উইকেট তো মন্থর হয়ে পড়বে আরও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনো মেঘ, কখনো রোদ্দুর। এই বিশ্বকাপে ইংল্যান্ডের অবস্থা যেন তাই। বিশ্বকাপ তৃতীয় সপ্তাহে পড়ল। এর মধ্যেই মুদ্রার এপিঠ-ওপিঠ দুটোই দেখে ফেলেছে ইংল্যান্ড। পেরোতে হয়েছে চড়াই-উতরাই। চারটি ম্যাচ খেলে ফেলেছে ইংল্যান্ড এবং তিনটিতেই কঠিন লড়াই করতে হয়েছে। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়টা তাদের আত্মবিশ্বাসের পালে জোর হাওয়া দেবে।ওয়েস্ট ইন্ডিজ আর হল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকাকে মনে হচ্ছিল দুর্দান্ত। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে এর ধারেকাছেও যেতে পারেনি। মিডল-অর্ডারে বেশ কয়েকজন অনভিজ্ঞ ব্যাটসম্যান তাদের এবং সমস্যাটা এখানেই। দক্ষিণ আফ্রিকার টপ-অর্ডার অসাধারণ। তবে কোনোভাবে তাদের টপ-অর্ডার ধসিয়ে দিতে পারলেই হলো। মিডল-অর্ডারের অবস্থা নড়বড়ে এবং ইংল্যান্ড সেটাকেই কাজে লাগিয়েছে।চেন্নাইয়ের উইকেট একটু বিস্ময়ই উপহার দিয়েছে। এমনিতে চিপকেরটিসহ অন্যান্য ভেন্যুর উইকেটগুলোও ব্যাটিং-বান্ধব। তবে বেঙ্গালুরু ছাড়া বাকি প্রায় সবই ওয়ানডের জন্য ভালো উইকেট নয়। মাত্র তো শুরু, এই উইকেটগুলো আরও মন্থর হয়ে পড়ার আশঙ্কা থাকছেই।আয়ারল্যান্ডের বিপক্ষে ভারত সুস্পষ্টভাবে এগিয়ে ছিল। আমি খেয়াল করেছি, ভারত এখন একজনের পরিবর্তে দুজন স্পিনার নিয়ে খেলে। আমার মনে হয়, চটজলদি নেওয়া সিদ্ধান্ত এটি নয়। আগের কয়েকটি মৌসুম তারা একজন স্পিনার নিয়ে খেলেছে এবং এটা তাদের ভালোই সুবিধা দিয়েছে। আগামী দুই সপ্তাহে তারা বড় দলগুলোর বিপক্ষে খেলবে এবং এর আগে এ সিদ্ধান্তটি নিয়ে আরও ভাববে বলেই আশা করছি।শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়াকে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে। দারুণ একটি লড়াই বৃষ্টিতে ভেসে যেতে দেখাটা খুব দুঃখজনক। সামারাবীরার ফর্মে থাকাটা ভালো খবর, তবে শ্রীলঙ্কার জন্য সবচেয়ে ভালো হচ্ছে কুমার সাঙ্গাকারার ফর্ম। অস্ট্রেলিয়ার অসাধারণ বোলিং আক্রমণের বিপক্ষে ভালো ব্যাটিং করছিল ও। অবশ্য উপুল থারাঙ্গা আর তিলকরত্নে দিলশান আরও ভালো শুরু এনে দিতে পারলে ভালো হয়।বোলিং নিয়ে আমার একমাত্র দুশ্চিন্তা লাসিথ মালিঙ্গার ফিটনেস। খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় সে, তবে পুরো টুর্নামেন্টে ফিট থাকতে হবে। টুর্নামেন্টের পরের অধ্যায়ে যাওয়ার আগে এটা বলতে পারি, উপমহাদেশের তিনটি দলেরই ভালো অবস্থা। এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা স্পিনার শহীদ আফ্রিদি সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছে। ভারত ও শ্রীলঙ্কার অবস্থাও ভালো মনে হচ্ছে। সামান্য চড়াই-উতরাই পেরিয়ে অন্য দলগুলোও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিচ্ছে। যে দলগুলো এখনো মাটি খুঁজে পাচ্ছে না, তাদের জন্যও এখনো অনেক সময় আছে।