এজবাস্টনে অভিষেকেই উইকেটের সামনে-পেছনে যেমন খেলেছিলেন জুলকারনাইন হায়দার, মনে হচ্ছিল টেস্ট দলে ফেরা সহজ হবে না কামরান আকমলের। তবে জুলকারনাইনের আঙুলের চোট এক টেস্ট পরেই ফেরাল আকমলকে, আর ফিরেই ছুঁয়ে ফেললেন দারুণ একটি মাইলফলক। দ্বিতীয় পাকিস্তানি উইকেটকিপার হিসেবে টেস্টে করেছেন ২০০টি ডিসমিসাল। টেস্টে সবচেয়ে বেশি ডিসমিসালের ধারেকাছে যেতে অবশ্য এখনো অনেক পথ পাড়ি দিতে হবে আকমলকে। ৫০৪ ডিসমিসাল করে রেকর্ডটি মার্ক বাউচারের। দক্ষিণ আফ্রিকান উইকেটকিপার এখনো খেলছেন, সংখ্যাটা তাই আরও বাড়বে। ওভালের দুই ইনিংসে উইকেটের পেছনে দাঁড়িয়ে আকমল ক্যাচ নিয়েছেন ৪টি করে মোট আটটি। এক টেস্টে সবচেয়ে বেশি ক্যাচের রেকর্ডটি জ্যাক রাসেলের। ১৯৯৫ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১টি ক্যাচ নিয়েছিলেন ইংলিশ উইকেটকিপার। রাসেলের স্বদেশি বব টেলর ১৯৮০ সালে মুম্বাইয়ে নিয়েছিলেন ১০টি ক্যাচ। একবার ১০টি ক্যাচ নিয়েছিলেন অ্যাডাম গিলক্রিস্টও, ২০০০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনে।