উইকেট বানাতে ব্রিসবেনের মাটি!
ব্রিসবেনের আবহাওয়া যেহেতু ঢাকায় উড়িয়ে আনা সম্ভব নয়, মাটি-ই সই! শক্ত-বাউন্সি উইকেট বানাতে অস্ট্রেলিয়ার ব্রিসবেন থেকে মাটি আনার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। যে পরিমাণ মাটি আনা হচ্ছে, তাতে খরচ পড়বে প্রায় ২৫ হাজার অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ২০ লাখ টাকা)। গ্যাবার উইকেট বানানো হয়েছে যে মাটি দিয়ে, সে মাটি দিয়েই হবে মিরপুরের একাডেমি মাঠের উইকেট।একাডেমি মাঠের উইকেটের জন্য ব্রিসবেন থেকে মাটি আনার সিদ্ধান্ত অনুমোদন হয়ে গেছে বোর্ড সভায়। ব্রিসবেনের সাবেক কিউরেটর পল ক্লিমোসো মাটি সরবরাহকারী প্রতিষ্ঠান পিক ক্রসিং কোম্পানির মাধ্যমে এ কাজে সাহায্য করবেন বিসিবিকে। একাডেমির দায়িত্বে থাকা বিসিবি পরিচালক গাজী আশরাফ হোসেন অবশ্য মনে করেন, মাটির সঙ্গে এ ধরনের মাটি দিয়ে উইকেট বানানোয় বিশেষজ্ঞ একজন কিউরেটর আনতে পারলে আরও বেশি সুফল মিলত।কিন্তু ব্রিসবেন থেকে মাটি এনে উইকেট বানালেই কি সেটা গ্যাবার উইকেটের মতো বাউন্সি হয়ে যাবে? পদ্মার পানি পুকুরে ঢেলে কি ইলিশ চাষ সম্ভব? পারিপার্শ্বিকতা সেখানে একদমই প্রভাবক নয়! একাডেমিরই শুধু নয়, বাউন্সি উইকেটে খেলার অভ্যস্ততা তৈরির জন্য দেশের প্রধান সব মাঠের উইকেটই হওয়া উচিত ও রকম। কিন্তু গ্যাবার উইকেট তো শুধু মাটির গুণেই বাউন্সি নয়। সেখানকার আবহাওয়া, জল-বাতাসেরও নিশ্চয়ই ভূমিকা আছে।গাজী আশরাফের বিশ্বাস, অস্ট্রেলিয়ার মাটি দিয়ে উইকেট বানালে সুফল মিলবেই, ‘উইকেট শক্ত-বাউন্সি হওয়ার জন্য মাটিতে যে পরিমাণ কর্দমকণা (ক্লে) থাকা প্রয়োজন, ব্রিসবেনের মাটিতে তা আছে। আমাদের মাটিতে বালুর পরিমাণ বেশি। ৪০-৪৫ শতাংশের বেশি কাদার উপকরণ থাকে না। ব্রিসবেনের মাটিতে কখনো কখনো এটা ৬০ থেকে ৭০ শতাংশেরও বেশি পাওয়া যায়।’ গ্যাবার প্রধান কিউরেটর কেভিন মিচেল জুনিয়রও নাকি সে রকম নিশ্চয়তা দিয়েছেন।উইকেট এবং উইকেটের মাটি সম্পর্কে বিশেষজ্ঞ বলা যায়, নাম প্রকাশে অনিচ্ছুক এমন একজন অবশ্য এই ধারণাকে সমর্থন করছেন না, ‘মনে হয় না এটা সঠিক সিদ্ধান্ত। আমার জানামতে, মিরপুর স্টেডিয়ামের উইকেটের জন্য সাভার থেকে আনা কালো মাটিতেই ৫০ শতাংশ কাদার উপাদান আছে। ব্রিসবেনের মাটিতে না হয় সেটা ৭-৮ শতাংশ বেশি থাকবে। তাতে কতই বা পার্থক্য তৈরি হবে?’ আর শুধু উইকেট বানালেই তো হবে না, পরবর্তী সময়ে উইকেট পরিচর্যার জন্যও তো লাগবে একই মাটি, ‘যে পরিমাণ মাটি আনা হচ্ছে, তা দিয়ে বড়জোর দুটি প্র্যাকটিস উইকেট বানানো সম্ভব। তা ছাড়া উইকেট পরিচর্যার জন্যও পরে মাটি লাগবে। ব্রিসবেন থেকে বিসিবি কত দিন মাটি আনবে?’ এ ব্যাপারে গাজী আশরাফের ব্যাখ্যা, সুফল পাওয়া গেলে ভবিষ্যতে আরও মাটি আনার কথা চিন্তা করে দেখা হবে।