উইকেট ভালো বলেই...
টি-টোয়েন্টির দাপটে অনেকটাই অসহায় হয়ে পড়েছিল টেস্ট ক্রিকেট। তবে সাম্প্রতিক কিছু রোমাঞ্চকর ম্যাচ যেন প্রাণ ফিরিয়েছে টেস্টের। টেস্ট ক্রিকেটের নিভু নিভু সলতেটা উজ্জ্বল হয়েছে আরও। আইসিসিরি মুখ্য পিচ উপদেষ্টা অ্যান্ডি অ্যাটকিনসনের দাবি, এতে বড় ভূমিকা বিশ্বজুড়ে কাজ করা পিচ কিউরেটরদের। ভালো পিচের কারণেই নাকি এখন টেস্ট ম্যাচ বেশি বেশি ফল দেখছে।গতকাল থেকে দুবাইয়ে শুরু হয়েছে কিউরেটরদের নিয়ে আইসিসির প্রথম কর্মশালা। ১০টি টেস্ট খেলুড়ে দেশের পাশাপাশি কর্মশালায় অংশ নিচ্ছেন সহযোগী দেশেরও তিনজন কিউরেটর। মূল আলোচকদের একজন অ্যাটকিনসন কর্মশালার আগে তুলে ধরেছেন নিজের ভাবনা।২০১০ সালে ড্র টেস্ট ম্যাচের সংখ্যা ছিল শতকরা ৩৮ ভাগ, গত বছর সেটাই নেমে এসেছে শতকরা ১০ ভাগে। নিষ্প্রাণ ম্যাচের সংখ্যা কমছে বলে টেস্ট ক্রিকেটে আগ্রহও বাড়ছে। অ্যাটকিনসনের ধারণা, উইকেট এখন ব্যাটসম্যান-বোলারদের সমান সহায়তা করছে বলেই এটা হচ্ছে, ‘টেস্টে আমরা এমন উইকেট তৈরির চেষ্টা করছি, যাতে ব্যাটসম্যান-বোলার উভয়ই উইকেট থেকে সহায়তা পায়। গত ১৮ মাসে এ জন্যই টেস্টে অনেক ইতিবাচক ফল আসছে। সবাইকে আমরা এই বার্তা দেওয়ার চেষ্টা করছি যে ওয়ানডের চেয়ে টেস্টের উইকেট আলাদা হওয়া উচিত। টেস্টে এমন উইকেট তৈরি করা উচিত যাতে ব্যাটসম্যান-বোলার সমান ৫০-৫০ ভাগ সহায়তা পায়। তবে ৫০ বা ২০ ওভারের ক্রিকেটে উইকেট একটু ব্যাটিং-সহায়ক হওয়ার উচিত, কারণ লোকে চার-ছয় দেখতে চায়। যদিও বোলাররা আমার এই কথার সঙ্গে একমত হবেন না!’সম্প্রতি যেসব রোমাঞ্চকর টেস্ট হয়েছে, এ জন্য কিউরেটর ও গ্রাউন্ডসম্যানদের ধন্যবাদ জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত। তবে জানালেন কর্মশালার উদ্দেশ্য শুধু ভালো মানের টেস্ট উইকেট বানানোই নয়, ‘এ কর্মশালার মাধ্যমে বিভিন্ন কন্ডিশনে উইকেট বানানোর জ্ঞান সবাই ভাগাভাগি করতে পারবে। অংশগ্রহণকারীদের প্রত্যেকে নিজেদের অভিজ্ঞতা জানাবেন, অন্যের অভিজ্ঞতা শুনবেন।’ রয়টার্স।