দলে আছেন উইকেটকিপার হিসেবে। ম্যাচের অনেকটা সময় উইকেটকিপিং করেছেন, ক্যাচও নিয়েছেন। হঠাৎ করেই বোলিংয়ে এসে নিয়ে ফেললেন গোটা চারেক উইকেট! পাড়া-মহল্লার ক্রিকেটে এমন হয়, তাই বলে টেস্ট ক্রিকেটে! ১৮৮৪ অ্যাশেজের ওভাল টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ১০২ রান করা হেনরি স্কটের ক্যাচ নেন ইংলিশ উইকেটকিপার আলফ্রেড লাইটেলটন। অসিদের রানের গতিতে তবু বাঁধ দেওয়া যাচ্ছিল না, ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করে ফেলেন বিলি মারডক। বিরক্ত হয়ে প্যাড-ট্যাড খুলে বোলিং শুরু করেন লাইটেলটন, ১৯ রানের মধ্যে শেষ চার উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দেন ৫৫১ রানে! উইকেটকিপার হিসেবে ম্যাচ শুরু করা কোনো ক্রিকেটারের সেরা বোলিং এটাই। ওই টেস্টে বোলিং করেছিলেন ১১ জনই। উইকেটকিপার হিসেবে শুরু করে প্রথম শ্রেণীর ক্রিকেটে হ্যাটট্রিকও আছে দুজনের, ওডিশার বিপক্ষে পশ্চিমবঙ্গের খোকন সেন ও এসেক্সের বিপক্ষে ওয়ারউইকশায়ারের অ্যালান স্মিথ। প্রথম শ্রেণীর ক্রিকেটে জিম্বাবুয়ের টাটেন্ডা টাইবুর সেরা বোলিং ৪৩ রানে ৮ উইকেট, তবে ওই ম্যাচে তিনি কিপিং করেননি।