উইকেট নিয়ে শুরু করলেন টেন্ডুলকার

সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার নেমেছেন ক্যারিয়ারের শেষ দুটি টেস্ট খেলতে। কোনো সন্দেহ নেই যে মূলত তাঁর ব্যাটের দিকেই তাকিয়ে থাকবে ক্রিকেট বিশ্ব। এর আগে অবশ্য ইডেন গার্ডেনের দর্শকেরা দেখল বোলার টেন্ডুলকারকেও। প্রথম ওভারে বল করতে এসেই টেন্ডুলকার সাজঘরে পাঠিয়েছেন শেন শিলিংফোর্ডকে। পরে অবশ্য হাত ঘুরিয়েছেন আর মাত্র একটি ওভারেই। দুই ওভারে দিয়েছেন মাত্র ৫ রান। ওয়েস্ট ইন্ডিজকে ২৩৪ রানে গুটিয়ে দিয়ে ভারতকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার পেছনে মূল নায়ক অবশ্য মোহাম্মদ সামি। ক্যারিয়ারের প্রথম টেস্টটি খেলতে নেমে ডানহাতি এই পেসার নিয়েছেন চারটি উইকেট। দুটি উইকেট গেছে রবীচন্দ্রন অশ্বিনের ঝুলিতে।
দিনের শেষভাগে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৩৭ রান সংগ্রহ করেছে ভারত। স্বভাবসুলভ ভঙ্গিতে ঝোড়ো ব্যাটিংই শুরু করেছেন শিখর ধাওয়ান। তাঁর ২১ রান এসেছে মাত্র ২৭ বল খেলে। ১৬ রান করে অপরাজিত আছেন মুরলি বিজয়।
টেন্ডুলকারের ১৯৯তম টেস্টে ঝলসে উঠেছেন ভারতীয় বোলাররা। টসে জিতে ব্যাট করতে নেমে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ১৫ ওভারের মধ্যেই সাজঘরে ফিরেছিলেন দুই ওপেনার ক্রিস গেইল ও কাইরন পাওয়েল। তৃতীয় উইকেটে ৯১ রানের জুটি গড়ে অবশ্য প্রাথমিক ধাক্কাটা ভালোভাবেই সামলে নিয়েছিলেন মারলন স্যামুয়েলস ও ড্যারেন ব্রাভো। কিন্তু দলীয় ১৩৮ রানের মাথায় টানা দুই ওভারে এই দুই ব্যাটসম্যানই সাজঘরে ফিরলে ম্যাচ চলে যায় ভারতের নিয়ন্ত্রণে। ব্রাভো ২৩ ও স্যামুয়েলস ৬৫ রান করে আউট হয়েছেন। এরপর আর কোনো বড় জুটি গড়তে পারেনি সফরকারীরা। শেষপর্যায়ে প্রায় একাই লড়াই চালিয়েছিলেন শিবনারায়ণ চন্দরপল। তাঁর ৩৬ রানের ইনিংসটির সুবাদেই প্রথম ইনিংসে ২৩৪ রান জমা করেছে ক্যারিবিয়ানরা।