ঈশ্বরই দেখে রাখেন নাভাসকে!

কোস্টারিকার ম্যাচের আগে দৃশ্যটা নিয়মিত। হাঁটু গেড়ে অসীম নীলিমায় তাকিয়ে বিড়বিড় করছেন কেইলর নাভাস। ধর্মভীরু গোলরক্ষক ম্যাচ শুরুর আগে প্রণতি জানান পরম করুণাময়কে। প্রতি ম্যাচের আগেই নাভাসের এই আচার নিয়ে কেউ কেউ ব্যঙ্গ করতে ছাড়েনি। কেউ আবার খোঁচা মেরে বলেছে এটা ‘লোক দেখানো আদিখ্যেতা।’ নাভাস চুপচাপ সয়ে গেছেন সব। এখন ঈশ্বরের প্রতি বিশ্বাসটা আরও দৃঢ় হওয়ারই কথা। ওপরওয়ালার আশীর্বাদ ছাড়া বিশ্বকাপটা এমন স্বপ্নের মতো যায় না!
ঈশ্বরের আশীর্বাদ কয়েক বছর থেকেই সঙ্গী নাভাসের। নইলে দ্বিতীয় বিভাগের ক্লাব আলবাসেতে যখন অবনমিত হয়ে গেল, পাকেচক্রে নাভাস লেভান্তেতে সুযোগ পেয়ে যান কীভাবে? লেভান্তেতে আসার পরও বেঞ্চে বসে থাকাই হয়তো নিয়তি ছিল। কিন্তু নিয়মিত গোলরক্ষক গুস্তাভো মুনুয়া কোচের আনুকূল্যবঞ্চিত হলে সুযোগটা এমনভাবেই কাজে লাগান যে পরে দলে জায়গা নিয়ে আর প্রশ্ন ওঠেনি । গত মৌসুমে লা লিগায় আলো ছড়িয়েছেন। অ্যাটলেটিকো মাদ্রিদের থিবো কোর্তোয়ার পর নাভাসেরই সবচেয়ে বেশি ম্যাচে গোল না খাওয়ার রেকর্ড ছিল। লা লিগায় মাসের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন একবার।
তবে বিশ্বকাপের মতো বড় মঞ্চে আলো ছড়াতে না পারলে কি নাভাসকে নিয়ে এই মাতামাতিটা হতো? ইংল্যান্ড, ইতালি, উরুগুয়ের গ্রুপ থেকে কোস্টারিকা চ্যাম্পিয়ন হবে, বিশ্বকাপের আগে এটা কেউ বললে তাঁকে নির্ঘাত পাগল ঠাওরাত। কোস্টারিকার এই অভিযানে নাভাস অগ্রবর্তী সৈনিক। এ পর্যন্ত কোস্টারিকার জালে দুবারের বেশি বল ঢুকতে দেননি। বলতে গেলে তাঁর কাঁধে চড়েই গ্রিস-বাধাটা পেরিয়েছে দল। নির্ধারিত সময়েই দুর্দান্ত কিছু সেভ করেছেন, চোট নিয়েও বীরত্ব দেখিয়েছেন পরে টাইব্রেকারে।
২৭ বছর বয়সী গোলরক্ষক দাবি করতে পারেন, এটা তো তিনি আগেই জানতেন। বিশ্বকাপ শুরুর আগেই বলেছিলেন, ‘আমরা পরের পর্বে যাচ্ছি। এখন আমাদের সঙ্গে ইতালি বা অন্য কে যাবে সেটাই প্রশ্ন।’ চাইলে আপনি গণক বলতে পারেন, কিন্তু নাভাসের এই আত্মবিশ্বাসের উৎস কি স্রষ্টার প্রতি অবিচল আস্থা?
সেই আত্মবিশ্বাস সঙ্গী করেই আজ হল্যান্ডের মুখোমুখি হবেন। একটু অনিশ্চয়তা অবশ্য ঘুরপাক খাচ্ছিল তাঁকে ঘিরে, অনুশীলনে চোট পেয়েছিলেন কাঁধে। তবে সেটি গুরুতর কিছু নয়। কোস্টারিকার স্বপ্নগাড়িকে সচল রাখতে হলে নাভাসকে নামতেই হবে, আর নার্ভাস হলে চলবে না!