উইকেট নয়, দোষটা বোলারদেরই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একবার, দুবার, তিনবারের চেষ্টায় নাসিরের হাতের মুঠোয় বল। অবশেষে ধরা দিল কাল মিরপুরে বাংলাদেশি ফিল্ডারদের কাছে সোনার হরিণ হয়ে যাওয়া ক্যাচ। আল আমিনের বলে নাসিরের এই ক্যাচ ফিরিয়েছে কুমার সাঙ্গাকারাকে, স্বস্তি ফিরিয়েছে গ্যালারিতেও প্রথম আলো
একবার, দুবার, তিনবারের চেষ্টায় নাসিরের হাতের মুঠোয় বল। অবশেষে ধরা দিল কাল মিরপুরে বাংলাদেশি ফিল্ডারদের কাছে সোনার হরিণ হয়ে যাওয়া ক্যাচ। আল আমিনের বলে নাসিরের এই ক্যাচ ফিরিয়েছে কুমার সাঙ্গাকারাকে, স্বস্তি ফিরিয়েছে গ্যালারিতেও প্রথম আলো

স্পোর্টিং উইকেট, স্পোর্টিং উইকেট করেও শেষ পর্যন্ত ব্যাটিং স্বর্গেই হচ্ছে ঢাকা টেস্ট। উইকেট এখানে কেবলই ব্যাটসম্যানদের কথা শোনে। বোলাররা যেন সতীনের ঘরের ছেলে।

এমন উইকেটে খেলা হলে বোলারদের ব্যর্থতার পক্ষে বেশি যুক্তি দাঁড় করাতে হয় না। যাঁরা বোঝার বুঝে নেন, কেন তাঁরা এত অসহায়। কিন্তু বিস্ময়কর হলেও সত্যি, দূর থেকে দেখে যা মনে হচ্ছে, বাংলাদেশের বোলাররা তা বলছেন না। উইকেটে তাঁদের জন্য একেবারেই কিছু নেই, এটা বিশ্বাস করেন না বোলাররাই। বিশ্বাস করেন না কোচ শেন জার্গেনসেনও। দিনের শেষে বাংলাদেশ ড্রেসিংরুমের উপলব্ধি—বোলাররাই উইকেট থেকে প্রাপ্য সুবিধাটা নিতে পারছেন না। এমন উইকেটে ঠিক জায়গায় বল ফেললে সফল হওয়ার সম্ভাবনা থাকে। বাংলাদেশের বোলাররা সে জায়গাটা খুঁজে পেতেই ব্যর্থ। ব্যর্থ তাঁরা উইকেট না ফেলা গেলে রান কম দেওয়ার দলীয় পরিকল্পনা বাস্তবায়নেও।

১৪ ওভার বল করেও কাল দিনের শেষে উইকেটশূন্য রবিউল। তবে উইকেটের ওপর দোষ না চাপিয়ে নিজেকেই কাঠগড়ায় দাঁড় করালেন এই পেসার, ‘উইকেটে একেবারে কিছু নেই কথাটা ঠিক না। আমি নিজেই উইকেট পাওয়ার মতো বল করতে পারছি না।’ এই পিচে উইকেট পাওয়ার মতো বল কোনটা, ব্যাখ্যা করলেন সেটাও, ‘আল আমিন যেভাবে বল করছে, সেটাই করা উচিত আমাদের। উইকেট পাওয়ার সুযোগ সে জন্যই ও বেশি পেয়েছে।’ দিনের শেষে ড্রেসিংরুমেও আল আমিনের বোলিং প্রশংসিত হয়েছে বলে খবর। ‘সাঙ্গাকারাকে আউট করার আগের তিনটা বলই ঠিক জায়গায় ফেলেছে আল আমিন। সে জন্য ওই বলগুলোর একটাতেও সাঙ্গাকারা ব্যাট লাগাতে পারেনি এবং পরের বলটাতে খোঁচা মারতে গেছে’—টিম ম্যানেজমেন্টের এক সদস্য এভাবেই ব্যাখ্যা করলেন আল আমিনের সাফল্য।

সংবাদ সম্মেলনে আল আমিন নিজেও ‘ঠিক জায়গা’য় বোলিং করার গুরুত্বটাই ব্যাখ্যা করে গেলেন। এটাও জানালেন, কোচ নাকি কাগজে-কলমে ঠিক করে দিয়েছেন কাকে, কীভাবে, কোথায় বল করতে হবে। সাঙ্গাকারা শুধু নন, আল আমিনের পকেটে কাল উইকেট আসতে পারত আরও কয়েকটি, যা হয়নি একের পর এক ক্যাচ মিসে। সেই হতাশা গোপন থাকল না, ‘নিজেকে একটু দুর্ভাগাই মনে হচ্ছিল। তবে ভালো বোলিং করার চেষ্টা করে গেছি। সে জন্যই সাঙ্গাকারার উইকেটটা পেয়েছি।’ সাঙ্গাকারার উইকেট ক্যাচ মিসের হতাশায় কিছুটা হলেও সান্ত্বনা জুগিয়েছে তাঁকে, ‘মুশফিক ভাই অনেক সাপোর্ট করেছেন। মাঠের মধ্যে যারা ছিল, তারাও। ওরা বলছিল, ভালো বল করলে উইকেট পাব। সাঙ্গাকারার উইকেট পাওয়ার পর খুবই ভালো লাগছিল।’

আজ শ্রীলঙ্কাকে ৪৫০ রানে আটকে রাখার লক্ষ্য বাংলাদেশের। আর এই লক্ষ্য পূরণে সবচেয়ে বড় বাধা মনে করা হচ্ছে মাহেলা জয়াবর্ধনেকে। তবে হাল ছাড়ছেন না আল আমিন, ‘আমাদের কিছু ভিডিও ফুটেজ দেখানো হয়েছে, খাতা-কলমে দেখানো হয়েছে কোথায় বল করতে হবে। সাঙ্গাকারাকে ফোর্থ স্টাম্প থেকে দূরে বল করতে বলেছিলেন কোচ। মাহেলার ব্যাপারেও এ রকম পরিকল্পনা করে দিয়েছেন। সবাই সেভাবেই বল করার চেষ্টা করছে।’

প্রথম ১৬ ওভার নস্ফিল কাটার পর ১৭তম ওভারে উইকেটের দেখা পেয়েছেন সোহাগ গাজী। দিনের শেষে তাই কিছুটা হলেও তৃপ্তি নিয়ে ফিরতে পেরেছেন। তবে এই অফ স্পিনার এটুকুতেই সন্তুষ্ট থাকতে রাজি নন। জয়ী হতে চান উইকেটের সঙ্গে যুদ্ধে, ‘উইকেটে বোলারদের জন্য হয়তো খুব একটা কিছু নেই। তবে এটাই তো চ্যালেঞ্জ। সব সময় আপনি ভালো উইকেট পাবেন না। আমি মনে করি, উইকেট এ রকম হওয়াতে আমাদের জন্য ভালো হয়েছে। আমরা এখন ওদের আউট করতে বাড়তি চেষ্টা করছি।’

উইকেটে মাহেলা জয়াবর্ধনে নামের ‘পর্বত’ এখনো দাঁড়িয়ে। তার পরও আশা ছাড়ছে না বাংলাদেশ। শ্রীলঙ্কার ৫ উইকেটের সঙ্গে দ্বিতীয় দিনে এটাও তো একটা প্রাপ্তি।