উইকেট হারিয়েও ঝড়ো ব্যাটিং বাংলাদেশের

প্রথম ১০ বলেই নেই তিনটি উইকেট। তারপরও আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। চতুর্থ উইকেটে নাঈম ইসলাম আর মুশফিকুর রহিম ৪৩ রান যোগ করেছিলেন মাত্র ২০ বলে। পঞ্চম ওভারে নাঈমও সাজঘরে ফিরলেও কিউই বোলারদের উপর চড়াও হয়েই ব্যাটিং করে যাচ্ছেন মুশফিক ও নাসির হোসেন। এই প্রতিবেদন লেখার সময় ৮ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৯৫ রান। ৩৬ রান নিয়ে ব্যাট করছেন অধিনায়ক মুশফিক। নাসির অপরাজিত আছেন ২১ রান নিয়ে।
একটা করে বাউন্ডারি হাঁকিয়েই সাজঘরে ফিরে গেছেন প্রথম এই তিন ব্যাটসম্যান। শামসুর শুরু করেছিলেন প্রথম বলেই চার মেরে। কিন্তু মিরপুরের উল্লাসিত দর্শককে ঠিক পরের বলেই স্তব্ধ করে দিয়েছেন টিম সাউদি। একই রকম পরিণতি আরেক ওপেনার জিয়াউর রহমানেরও। ঐ ওভারেই প্রথমে একটি ছয় মেরে পরের বলেই ফিরেছেন বোল্ড হয়ে। পরের ওভারে মমিনুলও একই রকমভাবে একটি ছয় মেরে আউট হয়েছেন মিচেল ম্যাকক্লেগানের বলে। নাঈম ইসলাম অবশ্য আউট হওয়ার আগে খেলেছেন ১০টি বল। তিনটি চার ও একটি ছয় মেরে আউট হয়েছেন ১৮ রান করে।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সর্বোচ্চ ইনিংসের নতুন রেকর্ড গড়েছে নিউজিল্যান্ড। অ্যানটন ডেভচিচ ও কলিন মুনরোর ঝড়ো ব্যাটিংয়ে কিউই স্কোরবোর্ডে যোগ হয়েছে ২০৪ রান। ডেভচিচ করেছেন ৩১ বলে ৫৯ রান। ৩৯ বলে ৭৩ রান করে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন মুনরো।