উইকেটই ধরে রাখল বাংলাদেশ, রান বেশি এল না
একজন ওপেনার ব্যাটিং করলেন ১৯তম ওভার পর্যন্ত। তিন ও চার নম্বর ব্যাটসম্যান মিলে খেললেন ৪৪ বল। পাওয়ারপ্লে-তে ১ উইকেট, প্রথম ১০ ওভারে ২ উইকেটের পর ১৫তম ওভার পর্যন্ত পড়ল মাত্র ৩ উইকেট। উইকেট ধরে রেখে খেলাই নাকি মূলনীতি বাংলাদেশের ব্যাটিংয়ে,তবে হাতে উইকেট রেখে সংগ্রহটাও যে বড় করতে হয়, সেটিই বোধ হয় মাথায় ছিল না বাংলাদেশের ব্যাটসম্যানদের। ২০ ওভারে ৭ উইকেটে ১২৪ রানের বেশি করতে পারেননি তাঁরা।
ওপেনিংয়ে নেমে মোহাম্মদ নাঈম ৫০ বল খেলেও ৪৭ রানের বেশি করতে পারেননি, তিন ও চারে আসা শামীম হোসেন ও আফিফ হোসেন মিলে ৪৪ বল খেলে করতে পারেননি ৪২ রানের বেশি। ইনিংসে ১২০ বলের মধ্যে ৯৪ বলই খেলেছেন প্রথম চার জনের মধ্যে তিন ব্যাটসম্যান, তবে তিনজনের কারওরই ব্যাটিং স্ট্রাইকরেট ১০০ পেরোয়নি। নতুন ব্যাটসম্যানের জন্য শট খেলা খুব একটা সহজ নয় এ উইকেটে, পাঁচে নামা মাহমুদউল্লাহও ১৪ বল খেলে ১৩ রান করার আদতে কিছু করার ছিল না এরপর আসা নুরুল হাসান বা মেহেদী হাসানের
ইনিংসের দ্বিতীয়, শাহনওয়াজ দাহানির আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ওভারে তাঁকে ফ্লিক করতে গিয়ে বোল্ড হন আজ ওপেনিংয়ে আসা নাজমুল হোসেন। তিনে নেমেই প্রথম বলে কাভার ড্রাইভে মারা চারের পর শামীম হোসেন মেরেছেন আরও তিনটি। তবে অন্যদিকে ধুঁকতে থাকা মোহাম্মদ নাঈমের ইনিংস একটা লাগামই পরিয়েছে বাংলাদেশের ব্যাটিংয়ে। পাওয়ার প্লেতে উঠেছে ৩৩ রান।
অন্যদিকে নাঈমের শ্লথগতির ইনিংসের কারণে ক্রমাগত আক্রমণের চেষ্টা ছাড়া উপায় ছিল না শামীমের। উসমান কাদিরের প্রথম ওভারে ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলতে গিয়ে ঠিকঠাক টাইমিং করতে না পেরে ডিপ মিডউইকেটে বাউন্ডারির বেশ ভেতরেই ধরা পড়েছেন এ বাঁহাতি, ২৩ বলে করেছেন ২২ রান। শেষ পর্যন্ত আক্রমণের চেষ্টা সফল হয়নি তাই তাঁর।
দুই বাঁ হাতির বিপক্ষে মোহাম্মদ ইফতিখারকে এনেছেন বাবর, তাঁর বিপক্ষে সুবিধাও করতে পারেনি চার বাঁহাতির সমন্বয়ে গড়া বাংলাদেশের টপ অর্ডার। ইফতিখার ৪ ওভারে দিয়েছেন মাত্র ১৩ রান। তাঁর আঁটসাঁট বোলিংয়ের পরও ব্যাটিং অর্ডারে পরের দিকে পরিবর্তন আনেনি বাংলাদেশ, মাহমুদউল্লাহর আগেই এসেছেন আফিফ।
পাওয়ারপ্লের ভেতরে কোনো বাউন্ডারি না মারা নাঈম খেলেছেন একটু অদ্ভুত ইনিংসই। খোলসবন্দী থেকেছেন, হঠাৎ আক্রমণ করেছেন, আবার ঢুকে গেছেন খোলসের ভেতরে। প্রথম ২১ বলে ১০ রান করার পর প্রথম বাউন্ডারিটি মেরেছিলেন এ বাঁহাতি— উসমান কাদিরের মাঝ-পিচে পড়া বলে টেনে মিডউইকেট দিয়ে ছয়। এক বল পর মেরেছেন আরেকটি চার, এরপর ৮ বল ছিলেন চুপচাপ। ফিরতি স্পেলে আসা দাহানিকে এরপর দারুণ টাইমিংয়ে কাট করে চার মারার পর আরেকটি বাউন্ডারি পেতে আরও ৫ বল অপেক্ষা করেছেন তিনি। কাদিরকে স্লটে পেয়ে আরেকটা ছয় মারার পর নাঈম খোলসে ঢুকে গিয়েছিলেন আরও ১০ বল। আরেকটি বাউন্ডারির অপেক্ষা অবশ্য ফুরোয়নি আর। মোহাম্মদ ওয়াসিমের লো ফুলটসে তুলে মারতে গিয়ে তুলেছেন ক্যাচ, নিজের বলে প্রায় ফাইন লেগে ছুটে গিয়ে ভালো ক্যাচ নিয়েছেন ওয়াসিম।
আফিফের ইনিংস দৈর্ঘ্যে ছোট হলেও নাঈমের মতোই। ১১ বলে ৫ রান করার পর উসমানের এক ওভারে দুই ছয়, এরপর বাউন্ডারি নেই কোনো। শেষ পর্যন্ত উসমানের গুগলিতেই টপ-এজড হয়ে ফিরতে হয়েছে তাঁকে, ২১ বলে ২০ রান করে। শেষের দিকে মাহমুদউল্লাহ ১৪ বলে করতে পেরেছেন ১৩ রান, নুরুলের সংগ্রহ ২ বলে ৪। অপরাজিত থাকা মেহেদী ৩ বলে করেছেন ৫ রান, আর শেষ বলে রান-আউট হওয়া আমিনুল ইসলাম ২ বলে ৩।
আগেই সিরিজ হেরে বসা বাংলাদেশ আজ নেমেছে তিন পরিবর্তন নিয়ে। চোটের কারণে নেই মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। বাদ পড়েছেন এ সিরিজেই অভিষেক হওয়া সাইফ হাসান। শামীম হোসেন ও নাসুমের আহমেদ ফিরেছেন একাদশে, অভিষেক হয়েছে শহীদুল ইসলামের।