উইকেট নয়, নতুন বল
চট্টগ্রাম টেস্টে কালই প্রথম দেখা গেল দৃশ্যটা। দিনের খেলা শেষ, দলের বেশির ভাগ ক্রিকেটার মাঠে নেমে পড়ল ফুটবল নিয়ে। নেই শুধু চারজন—জুনায়েদ সিদ্দিক, মুশফিকুর রহিম, নাঈম ইসলাম আর শাহাদাত হোসেন।দীর্ঘ ব্যাটিংয়ের পর প্রথম দুজন ড্রেসিংরুমে বিশ্রাম নেবেন স্বাভাবিক। তবে নাঈম আর শাহাদাত নেটে ব্যস্ত হয়ে পড়লেন ব্যাটিং নিয়ে। জাতীয় দলের সঙ্গে ডেপুটেশনে থাকা একাডেমির কোচ মোহাম্মদ সালাউদ্দিন আর ফিল্ডিং কোচ রুয়ান কালপাগে তাঁদের বোলিং করে গেলেন অনেকটা সময় ধরে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ পঞ্চম ও শেষ দিনের খেলায় বাংলাদেশ কত দূর যেতে পারবে, সেটা যে তাঁদের ব্যাটিংয়ের ওপরই নির্ভর করছে!দিন শেষে অধিনায়ক সাকিব আল হাসান আর উইকেটে থাকা দুই ব্যাটসম্যান মুশফিকুর ও জুনায়েদের মাথায় আরেকটি চিন্তা। বাংলাদেশ ইনিংসের ৭৫ ওভার হয়ে যাওয়ায় আজ আর ৫ ওভার পরই নতুন বল নেওয়ার সুযোগ পাবে ইংল্যান্ড। ‘নতুন বলে ব্যাটসম্যানরা কেমন খেলে সেটার ওপরই নির্ভর করছে আমরা কতদূর যেতে পারব’—হোটেলে ফেরার বাসে উঠতে উঠতে বলে গেলেন সাকিব। এর আগে সংবাদ সম্মেলনে জুনায়েদ এবং ড্রেসিংরুমের সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে মুশফিকুরও বলেছেন একই কথা। এই টেস্টে বাংলাদেশের ভবিষ্যত্ এখন অনেকটাই নির্ভর করছে লাল একটা কোকাবুরা বল আর সেই বলটা যাঁদের হাতে থাকবে তাঁদের পারফরম্যান্সের ওপর।চতুর্থ-পঞ্চম দিনে এসে সাধারণত উইকেটের আচরণই ব্যাপার হয়ে দাঁড়ায় টেস্টে। কিন্তু চট্টগ্রামের উইকেট বাংলাদেশের শুরুর হিসাবটা এলোমেলো করে দিলেও শেষের হিসাবটা কাল পর্যন্ত ঠিক রেখেছে। উইকেট এখন ব্যাটসম্যানদের বন্ধু। আর কাল পর্যন্ত জুনায়েদ-মুশফিকুর ‘টিম রুলস’ মানলেন অক্ষরে অক্ষরে। ‘হাতে দুই দিন সময় ছিল, ওদের স্কোরটাও অনেক বড়। সবারই পরিকল্পনা ছিল উইকেটে বেশিক্ষণ থাকা’—বলেছেন জুনায়েদ। দিন শেষে অপরাজিত দুই ব্যাটসম্যান জুনায়েদ ও মুশফিকুর ছাড়া সে লক্ষ্য পূরণে অন্যরা ব্যর্থই। সাকিবের ব্যাপারটা আলাদা। চট্টগ্রামের মাঠে বাজে আম্পায়ারিংয়ের শিকার হওয়াটা তাঁর যেন নিয়তি। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে ভুল এলবিডব্লু, কাল টেস্টের দ্বিতীয় ইনিংসেও তাই। গ্রায়েম সোয়ানকে সুইপ করতে গিয়ে বল লাগল গ্লাভসে, অথচ এলবিডব্লুর আপিলে আঙুল তুলে দিলেন নিউজিল্যান্ডের আম্পায়ার টনি হিল! এ নিয়ে আগে কথা বলে বিব্রত সাকিব কাল তাই মুখ খুললেন না। তবে ওই সময় অন্য প্রান্তে থাকা জুনায়েদ বলেছেন, ‘আমিও ঠিক বুঝতে পারিনি। খুব অল্প সময়ের মধ্যে ঘটেছে সব। তবে আমার কাছে মনে হয়েছে বলটা গ্লাভস কিংবা প্যাডে লাগতে পারে।’সাকিবের পিছু ছাড়ছে না দুর্ভাগ্য, জুনায়েদের দায় পারফরম্যান্সে ধারাবাহিকতা আনা। গত ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭৮ রান করার পরের তিন ইনিংসে ৭, ৫ ও ৭। এরপর ভারতের বিপক্ষে ঢাকায় ৫৫ রান করে আবার তিন ইনিংসের জন্য পথ হারানো। নিউজিল্যান্ড সফরের দুই ইনিংসে ২১ ও ৮ এবং এই টেস্টের প্রথম ইনিংসে ৭ রান। তিন ইনিংস পর পর ফিফটি করার ধারাটাকে কাল আরেকটু লম্বা করে ৬৮ রানে অপরাজিত দিন শেষে। তারপরও জুনায়েদের কাছে নাকি এই ইনিংস বিশেষ কোনো গুরুত্ব বহন করছে না, ‘একজন খেলোয়াড়ের কাছে প্রতিটা ইনিংসই গুরুত্বপূর্ণ। আজ (গতকাল) আমার জন্য যেমন রান দরকার ছিল, দলেরও দরকার ছিল। যত বেশি পারি উইকেটে থাকার পরিকল্পনা ছিল। গরমের মধ্যে বিশ্বাস ছিল বেশিক্ষণ উইকেটে থাকতে পারলে ওরা পরে সমস্যায় পড়বে।’ বল খেলেছেন ১৯৯টি, ব্যাটিং করেছেন ২৫৭ মিনিট। টেস্টে এই প্রথম এতটা সময় ব্যাটিং করলেও প্রথম শ্রেণীর ক্রিকেটেও তাই কি না, সেটা কাল জুনায়েদও বলতে পারেননি ঠিক করে। তবে টিকে থাকার লক্ষ্য পূরণে যে তিনি অনেকটাই সফল, সেটা সন্দেহাতীত।১৪২ মিনিট আর ৮১ রানের অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতে জুনায়েদের সঙ্গী মুশফিকুর। দিন শেষ করে আসার পরিকল্পনা সফল করে জুনায়েদ চান উইকেটে টিকে থাকতে, ‘আমাদের এর মধ্যেই পাঁচটা উইকেট পড়ে গেছে, আর ওদের রানটাও অনেক বেশি। তারপরও চেষ্টা করব উইকেটে বেশিক্ষণ থাকতে। বড় জুটি গড়তে পারলে সেটা অবশ্যই ইতিবাচক হবে।’ একই ভাবনায় মুশফিকুরের সঙ্গী একটা ব্যক্তিগত লক্ষ্যও, ‘প্রথম ইনিংসে সেঞ্চুরি পাইনি। এই ইনিংসে চেষ্টা করব সেঞ্চুরি পূর্ণ করার।’টেস্টের চতুর্থ দিন শেষেও আশা বাঁচিয়ে রাখা গেছে, সেটাও বা কম কী? ভবিষ্যত্, মানে শেষ দিনে কী হতে পারে সেটি অনুমান করতে পারছেন না জুনায়েদ, ‘ভবিষ্যত্ বলা গেলে ভালোই হতো। কিন্তু চেষ্টা করলেও তো তা বলা যাবে না...।’ কেবল ক্রিকেটেই নয়, সব ব্যাপারেই জুনায়েদের কথাটা সত্যি। কে জানে রোদে পুড়ে শেষ হওয়া এই চারটা দিনের পর শেষ দিনে এসে টেস্টটা ভিজে গেল ঢাকা থেকে উড়ে আসা বৃষ্টিতে!