ঈশ্বরের কাজে ক্রিকেট ছাড়লেন টাইবু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুটা যেমন ছিল, শেষটাও হলো তেমনি চমক-জাগানিয়া। পথচলার শুরু যেমন অল্প বয়সে, শেষটাও হলো খুব দ্রুত। মাত্র ২৯ বছর বয়সেই ক্রিকেট ছেড়ে দিলেন টাটেন্ডা টাইবু। শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, সব ধরনের ক্রিকেটই। জীবনের গতিপথটাই যে বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন! উইকেটকিপার-ব্যাটসম্যান এবার মন দেবেন ধর্মকর্মে। বাকি জীবনটা নিজেকে নিবেদিত রাখতে চান চার্চের কাজে।ক্যারিয়ারের মধ্যগগনে ক্রিকেট ছেড়ে দেওয়া এমনিতেই বিস্ময়কর। টাইবুর ক্ষেত্রে বিস্ময়টা আরেকটু বেশি, কারণ সেপ্টেম্বরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য জিম্বাবুয়ের প্রাথমিক দলেও ছিলেন। চোটের কারণে অবশ্য গত ফেব্রুয়ারির নিউজিল্যান্ড সফর থেকেই দলের বাইরে টাইবু। তবে ক্রিকেট-চোট এসব ছাড়িয়ে তাঁর দর্শন ও ভাবনা এখন আরও বৃহত্তর প্রেক্ষাপটে, ‘আমি অনুভব করছি আমার সত্যিকারের ভবিষ্যৎ লুকিয়ে আছে ঈশ্বরের কাজে। যদিও দেশের হয়ে খেলতে পেরে আমি সৌভাগ্যবান ও গর্বিত, সময় এসেছে আমার পুরো মনোযোগ জীবনের ওই অংশটায় (ঈশ্বরের কাজে) নিবেদিত করার।’২০০০ সালের মার্চে মাত্র ১৬ বছর বয়সে ওয়েস্ট ইন্ডিজে ত্রিদেশীয় সিরিজের দলে জায়গা পান প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকের আগেই। পরের বছরই টেস্ট ও ওয়ানডে অভিষেক। প্রতিভা ও পারফরম্যান্সের জোরে দলে জায়গা পাকা করে নিয়েছিলেন উইকেটরক্ষক হিসেবে অ্যান্ডি ফ্লাওয়ার থাকার পরও। জিম্বাবুয়ের ক্রিকেটের পরিবর্তিত পরিস্থিতির কারণে মাত্র ২০ বছর বয়সেই পেয়ে যান নেতৃত্ব। মনসুর আলী খান পতৌদির ৪২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়ক হয়ে যান ২০০৪ সালে।জিম্বাবুয়ের রাজনৈতিক অস্থিতিশীলতার আঁচ ভালোমতো লাগে তাঁর গায়েও। বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে ২০০৫ সালের নভেম্বরে অবসর নিয়ে ফেলেন। পরের বছর দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান প্রোটিয়াদের হয়ে খেলার আশায়। দীর্ঘ প্রক্রিয়ায় আশাহত হয়ে আবার জিম্বাবুয়েতে ফিরে আসেন ২০০৭ সালে। জাতীয় দলে জায়গাও ফিরে পান। পরের বছর আলোচনায় উঠে আসেন জাতীয় দলের ম্যাচ বাদ দিয়ে আইপিএল খেলে। ২০০৯ সালে বোর্ডের অর্থ ব্যবস্থাপকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পান ১০ ম্যাচের নিষেধাজ্ঞা। গত বছর জিম্বাবুয়ে টেস্ট আঙিনায় ফেরার আগে বোর্ডকে আরেক দফা তুলাধোনা করেন দেশের ক্রিকেটের জন্য যথেষ্ট কাজ না করায়। এবার ক্রিকেট-পারফরম্যান্স-বোর্ড-বিতর্ক, সবকিছুর সঙ্গে সম্পর্ক চুকিয়ে বেছে নিলেন অনাবিল শান্তির পথ। ওয়েবসাইট।