরি বোর্ড পরিচালক হিসেবে থাকতে পারলে দেশের ক্রিকেটকে আরও বেশি করে সাহায্য করতে পারব।’আকরাম পদত্যাগ করলে প্রধান নির্বাচক কে হবেন, তা নিয়ে গুঞ্জন শুরু হয়ে গেছে। বর্তমান নির্বাচক কমিটির সদস্য জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীনের নামটাই এখন পর্যন্ত বেশি শোনা যাচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এ ব্যাপারে বোর্ড বর্তমান প্রধান নির্বাচক আকরাম খানের পরামর্শও নেবে বলে জানা গেছে।ইনসেট: ‘আমার মনে হয় সরাসরি বোর্ড পরিচালক হিসেবে থাকতে পারলে দেশের ক্রিকেটকে আরও বেশি করে সাহায্য করতে পারব’—আকরাম খান