উইকেট নিয়ে অখুশি পন্টিং-ধোনি দুজনই
বিশ্বকাপে স্পিনাররাই যে তুরুপের তাস হতে যাচ্ছেন, গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তার একটা বাস্তব প্রমাণ রেখেছেন ভারতের স্পিনাররা। মাত্র ২১৪ রান রক্ষা করতে নেমে ৩৮ রানের এক চমকপ্রদ জয় উপহার দিয়েছেন দেশকে। বেঙ্গালুরুর চিন্বাস্বামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের ব্যাটিং দেখে মনে হয়েছে, পুরো বিশ্বকাপেই দারুণ প্রত্যয়ে রাজত্ব করতে যাচ্ছেন ঘূর্ণি বলের বোলাররা।তবে অসি দলপতি রিকি পন্টিং প্রস্তুতি ম্যাচে ‘অপ্রস্তুত’ উইকেটের সমালোচনাই করেছেন। তিনি বলেন, ‘আমার মনে হয়, বেঙ্গালুরুর এই উইকেট পুরোপুরি প্রস্তুত হয়নি। তবে, আশা করছি, বিশ্বকাপে এর চেয়ে ভালো উইকেটে আমরা খেলতে পারব।’পন্টিং বলেন, ‘ওয়ানডের জন্য এই উইকেট আদর্শ হতে পারে না। দুই দলই উইকেটের কারণে অসুবিধায় পড়েছে। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া যখন ব্যাট করছিল তখন উইকেটের আচরণ ছিল বেশি খারাপ।’সদ্যই কনিষ্ঠার চোট সেরে মাঠে ফেরা রিকি পন্টিং অবশ্য খুশি ব্যাট হাতে উইকেটে কিছু সময় কাটাতে পেরে। ‘মাঠে কিছু সময় কাটাতে পেরে আমার ভালো লাগছে।’এদিকে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও বেঙ্গালুরুর উইকেটে খুব একটা খুশি হতে পারছেন না। তিনি বলেছেন, ‘আশা করছি বিশ্বকাপের ম্যাচগুলো এমন টার্নিং উইকেটে অনুষ্ঠিত হবে না।’ এ ধরনের উইকেটে টস সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে ওঠে বলে মত প্রকাশ করেন ধোনি।অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে শচীন টেন্ডুলকারের না খেলা সম্পর্কে ধোনি বলেন, ‘শচীন আগামী ম্যাচেই চেন্নাইয়ে মাঠে নামবে। তাঁর গ্রোয়েনে কিছুটা সমস্যা রয়ে গেছে। আশা করছি, চেন্নাইয়ে পরবর্তী প্রস্তুতি ম্যাচের আগেই সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে।’ দ্য হিন্দুস্তান টাইমস।