স্পিন-বান্ধব পিচ চাই। শারজা টেস্টের আগে মিসবাহ-উল-হকের এই একটাই দাবি। আজ থেকে শুরু হওয়া তৃতীয় ও শেষ টেস্টটা জিতে সিরিজে সমতা আনতে অন্য কোনো উপায় যে জানা নেই পাকিস্তান অধিনায়কের। আবুধাবি ও দুবাইয়ে প্রথম দুই টেস্টে উইকেটের আচরণে হতাশ মিসবাহ শারজায় নিজেদের ভাগ্য সঁপেছেন ওই উইকেটের ওপরই, ‘এটা পুরোপুরিই নির্ভর করছে কন্ডিশন ও আমরা কেমন পিচ পাচ্ছি সেটার ওপর।’
আবুধাবিতে দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং করে ম্যাচ বাঁচানোর পর শ্রীলঙ্কা দুবাই টেস্টটা জিতেছে সিম বোলিং দিয়ে। পিচে স্পিন ধরছে না, মোটামুটি অকার্যকরই হয়ে গেছে পাকিস্তানের মূল অস্ত্র সাঈদ আজমল। শারজা স্টেডিয়ামের পিচও পূর্বাভাস দিচ্ছে শুধু শেষ দুই দিনে স্পিন ধরার। মিসবাহ এ নিয়ে উদ্বিগ্ন, ‘সত্যি বলতে, আমাদের শক্তির দিকটা দেখলে যেটা হলো স্পিন, আমরা পিচ থেকে কোনো সাহায্যই পাইনি। এটাই আমাদের ভাবাচ্ছে।’
শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস পিচ নিয়ে খুব একটা ভাবছেন না। পিচটা একেবারেই অন্যরকম মনে না হলে দলে কোনো পরিবর্তন আনতে চান না লঙ্কান দলপতি।
হোয়াটমোরের মতো শ্রীলঙ্কান কোচ গ্রাহাম ফোর্ডেরও এটা বিদায়ী টেস্ট। ম্যাচ জিতেই যে কোচদের বিদায় জানাতে চাইছে দুই দল, সেটা না বললেও হয়। এএফপি।