উইকেট কেন এমন!
‘ইয়ে ক্যায়া উইকেট বানায়া হ্যায় তুম লোগ...!’পাকিস্তান দলের আশপাশে যাঁরা থাকছেন, সবাইকেই মুখোমুখি হতে হচ্ছে এমন প্রশ্নের। হোটেলে বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে দেখা হচ্ছে তো জিজ্ঞেস করছেন মিসবাহ-আফ্রিদিরা। পাকিস্তান দলের সঙ্গে থাকা বাংলাদেশি সহকারীদেরও প্রতিনিয়ত বিব্রত করছে একই প্রশ্ন।মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে পাকিস্তান দলের বিস্ময় টি-টোয়েন্টি ম্যাচের আগের দিন থেকেই। পরশু প্রথম ওয়ানডের উইকেট সেই বিস্ময় আরও বাড়িয়ে দিয়েছে। এমনকি কাল ছুটির দিনে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট সদস্যরা গলফ খেলতে গিয়েও ঘুরেফিরে আলোচনায় এনেছেন উইকেট প্রসঙ্গ। আড্ডায় দলের এক কর্মকর্তা নাকি বলেই ফেলেছেন, ‘বাংলাদেশ এই উইকেট কাদের জন্য বানিয়েছে? কাদের বিপক্ষে স্পিনিং উইকেট বানাল তারা—আফ্রিদি, আজমলদের বিপক্ষে! বাংলাদেশের উচিত ছিল আমাদের বিপক্ষে ব্যাটিং উইকেট বানানো।’এর আগে পরশু মাঠেও উইকেট নিয়ে পাকিস্তানি ক্রিকেটারদের টিপ্পনী শুনতে হয়েছে বাংলাদেশি খেলোয়াড়দের। উইকেটের রহস্যময়তাকে রীতিমতো স্লেজিংয়ের বিষয়বস্তু বানিয়ে ফেলেছিলেন পাকিস্তানের স্লিপ ফিল্ডাররা। ‘ব্যাটিংয়ের সময় স্লিপ থেকে ওরা বারবার বলছিল, এটা কী উইকেট বানিয়েছ তোমরা? বল এখানে পড়লে ওখানে যায়...এই উইকেটে তো তোমরাই রান করতে পারবে না!’—কাল বলছিলেন বাংলাদেশ দলের এক ব্যাটসম্যান। আর অধিনায়ক মুশফিকুর রহিম তো উইকেট নিয়ে তাঁর হতাশার কথা জানিয়েছেন পরশু ম্যাচ শেষেই। অধিনায়কত্ব পাওয়ার পর দুই সিরিজে ‘হোম অ্যাডভান্টেজ’ জিনিসটা কী, সেটি নাকি বুঝতেই পারেননি!টি-টোয়েন্টির পর প্রথম ওয়ানডের উইকেট দেখে মনে হওয়া স্বাভাবিক, সাকিব-রাজ্জাকদের ভরসা মেনে বানানো হয়েছে স্পিনিং উইকেট। বাংলাদেশ যেন ভুলে যাচ্ছে, প্রতিপক্ষের স্পিনারদের নাম আফ্রিদি-আজমল-হাফিজ! কিন্তু আসলেই কি ব্যাপারটা এ রকম? ব্যাটিং উইকেট, না স্পিনিং উইকেট—প্রশ্নে বিরাট ভুলই করে ফেলেছে বাংলাদেশ! বিসিবিতে কিন্তু অন্য রকম গুঞ্জনও ডালপালা ছড়াচ্ছে।শেরেবাংলা স্টেডিয়ামের মাঝখানে এখন যে উইকেটটা আছে, সেটা নাকি এই সিরিজেরই উইকেট নয়! বিসিবি থেকে প্রধান কিউরেটর গামিনি ডি সিলভাকে পাকিস্তান সিরিজের জন্য গত ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মতো ব্যাটিং উইকেট বানানোর কথাই বলা হয়েছিল। গামিনিও সেই রেসিপি মেনেই বানাতে চেষ্টা করেছেন উইকেট। কিন্তু খেলা শুরু হওয়ার পর দেখা গেল উল্টো। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যে স্পিনিং উইকেটের জন্য হাপিত্যেশ ছিল, পাকিস্তানের বিপক্ষে কিউরেটর ঠিক সে রকমই একটা উইকেট বিছিয়ে দিলেন মাঠের মাঝখানে!তবে উইকেট ‘অন্য রকম’ হওয়ার দায় নিচ্ছেন না শ্রীলঙ্কান কিউরেটর। সাংবাদিকদের সঙ্গে কথা না বলতে চাইলেও একটি সূত্র জানাচ্ছে, গামিনি নাকি ‘ষড়যন্ত্রে’র গন্ধ পাচ্ছেন বলে জানিয়েছেন বোর্ডকে। তাঁর অভিযোগ, উইকেট বানানোর কাজে মাঠকর্মী এবং সংশ্লিষ্টদের কাছ থেকে যথাযথ সহযোগিতা পাচ্ছেন না।গামিনি ডি সিলভা বিসিবির প্রধান কিউরেটর, তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ পর্যন্ত মিরপুর স্টেডিয়ামের উইকেট তৈরির দায়িত্ব ছিল বদিউল আলমের ওপর। বদিউলকে সরিয়ে দেওয়াই মাঠকর্মীদের ওই কথিত ‘অসহযোগিতা’র কারণ বলে অনেকের ধারণা।সেটি ঠিক না বেঠিক প্রমাণ করা কঠিন। তবে ঘটনা হলো, মিরপুরের উইকেট এমনই স্পিনবান্ধব হয়ে উঠেছে, বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য সেটি হয়ে দাঁড়িয়েছে মৃত্যুকূপ। দুই দলের জন্য একই উইকেট। কিন্তু পাকিস্তানের স্পিন আক্রমণ বাংলাদেশের চেয়েও ভালো। পাকিস্তানি ব্যাটসম্যানরাও এমন উইকেটে খেলার স্কিলের দিক থেকে এগিয়ে।সিরিজের প্রথম দুই ম্যাচের উইকেট আরেকটি বড় প্রশ্নও তুলে দিয়েছে। সীমিত ওভারের খেলায় দর্শক চার-ছয় দেখার প্রত্যাশা নিয়েই মাঠে আসে। দর্শকদের সেই প্রত্যাশা কি আজ পূরণ হবে?