ঈশ্বরের আরেক হাত
ডিয়েগো ম্যারাডোনার পর লিওনেল মেসি; হাত দিয়ে গোল করে পার পেয়ে গেছেন দুই আর্জেন্টাইন তারকা। ম্যারাডোনার মতো মেসির গোলেও হাতের ভূমিকাটাকে মহিমান্বিত করতে বলা হয়েছে ‘হ্যান্ড অব গড’! এই সেদিন লুইস ফ্যাবিয়ানোর গোলটার ক্ষেত্রেও সংবাদমাধ্যমে লেখা হলো ‘হ্যান্ড অব গড’।এবার ‘ঈশ্বরের হাত’-এর আরেক দাবিদার উপস্থিত। সংবাদমাধ্যম নয়, ম্যারাডোনার মতো নিজেই ঘোষণা করলেন, ‘হ্যান্ড অব গড’ কাজে লাগিয়েছেন তিনি। এই নতুন ‘ঈশ্বরের হাত’-এর মালিক লুইস সুয়ারেজ। ঘানার বিপক্ষে শেষ মুহূর্তের গোল যেভাবে হাত দিয়ে বাঁচিয়েছেন, তাতে সুয়ারেজকেই দেবতার মর্যাদা দিয়ে ফেলার কথা উরুগুয়ের লোকজনের। তা সতীর্থ-সমর্থকদের কাছ থেকে ‘মর্যাদা’ সুয়ারেজ পাচ্ছেন। ১-১ গোলে অমীমাংসিত খেলার অতিরিক্ত ৩০ মিনিটেরও ইনজুরি সময়ের ঘটনা। গোলরক্ষকের বাঁচানো বলে দু দফা আক্রমণ করলেন ঘানার খেলোয়াড়েরা। এবার বল ঢুকেই যাচ্ছে জালে। ওদিকে গোলরক্ষক মাটিতে পড়ে আছেন। গোললাইনে দাঁড়িয়ে থাকা সুয়ারেজ শেষ উপায় হিসেবে হাত দিয়ে বল ফিরিয়ে দিলেন।সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখলেন সুয়ারেজ। এরপর পেনাল্টিও দেওয়া হলো উরুগুয়ের বিপক্ষে। কিন্তু ঈশ্বর সত্যিই বুঝি উরুগুয়ের পক্ষে ছিলেন। আসামোয়া জিয়ানের পেনাল্টি শট ক্রসবারে লেগে চলে গেল বাইরে। এরপর টাইব্রেকারেও ভাগ্য তাদের হয়ে হাসল।হাত দিয়ে বল ঠেকানোর কেলেঙ্কারি করেও সুয়ারেজ কেন উল্লাস করবেন না? না, সুয়ারেজের কোনো অপরাধবোধ নেই। তিনি বলছেন, এই ছাড়া আর কিছু করার ছিল না তাঁর, ‘আমাদের বিশ্বকাপ শেষ হয়ে যাচ্ছিল। আমার আর কিছু করার ছিল না। এখন আমিই সেই হ্যান্ড অব গডের মালিক। আমি কাজটা করেছি, যাতে আমার সতীর্থরা অন্তত পেনাল্টি পর্যন্ত যেতে পারে। যখন দেখলাম জিয়ান বলটা বাইরে মেরে দিল, তখন আমি বিরাট আনন্দ পেয়েছি।’সুয়ারেজের কাজে গর্বিত তাঁর স্ট্রাইকিং-সঙ্গী ডিয়েগো ফোরলানও, ‘সুয়ারেজের জন্য এটা (সেমিফাইনাল মিস করা) খুবই কষ্টের ব্যাপার। কিন্তু ও তো আমাদের অসাধারণভাবে বাঁচিয়ে দিল। আমাদের এখন সর্বোচ্চ চেষ্টা করতে হবে। ও ওর কাজটা করে দিয়েছে। গোল করতে পারেনি, কিন্তু একটা গোল সেভ করে আমাদের সেমিফাইনালে তুলে দিয়েছে।’উরুগুয়ের খেলোয়াড়েরা বা লোকজন ব্যাপারটাকে রোমান্টিক চেহারা দিতে পারেন। কিন্তু কাজটা তো অবশ্যই অন্যায় করেছেন সুয়ারেজ। ঘানার খেলোয়াড়েরা তাই দাবি করছেন, পেনাল্টি না দিয়ে সরাসরি গোল ঘোষণা করে দেওয়া উচিত ছিল ওই সময়। ডিফেন্ডার জন পান্টসিল বলছেন, ‘শেষ মিনিটে আমরা একটা গোলই করেছি। কিন্তু রেফারি সেটা বাতিল করে দিয়েছে। গোল না দিয়ে উনি পেনাল্টি দিয়েছেন। এটা পেনাল্টি নয়, গোল।’ এই দাবি দলের গোলরক্ষক রিচার্ড কিংসনেরও। মোটামুটি ঘানার সবার বক্তব্য ‘প্রতারণা’ করে সেমিফাইনালে গেল উরুগুয়ে। এই বক্তব্যটাই মানতে পারছেন না উরুগুয়ে কোচ অস্কার তাবারেজ। তিনি বলছেন, ‘স্রেফ সহজাত প্রবণতা থেকেই ও বলটা হাত দিয়ে ঠেকিয়েছে। ফল হিসেবে সে লাল কার্ড দেখেছে এবং পরের খেলা মিস করছে। ওর কাজের শাস্তি তো ও পাচ্ছেই। কিন্তু ও তো জানত না যে ঘানাইয়ানরা পেনাল্টি মিস করবে। ফলে আমাদের এই জয়টাকে প্রতারণা বলাটা ঠিক হবে না।’ এএফপি।