ঈশ্বর-শরণে ম্যারাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মান ফুটবল ফেডারেশনকে ভালো একটা পরামর্শ দিয়ে রেখেছেন ডিয়েগো ম্যারাডোনা। পাঠিয়ে দিতে বলেছেন চার্টার্ড বিমানটি। যেন লাম-ক্লোসারা ঠিকমতো বাড়ি ফিরে যেতে পারেন। আর্জেন্টিনা কোচ নিশ্চিত, কোয়ার্টার ফাইনালেই শেষ হয়ে যাচ্ছে জার্মানির বিশ্বকাপ!না, তারুণ্যের বিজয় কেতন উড়িয়ে সদম্ভে এগিয়ে চলা দলটির প্রতি কোনো অবজ্ঞা নেই তাঁর। আসলে গত চার ম্যাচে ১০টি গোল করা এবং দুটি গোল খাওয়ার পর ম্যারাডোনা যেমন আত্মবিশ্বাসে টইটম্বুর। এটাও ঠিক, এই একটা জিনিসের অভাব ম্যারাডোনা বোধ করেননি কখনোই—আত্মবিশ্বাস।আর্জেন্টিনা কোচের এক কথা, ‘আমরা দক্ষিণ আফ্রিকায় ছুটি কাটাতে আসিনি। আমরা আমাদের জীবনবাজি রেখেছি যেন দেশের মানুষ আমাদের নিয়ে গর্ব করে।’ তবে মেক্সিকো-বাধা যেভাবে পার করে এসেছেন, তার চেয়ে শতগুণ বেশি চ্যালেঞ্জ যে অপেক্ষা করছে সামনে, এটিও ভালো করেই জানা আছে তাঁর, ‘মেক্সিকো আর জার্মানি এক নয়। এরা অনেক বেশি শক্তিশালী। জার্মানির বিপক্ষে আমরা সেরা দলটাই নামাব। এমন একটা দল, যেটি আমাকে জয়ের নিশ্চয়তা দেবে।’ কোত্থেকে এত আত্মবিশ্বাসের জোগান আসে? ঈশ্বর! আর্জেন্টিনা সমর্থকদের ম্যারাডোনা আশ্বস্ত করেছেন এই বলে, ‘ঈশ্বর আমাদের ফাইনাল পর্যন্ত পৌঁছে দেবেন নিশ্চয়ই।’ম্যারাডোনা ফাইনালে দলকে নিয়ে যেতে চান আরেকজনের জন্য। ম্যারাডোনার বাবা জানিয়েছেন, আর্জেন্টিনা যদি ফাইনালে ওঠে, তবেই তিনি যাবেন দক্ষিণ আফ্রিকায়। ‘বুড়ো লোকটা আমাকে বলেছে, তাঁর কিছু স্বাস্থ্যের সমস্যা আছে। তার পরও তিনি এখানে আসবে যদি আমরা ফাইনালে যেতে পারি’—বলেছেন ম্যারাডোনা।ডাগ-আউটের দাঁড়িয়ে থাকা আর্জেন্টিনা কোচটিকে জার্মানরা ভালো করেই চেনে। এই ম্যারাডোনার আর্জেন্টিনার বিপক্ষেই তো ১৯৮৬ আর ১৯৯০ ফাইনাল খেলেছে জার্মানরা। ম্যারাডোনা তখন অধিনায়ক ছিলেন আর এখন কোচ।সেই ম্যারাডোনাকে সামনে পেয়ে পুরোনো ‘বন্ধু’দের মুখের অর্গলও যেন খুলে গেছে। সাবেক জার্মান অধিনায়ক লোথার ম্যাথাউস যেমন বলছেন, ‘প্রিয় ডিয়েগো, শনিবারই তোমার যাত্রা শেষ। তবে তুমি যদি আমাদের সঙ্গে উদ্যাপন করতে চাও তো যোগ দিতে পারো।’ রুডি ফোলার অবশ্য এতটা আক্রমণাত্মক নন, ‘হারজিত খেলারই একটা অংশ। তবে আমাদেরই জয়ের সম্ভাবনা বেশি।’ এমন দার্শনিকসুলভ মন্তব্যের ধার ধারেননি টমাস হাসলার, ‘ডিয়েগো? ও তো স্রেফ বেঞ্চেই বসে থাকবে।’ ওয়েবসাইট।