উইকেট পেলে ওঁরাও পারেন
শুরুটা মনে করিয়ে দিচ্ছিল ২০১১ সালের স্মৃতি। এই জিম্বাবুয়ে, এই হারারে স্পোর্টস ক্লাব মাঠ, এই রবিউল ইসলামের বল এবং এভাবেই আউটের সুযোগ হাতছাড়া করে টেস্টের শুরু। সেবার ইনিংসের দ্বিতীয় ওভারে জিম্বাবুয়ের দুই ব্যাটসম্যান এক প্রান্তে চলে যাওয়ার পরও রানআউটের সুবর্ণ সুযোগ নষ্ট করেছিল বাংলাদেশ। সেই ব্যর্থতা কাজে লাগিয়ে টিনো মায়োয়ো-ভুসিমুজি সিবান্দার ওপেনিং জুটি করে ফেলল ১০২ রান। টেস্টের ভাগ্য অনেকটাই গড়ে দিয়েছিল সেই জুটি কিংবা দ্বিতীয় ওভারের সময় বাংলাদেশের ফিল্ডারদের হাতছাড়া হওয়া ওই রানআউটের সুযোগ।কালকের শুরুও মিস দিয়ে, এবার পড়ল ক্যাচ। ইনিংসের প্রথম ওভারটি করছিলেন রবিউল। শেষ বলটি অভিষেক টেস্ট খেলতে নামা টিমিচেন মারুমার ব্যাটের কানায় লেগে সহজ ক্যাচ গেল প্রথম স্লিপে। কিন্তু শাহরিয়ার নাফীস সেটিই ধরতে পারলেন না। ড্রেসিংরুমে কোচ শেন জার্গেনসেন এই দৃশ্য দেখে ভীষণ চটলেন। যত না ক্যাচ ফেলায়, তার চেয়ে বেশি শাহরিয়ার স্লিপে দাঁড়ানোয়। ওই জায়গায় নাকি তাঁর দাঁড়ানোরই কথা ছিল না! পরে অবশ্য শাহরিয়ারকে সেখান থেকে সরিয়েও কোনো লাভ হয়নি। এনামুল হক জুনিয়রের বলে জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেলরের দেওয়া ক্যাচ ফেললেন ওয়াইডিশ লং অফে। শেষে ঝাঁপিয়ে পড়ে চেষ্টা করেছেন। তবে দৌড় শুরু করতে যে একটু দেরি, তাতেই বোধ হয় সর্বনাশ যা হওয়ার হয়ে গেল। তখন ৩৫ রানে থাকা টেলরই গলার কাঁটা হয়ে গেলেন ক্রমেই।কোচের রাগ সময়ের সঙ্গে সঙ্গে কমেই যাওয়ার কথা। হারারের উইকেটে যাঁদের নিয়ে আশাবাদী ছিলেন, সেই পেসাররা তো অন্তত আশাহত করেননি তাঁকে। প্রথম ওভারে উইকেটবঞ্চিত হওয়ার হতাশায় পুড়লেও পরে আরও বেশি আগুন ঝরল রবিউলের বল থেকে। প্রথম স্পেলে ৯ ওভারের ৫টিই মেডেন, মাত্র ১৪ রানে ২ উইকেট। সিবান্দার মিডল স্টাম্প উপড়ে ফেলা ইয়র্কার দেখে তো প্রেসবক্সও ‘ওওও...’ করে উঠল! ব্যাটসম্যানদের মনে ভয়-জাগানিয়া বাউন্স, বিভ্রান্তিতে ফেলা সুইং—কী ছিল না রবিউলের বলে! অন্য প্রান্তে রুবেল হোসেনও ছিলেন সপ্রতিভ। উইকেট না পেলেও প্রথম ১০ ওভারে দিলেন মাত্র ১৪ রান। বাংলাদেশের বোলার-ফিল্ডারদের একের পর এক এলবিডব্লু আর কট বিহাইন্ডের আবেদনে রীতিমতো গুটিয়ে গেলেন স্বাগতিক ব্যাটসম্যানরা। বাংলাদেশের দুই পেসারের যুগলবন্দীতে প্রথম ১১ ওভারে জিম্বাবুয়ের স্কোর ১ উইকেটে ২০। লাঞ্চ বিরতির সময় আরও ১ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে মাত্র ৫০।রবিউল-রুবেলের এমন দাপট দেখে আরও একজন পেসার খেলালেই কি ভালো হতো, এই আলোচনাও শুরু হয়ে গেল। মুশফিকুর সতেজ উইকেটের সুবিধা নিতে প্রথম সেশনে নাসিরকে দিয়ে ৪ ওভার পেস করালেনও। নাসিরের ৪ ওভারসহ চা-বিরতির আগে ইনিংসের ৬০ ওভারের ৩৩ ওভারই করেছেন তিন পেসার মিলে। বাকি ২৭ ওভারের মধ্যে ২১ ওভারই করেছেন প্রায় চার বছর পর টেস্ট খেলতে নামা বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র, ৬ ওভার সোহাগ গাজী। সাকিব যে ম্যাচে থেকেও বল করছেন না, সেটা বুঝতেই দেননি অন্য বোলাররা।অথচ আগের দিন উইকেট নিয়ে ধন্দেই পড়ে গিয়েছিলেন জার্গেনসেন। শুরুতে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে জানানো হয়েছিল হারারের প্রথম টেস্ট হবে দুই নম্বর উইকেটে। সেই উইকেট অনেক বেশি সবুজ ছিল বলে পেসারদের নিয়ে স্বপ্নের জাল বুনতে শুরু করেছিলেন কোচ। কিন্তু টেস্টের আগের দিন হঠাৎ করেই জানতে পারলেন দুই নম্বর নয়, খেলা হবে চার নম্বরে। সবুজাভ ভাব থাকলেও এই উইকেটে দুই নম্বর উইকেটের চেয়ে ঘাস অনেক কম। পেসারদের ক্রান্তিকাল জিম্বাবুয়ে সফরের প্রথম টেস্টেও কাটবে না বলেই মনে হচ্ছিল তখন।কিন্তু রবিউল-রুবেল মিলে উড়িয়ে দিলেন সব শঙ্কা। অনেক দিন পর যেন মনে হলো, বাংলাদেশ দলে পেস বোলার বলেও কেউ আছে। একসময় হিথ স্ট্রিকের বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাবের দায়িত্বে থাকা স্টানলি বর্তমানে হারারের ফ্র্যাঞ্চাইজি দল ম্যাশোনাল্যান্ড ইগলসের কোচ। কাল বাংলাদেশের পেসারদের নতুন রূপ দেখে মুগ্ধ তিনিও, ‘আগের তুলনায় তোমাদের পেসাররা অনেক উন্নতি করেছে দেখছি! এই দুজন তো খুবই ভালো বল করল।’ স্টানলিকে আর বলা হয়নি, এক সিরিজ আগে এই পেসাররাই কেমন বিভীষিকাময় সময় কাটিয়েছে শ্রীলঙ্কায়।শ্রীলঙ্কায় হারিয়ে আসা আত্মবিশ্বাস তো ফিরিয়ে দিলই, হারারের উইকেট বোধ হয় এটাও জানিয়ে দিল, পেস বোলিংটা শুধু লম্বা রানআপে দৌড়ে এসে হাত ঘুরিয়ে বল ছেড়ে দিলেই হয় না। এর জন্য একটা ভালো উইকেটও চাই। যেটা আজ পর্যন্ত বিসিবি দিতে পারেনি রবিউল-রুবেলদের।