ঈদের পরই আকসুর রিপোর্ট
বিপিএল ফিক্সিং নিয়ে আকসুর তদন্ত রিপোর্ট বিসিবির হাতে আসার কথা আগস্টে। কাল আরেকবার এটি নিশ্চিত করে নির্দিষ্ট সময়ও দিয়ে দিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান, ‘৫ আগস্টের মধ্যে তদন্ত শেষ হয়ে যাওয়ার কথা। তারা (আকসু) চেয়েছিল ৭-৮ আগস্ট আসতে। তবে আমি তাদের বলেছি, ঈদের পর ১২ আগস্ট আসতে। তারা হয়তো ১১, ১২ বা ১৩ আগস্ট আসবে।’বিপিএলে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছেন মোহাম্মদ আশরাফুল। তবে আশরাফুল একা নন, আকসুর প্রতিবেদনে আসতে পারে আরও কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারের নাম। মিরপুরে কাল বিসিবির সভাপতির কথায়ও থাকল সেই আভাস, ‘আশরাফুলের চেয়ে বড় কোনো নাম নেই। আরও কিছু নাম থাকলেও থাকতে পারে। তবে আমি নির্দিষ্ট কারও নাম এখনো শুনিনি।’আকসুর তদন্তের বাইরে বাংলাদেশের ক্রিকেটে এখন একটাই আলোচনা—বিসিবির নির্বাচন। আদালতের সিদ্ধান্ত পেয়ে এ মাসের মধ্যেই জাতীয় ক্রীড়া পরিষদকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলবে বিসিবি। নাজমুল হাসান জানালেন, নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হবে সেপ্টেম্বরের মধ্যেই, ‘সেপ্টেম্বরের মধ্যে আমরা এটা শেষ করব। তার আগে আমাকে এনএসসির সঙ্গে বসতে হবে। আইনি পরামর্শও নিতে হবে। তবে যেটাই হোক, আমাদের এক মাসের মধ্যে সব শেষ করতে হবে।’সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা নেই নাজমুল হাসানের। আইসিসি থেকেও নাকি সভাপতির প্রতি নিরপেক্ষ অবস্থানে থাকার নির্দেশনা আছে। তবে বিসিবির নির্বাচনে পরোক্ষে হলেও একটা পরিষদ থাকবে নাজমুল হাসানের। সেটির মূল শক্তি ধরা হচ্ছে ঢাকার ৩২টা ক্লাবকে। নির্বাচনে এই ক্লাবশক্তিকে পক্ষে নিয়ে আরও কয়েকজনকে পাবেন বলেই বিশ্বাস নাজমুলের, ‘আমি অভিজ্ঞদের চাচ্ছি, সঙ্গে কিছু খেলোয়াড়কেও। চট্টগ্রাম থেকে যেমন নাসির সাহেব (আ জ ম নাসির) আসবেন, আমরা সেখান থেকে আকরাম খানকেও চাচ্ছি। বাকিদের নিয়ে আমরা চিন্তিত নই। চট্টগ্রাম থেকে যদি আমরা আকরামকে পাই, ঢাকা থেকে দুর্জয় (নাঈমুর) বা সুজন (খালেদ মাহমুদ) আসে, তাহলে অন্যান্য জায়গায় কী হচ্ছে, সেটা আমরা জানতেও চাই না।’আগামীকাল বিসিবির সভা আছে। এই সভাতেই এনএসসিকে নির্বাচনী প্রক্রিয়া শুরু করার অনুরোধ জানানোর সিদ্ধান্ত হওয়ার কথা।