মাঝে ১৯ দিন পেরিয়েছে। মাঠ বদলায়নি, বদলায়নি দুই প্রতিপক্ষের নামও। কিন্তু ম্যাচের ফল বদলে গেল। ২ মার্চ এশিয়া কাপের ম্যাচে জয়ী দল ছিল পাকিস্তান। কাল টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ল ভারত। টুর্নামেন্টের নামের সঙ্গে বিশ্বকাপ আছে বলেই কি ম্যাচের ফল এভাবে বদলে গেল?
আসলে এটাকে ঠিক বিশ্বকাপ বলা যায় কি না, এ নিয়েও অনেক কথা আছে। ক্রিকেটের বিশ্বকাপ তো একটাই, ৫০ ওভারের। সেটির মাহাত্ম্যের সঙ্গে এই ২০ ওভারের বিশ্বসেরার লড়াইকে যাতে গুলিয়ে না ফেলা হয়, সে কারণেই আইসিসি এর আনুষ্ঠানিক নাম দিয়েছে ওয়ার্ল্ড টি-টোয়েন্টি। কিন্তু ওই যে নামের মধ্যে বিশ্ব কথাটা রয়ে গেছে, সেটিই যেন আরও একবার কাল হলো পাকিস্তানের।
কদিন আগে যে প্রতিপক্ষকে আফ্রিদির ছক্কায় মানসিকভাবে গুঁড়িয়ে দিয়ে জিতেছিল ৫০ ওভারের ম্যাচে, সেই প্রতিপক্ষের মুখোমুখি হয়ে কাল তারা কত সাধারণ! ভারতের বিপক্ষে এই বিশ্বকাপ গেরো কি আসলেই পাকিস্তান কখনো ছোটাতে পারবে না? সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ হাফিজের দিকে ধেয়ে আসা প্রথম প্রশ্ন যে এটাই হবে, তা আন্দাজ করা কঠিন কিছু ছিল না। জবাব দিতে গিয়ে পাকিস্তান অধিনায়ক অবশ্য হাঁটলেন নিরাপদ পথে, ‘বিশ্বকাপ বলে আমরা ওদের হারাতে পারব না, এমন কিছু আমাদের মাথায় ছিল না। আমরা এসব পাত্তা দিইনি। কিন্তু কাকতালীয়ভাবে এটা বিশ্বকাপের ম্যাচ এবং আমরা হেরেছি।’ ব্যাপারটা যদিও এখন ইতিহাসের অংশ হয়ে যাচ্ছে কিন্তু আসলে সে রকম কিছু নয়। এই ম্যাচেও পাকিস্তানের জন্য অনেক ইতিবাচক দিক আছে বলে মনে করেন হাফিজ।
বিশ্বকাপের ব্যাপারটা বাদ দিলেও এশিয়া কাপের সেই ম্যাচের তুলনায় এদিন অনেক ম্লান মনে হয়েছে পাকিস্তানকে। যেন ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানের ব্যাটসম্যানদের রান তোলাই দায়! দোষটা অবশ্য ব্যাটসম্যানদের ওপর না চাপিয়ে উইকেটের ওপর চাপালেন হাফিজ, ‘শুরুর দিকে এই উইকেটে ব্যাট করা কিছুটা কঠিন ছিল। তার পরও আমাদের ব্যাটসম্যানরা চেষ্টা করেছে। আমাদের লক্ষ্য ছিল এই উইকেটে দেড় শর বেশি রান তোলা। কিন্তু শেষের দিকে ছন্দ কেটে যাওয়ায় সেটা হয়নি।’ অবশ্য পরের দিকে এই উইকেটই কিছুটা ব্যাটিং-বান্ধব হয়ে উঠেছে বলে মনে করেন হাফিজ। যার সুবিধা নাকি পেয়েছে ভারত।
পাকিস্তানের ব্যাটিং আরও কঠিন করে দেওয়ায় ভূমিকা আছে অমিত মিশ্ররও। ৪ ওভারে এক মেডেনসহ মাত্র ২২ রানে ২ উইকেট নিয়েছেন ভারতীয় লেগ স্পিনার। ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ, পাকিস্তানের বিপক্ষে পাহাড়সম চাপে এমন পারফরম্যান্সে মিশ্র উচ্ছ্বসিত থাকবেন এটাই স্বাভাবিক। তবে তার সেরাটা বের করে আনার কৃতিত্বটা মিশ্র দিলেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে, ‘আমি দীর্ঘদিন দলের বাইরে থেকেছি। তখন ধোনি আমাকে সাহস দিয়েছে, সুযোগ এলে যাতে পারফর্ম করতে পারি সে জন্য তৈরি থাকতে বলেছে।’