উইকেটই ঠিক করে দেবে সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌরভ গাঙ্গুলী
সৌরভ গাঙ্গুলী

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে এবং আমরা একটা কঠিন প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্টই দেখতে যাচ্ছি। উইকেট কেমন হয় তার ওপর নির্ভর করবে দলগুলোর সাফল্য। উইকেট শক্ত হলে যে দলগুলোর পেস বোলিং ভালো, তারাই হবে শিরোপার আসল দাবিদার। তবে টুর্নামেন্ট এগোনোর সঙ্গে সঙ্গে পিচ যদি স্পিন বোলিং সহায়ক হয়ে ওঠে, সে ক্ষেত্রে উপমহাদেশীয় দলগুলোর স্পিন সামলানো অন্যদের জন্য হবে কঠিন। আসলে উইকেট কেমন আচরণ করে কিংবা কন্ডিশন কেমন হয় সেটা কিছুটা স্পষ্ট হয়ে যাবে কয়েক দিনের মধ্যেই। বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দিয়ে আজই পর্দা উঠছে এ আসরের। চূড়ান্ত পর্ব কিছুদিন পর শুরু হলেও স্বাগতিক দল যেহেতু প্রথম পর্ব থেকেই খেলছে, শুরুতেও উন্মাদনার কমতি থাকবে না। বাংলাদেশের আজ বড় পরীক্ষা। স্বাগতিক হিসেবে তাদের ওপর প্রত্যাশার চাপ থাকছে, তার ওপর প্রতিপক্ষ এশিয়া কাপে তাদের হারানো আফগানিস্তান। সন্দেহ নেই, মুশফিকের দল সেই দুঃস্মৃতিটা মুছে ফেলতে চাইবে দারুণ একটা শুরু করে।
শ্রীলঙ্কায় সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অনেক দলই আগের চেয়ে শক্তিশালী হয়ে উঠেছে। তাই বাংলাদেশে কঠিন একটা বিশ্বকাপই হতে চলেছে। অস্ট্রেলিয়া-পাকিস্তানের মতো দলগুলো খুব ভালো অবস্থায় রয়েছে। সম্প্রতি অ্যাশেজ আর দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়া যেমন দাপটে খেলেছে তাতে আমার মতে ওরাই এই বিশ্বকাপে সত্যিকারের বড় শক্তি। ওয়ার্নার, ফিঞ্চ, ওয়াটসন, ম্যাক্সওয়েল, হজদের অসাধারণ ফর্মের পাশাপাশি ফাস্ট বোলারদের পারফরম্যান্স অস্ট্রেলিয়াকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম দাবিদার করে তুলেছে।
ভারতের জন্য টুর্নামেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক অঙ্গনে ভারতের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা ভালো নয়। এই বিশ্বকাপে ভালো করলে সেটা ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়াবে। এশিয়া কাপ খেলার জন্য এরই মধ্যে ভারতীয় দল প্রায় দুই সপ্তাহ বাংলাদেশে কাটিয়েছে। টুর্নামেন্টটা যদিও ভারত জেতেনি, কিন্তু যথেষ্ট লড়াই করেছে। এবার যুবরাজ, রায়না, ধোনিও যোগ দেওয়ায় ভারত আরও শক্তিশালী হয়ে বাংলাদেশে যাচ্ছে। এই তিনজনই টি-টোয়েন্টিতে ভয়ংকর। এশিয়া কাপ খেলতে না পারায় তিনজনই দেশের হয়ে কিছু করে দেখানোর জন্য ক্ষুধার্ত থাকবে। যেটা ভারতীয় দলের জন্য শুভলক্ষণ। এ ছাড়া ধোনি খুব প্রয়োজনীয় বিশ্রামটা পেয়ে জাতীয় দলের দায়িত্বে আবার ফিরে এসেছে। তারা এমন একটা কন্ডিশনে খেলবে যেটা ভারতীয় দলের জন্য খুবই পছন্দের। এমন কন্ডিশনে ও নিজের দলের খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা বের করে নিতে খুবই তৎপর থাকবে। ধোনির নিজেরও এই টুর্নামেন্টে ভালো করা দরকার। এই ফরম্যাটের ক্রিকেটে ও যেকোনো সময় খেলা বদলে দিতে পারে। এ ছাড়া এই টুর্নামেন্টে ওর ভালো খেলাটা দলের জন্যও খুব গুরুত্বপূর্ণ।
গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ আরেকটা সত্যিকারের শক্তিশালী দল। যদিও ওরা এবার কাইরন পোলার্ডকে পাচ্ছে না, তবে বেশ কয়েকজন বিগ হিটার আছে। পাশাপাশি নারাইন আর বদ্রির মতো বোলার থাকায় বোলিংয়েও বৈচিত্র্য যোগ হচ্ছে। পাকিস্তানের দিকেও নজর রাখতে হবে। ওরা এই ফরম্যাটের ক্রিকেটটা খেলতে পছন্দ করে। সঙ্গে ওদের উঁচুমানের বোলিং আর আফ্রিদির সাম্প্রতিক ব্যাটিং ফর্মের কারণে পাকিস্তানেরও কাপ জেতার সুযোগ আছে। তবে পাকিস্তান টুর্নামেন্টে প্রতিটি দিন কেমন খেলে সেটাও একটা বড় প্রশ্ন!