উইকেট-প্রপাত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সবচেয়ে সুন্দর ক্রিকেট মাঠের কথা বললে নিউল্যান্ডসের প্রতিদ্বন্দ্বী হতে পারে এক অ্যাডিলেড ওভাল। টেবল মাউন্টেনের আশ্চর্য সুন্দর পশ্চাৎপট শেষ পর্যন্ত কেপটাউনের মাঠটিকেই বোধ হয় একটু এগিয়ে রাখে। ছবির মতো সুন্দর সেই নিউল্যান্ডসেই কাল মঞ্চস্থ হলো অবিশ্বাস্য এক নাটক! ভুতুড়ে নাটকও বলতে পারেন। টেস্ট ক্রিকেট এর তুল্য কিছু খুব বেশি দেখেনি।খেলা না দেখে থাকলে স্কোরকার্ড দেখে আপনি কী ভাবছেন, সেটি অনুমান করা কঠিন কিছু নয়। না-জানি কী মাইনফিল্ডে খেলা হয়েছে! অথচ দক্ষিণ আফ্রিকার উইকেট সাধারণত যেমন হয়, নিউল্যান্ডসের উইকেট তার চেয়ে ব্যতিক্রম কিছু ছিল না। হ্যাঁ, পেস ছিল, বাউন্স ছিল, বল সুইংও করেছে—ব্যাটিং করা অবশ্যই সহজ ছিল না, কিন্তু দুই দলের ব্যাটসম্যানরা মিলে যা বোঝাচ্ছেন, তেমন কঠিন অবশ্যই নয়।ভালো বোলিং ও বাজে ব্যাটিং মিলিয়ে সেই উইকেটই কেমন মৃত্যুকূপ হয়ে গেল! টেস্ট ক্রিকেটে এক দিনে সর্বোচ্চ ২৭টি উইকেট পড়ার রেকর্ড আছে। তবে সেটি ১২৩ বছর আগের কথা। এক দিনে ২৫ উইকেটও পড়েছে। সেই ঘটনার ওপরও ১০৯ বছরের ধুলার আস্তরণ। কাল দ্বিতীয় দিনের খেলার ২২ ওভারেরও বেশি বাকি থাকতেই (আলোকস্বল্পতায় অবশ্য হতে পেরেছে মাত্র ১০ ওভার) যখন ২৩ উইকেট পড়ে গেল, সেই রেকর্ডও রীতিমতো হুমকির সম্মুখীন।একই দিনে দুই দলকেই দ্বিতীয়বার ব্যাটিং করতে দেখাটা বিরল এক অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতাও হলো। সকালে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের শেষটা দেখলেন দর্শকেরা। বিকেলে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের শুরুটা। মাঝখানে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার একটি করে ইনিংস শেষ হয়ে গেছে। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস স্থায়ী হয়েছে ২৪.৩ ওভার। সেটিকেও ছাড়িয়ে গিয়ে দ্বিতীয় ইনিংসে ১৮ ওভারেই অলআউট অস্ট্রেলিয়া!দিনের শুরু আর শেষটাতেই শুধু স্বাভাবিক খেলা হলো। সকালে প্রথম ইনিংসের বাকি ২ উইকেটে ৭০ রান যোগ করেছে অস্ট্রেলিয়া। বিকেলে ২৩৬ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকা দিন শেষ করেছে ১ উইকেটে ৮১ রানে। বাকি সময়টায় যা হয়েছে, তা বাধ্য করেছে অবিশ্বাসে চোখ কচলাতে—ঠিক দেখছি তো! এ-ও কি সম্ভব! উইকেট অনাবৃত রাখার সময়ে এমন হুড়মুড় করে ভেঙে পড়ার অনেক ঘটনা আছে। কিন্তু উইকেট যত্নে মুড়িয়ে রাখার আধুনিক ক্রিকেটে শীর্ষস্থানীয় দুটি দলের খেলায় এমন কিছু অভাবিতই।সবচেয়ে ‘বড়’ রেকর্ডটাও প্রায় হয়েই গিয়েছিল। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে নবম উইকেট পড়ে গিয়েছিল ২১ রানে। ক্রিকেটে হাতেগোনা যে কয়েকটি রেকর্ড কখনোই ভাঙবে না মনে করা হয়, তার পুরোভাগে থাকে ১৯৫৫ সালে নিউজিল্যান্ডের ২৬ অলআউট। যেভাবে শীতের ঝরা পাতার মতো উইকেট পড়ছিল, তাতে সেই রেকর্ডটিও ছিল কম্পমান। নিউজিল্যান্ডের সেই ইনিংসেও যে এত কম রানে নবম উইকেট পড়েনি। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে সেই লজ্জার হাত থেকে বাঁচিয়েছে সিডল ও লায়নের শেষ উইকেট জুটি। প্রথম ৯ উইকেটে ২১ আর শেষ উইকেট জুটিতেই ২৬! ৯ আর ১১ নম্বর ব্যাটসম্যানই শুধু ছুঁতে পেরেছেন দুই অঙ্ক। টেস্ট ক্রিকেটে অষ্টমবারের মতো ইনিংসের সর্বোচ্চ স্কোরার ১১ নম্বর ব্যাটসম্যান (লায়ন, ১৪)।পরিসংখ্যান আর রেকর্ডের খাতায় এমন আরও কত কিছু যে যোগ হলো সারা দিনে। ৪৭ রানের দ্বিতীয় ইনিংস ১৯০২ সালের পর অস্ট্রেলিয়ার সর্বনিম্ন স্কোর। অথচ একটু আগেই ঘাঁটাঘাঁটি হচ্ছিল দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন স্কোর নিয়ে। প্রথম ইনিংসে ৯৬ রানে অলআউট, টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনের পর যা দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বনিম্ন স্কোর (সর্বনিম্ন: ৮৪, বিপক্ষ ভারত, জোহানেসবার্গ, ২০০৬)।লাঞ্চ পর্যন্ত স্বাভাবিক ক্রিকেটই হচ্ছিল। মাইকেল ক্লার্ক আগের দিনের ১০৭ রানের সঙ্গে যোগ করলেন আরও ৪৪। এমনই পাগুলে ম্যাচ যে, দিন শেষে ক্লার্কের ১৫১-কে মনে হচ্ছে ‘ট্রিপল সেঞ্চুরি’র মতো! লাঞ্চ পর্যন্ত ১৩ ওভার ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা ১ উইকেটে ৪৯। বিরতির পর খেলা শুরু হতেই নাটকেরও শুরু! প্রথম ওভারেই দুই উইকেট তুলে নিলেন ওয়াটসন। এটি তা-ও পাঁচ বলের মধ্যে, তৃতীয় ওভারে স্মিথ ও প্রিন্সকে তো তুলে নিলেন পর পর দুই বলে। পরের ওভারে বাউচারকে যখন পঞ্চম শিকার বানালেন, ওয়াটসনের বোলিং ফিগার: ৩.৩-১-১৫-৫!রুডলফকে আউট করে শুরু করেছিলেন হ্যারিস, শেষ দুটি উইকেট তুলে নিয়ে শেষও করেছেন তিনি। মাত্র ৪৭ রানে পড়েছে দক্ষিণ আফ্রিকার শেষ ৯ উইকেট। কিছুক্ষণ পরের ঘটনা অবশ্য ৪৭ রানের আগে ‘মাত্র’ শব্দটাকে বাড়াবাড়ি মনে করাচ্ছে। চা-বিরতি আসতে আসতে অস্ট্রেলিয়া ৩ উইকেটে ১৩। দ্বিতীয় সেশনে উইকেট পড়েছে ১২টি! বিরতির পর ৮ রানেই নেই আরও ৬ উইকেট!৪৭ রানে অলআউট হয়েও প্রথম ইনিংসে ১৮৮ রানের লিডের কারণে ম্যাচে থাকল অস্ট্রেলিয়া। মাঝখানে দুটি ইনিংসের কথা ভাবলে ২৩৬ রানের লক্ষ্যও পাহাড়প্রমাণ মনে হতে পারে। তবে ওই সময়টায় এই টেস্টের ওপর যে অতিপ্রাকৃত কিছু ভর করেছিল, তা প্রমাণ করে দক্ষিণ আফ্রিকা দিন শেষে ১ উইকেটে ৮১। জয়ের জন্য চাই আরও ১৫৫ রান, ম্যাচের বাকি তিন দিন।ও হ্যাঁ, ২৪তম উইকেটটি পড়তে পড়তে পড়েনি। এমন পাগুলে দিনটা উইকেট পতনেই শেষ হওয়ার আদর্শ পাণ্ডুলিপি তৈরিই ছিল। দিনের শেষ বলে আমলার ক্যাচ ফেলে গড়বড় করে দিলেন মাইক হাসি। তথ্যসূত্র: টেন ক্রিকেট। এক দিনে সর্বোচ্চ উইকেট পতন ভেন্যু ম্যাচের দিন তারিখ২৭ ইংল্যান্ড-অস্ট্রেলিয়া লর্ডস ২ ১৭ জুলাই, ১৮৮৮২৫ অস্ট্রেলিয়া-ইংল্যান্ড মেলবোর্ন ১ ১ জানুয়ারি, ১৯০২২৪ ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ওভাল ২ ১১ আগস্ট, ১৮৯৬২৩ দ. আফ্রিকা-অস্ট্রেলিয়া কেপটাউন ২ ১০ নভেম্বর, ২০১১